জামালও ফরাশগঞ্জের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেসিংরুমে বাঁধভাঙা আনন্দ। গোল হয়ে নাচছেন আরাফাত, হেনরি চিন্ডো, মলয় বর্মণরা। জার্সি বদলাতে বদলাতে কেউ একজন বলে উঠলেন, ‘চুপ, চুপ।’ কিন্তু এমন আনন্দের দিনে চুপ করে থাকে কোন বেরসিক? ফিরতি পর্বের শুরুতেই মুক্তিযোদ্ধাকে হারিয়ে চমক দেখানো ফরাশগঞ্জ যে কাল ২-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডিকে! নীরবতা নয়, চ্যাম্পিয়নদের হারিয়ে গলা ছেড়েই কোরাস গাইলেন সবাই। জোড়া গোল করে জয়ের নায়ক কঙ্গোলিজ স্ট্রাইকার সিও জুনাপিও। শেখ রাসেলকে হারিয়ে গত বছর স্বাধীনতা কাপ জিতেছিল ফরাশগঞ্জ। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার রেশ কর্পূরের মতো উবে যেতে থাকে পেশাদার লিগে। প্রথম পর্বে মাত্র একটাই জয়। সেটাও গত মার্চে, ফেনী সকারের বিপক্ষে। পরের ছয় ম্যাচ জয়হীন দলটি পয়েন্ট তালিকার তলানিতে থেকে শেষ করে প্রথম পর্ব। ক্লাবের অভ্যন্তরীণ কোন্দলের জেরে কোচ কামাল বাবুও প্রথম পর্বের শেষ দুই ম্যাচে ছিলেন গ্যালারিতে। অবনমনের শঙ্কায় ভোগা দলটিই কিনা টানা দুটি অঘটন ঘটিয়ে দিল। কালকের জয়ে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৮ থেকে উঠে এল তালিকার ছয়ে। ১২ পয়েন্ট নিয়ে শেখ জামাল নামল আটে।আগের ম্যাচে টাঙ্গাইলে বিজেএমসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে শেখ জামাল। কিন্তু কাল দলটির মধ্যে জয়ের তাড়না দেখা যায়নি। মধ্যবর্তী দলবদলে নেওয়া নতুন বিদেশিদের পারফরম্যান্সও আহামরি ছিল না। শিরোপা-দৌড় থেকে আগেই ছিটকে পড়া দলটির এমন ছন্নছাড়া মানসিকতারই সুযোগ নিয়েছে ফরাশগঞ্জ। মুক্তিযোদ্ধার বিপক্ষে একমাত্র গোলদাতা জুনাপিও পুরো ম্যাচ দাপিয়ে খেলেছেন। ১৯ মিনিটে আরাফাতের বাড়িয়ে দেওয়া বল ঠান্ডা মাথায় জালে ঠেলে দেন জুনাপিও (১-০)। এগিয়ে গিয়ে ফরাশগঞ্জ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ২৪ মিনিটেই ব্যবধান দ্বিগুণ হতে পারত। নিজেরই শট শেখ জামাল গোলরক্ষক অসীমের হাত ফসকে বেরিয়ে গেলেও ফিরতি বল জালে ঠেলতে পারেননি। প্রথমার্ধে একবারই ভালো সুযোগ পেয়েছিল জামাল। ৩১ মিনিটে অরূপ বৈদ্যের ক্রসে সোহেল রানা হেড করলেও শেষ পর্যন্ত দারুণ দক্ষতায় লুফে নেন ফরাশগঞ্জের গোলরক্ষক শাকিল। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জুনাপিও, বল জোগানদাতা চিন্ডো (২-০)। শেষের মিনিট বিশেক গোল শোধের প্রাণান্ত চেষ্টা করেছে শেখ জামাল। ৭৭ মিনিটে এরিকের হেড অসাধারণ নৈপুণ্যে সেভ করেন শাকিল।চোটের কারণে খেলেননি শেখ জামালের নিয়মিত গোলরক্ষক আমিনুল। হারের পেছনে এটিও প্রভাব ফেলেছে বলে মনে করেন কোচ আবু ইউসুফ, ‘আমিনুল দলে না থাকলে সেটার প্রভাব খেলায় পড়াটাই স্বাভাবিক। অন্যরাও ভালো খেলেনি। কেন এমন হচ্ছে, জানি না।’ উচ্ছ্বসিত ফরাশগঞ্জ কোচ কামাল বাবু এখন নতুন আশায়, ‘এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই!’শেখ জামাল: অসীম, ইউসুফ, মিশু, কোমল, অরূপ, সোহেল রানা, মাসুদ রানা, রায়হান, এরিক, আলী আহমেদ, জামিল, কেস্টার।ফরাশগঞ্জ: শাকিল, মামুন, মনি, রাজীব, সাইদ, মলয়, আরাফাত, পিটার, আলবান, জুনাপিও, চিন্ডো।আজকের খেলামুক্তিযোদ্ধা-ফেনী সকার, (বিকেল ৪-১৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)