জামালকে নিয়ে তিনে সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাটা দিল্লিতে হচ্ছে বলেই স্বপ্ন দেখার সাহস পাচ্ছেন সিদ্দিকুর রহমান। সর্বশেষ এশিয়ান ট্যুর শিরোপাটা যে এখানেই হাতে তুলেছিলেন বছর দুয়েক আগে। এবারও দিল্লি গলফ কোর্সে অনুষ্ঠানরত প্যানাসনিক ওপেনে ভালো খেলে চলেছেন। কাল দ্বিতীয় রাউন্ডেও ছিলেন দারুণ। দিন শেষে লিডারবোর্ডে তিনজনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন পারের চেয়ে দুই শট কম খেলে। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলে তিনে সিদ্দিকুর। কাল তিনি চারটি বার্ডি ও দুটি বগি করেছেন।
বাংলাদেশের আরেক গলফার জামাল হোসেনও সমানতালে এগোচ্ছেন সিদ্দিকুরের সঙ্গে। আগের দিন লিডারবোর্ডের ২৬তম স্থান থেকে এক লাফে উঠে এসেছেন তিনে! পরশু প্রথম রাউন্ডে জামাল পারের চেয়ে এক শট কম খেলেছিলেন। কাল দ্বিতীয় রাউন্ডে খেলেছেন পাঁচ শট কম। সব মিলিয়ে ছয় শট কম খেলে যৌথভাবে তিনে জামাল। কাল বগিবিহীন দিন কাটানো জামাল পাঁচটি বার্ডি করেছেন। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সিদ্দিকুরের মতো জামালও হয়তো শিরোপাস্বপ্ন দেখতে পারেন। এই টুর্নামেন্টে খেলা আরেক বাংলাদেশি দুলাল হোসেন অবশ্য কাট মিস করেছেন।
সিদ্দিকুর নিজের খেলা নিয়ে দারুণ খুশি। কাল দিল্লি থেকে মুঠোফোনে বলছিলেন, ‘এটা আমার ফেবারিট কোর্স। এখানে আমার স্বাভাবিক খেলাটাই খেলতে চাই, যেটি দুই দিন খেলতে পেরেছি। শিরোপা জিততেই হবে এমন কোনো লক্ষ্য নিয়ে কোর্সে নামি না বলেই অনেকটা নির্ভার খেলতে পারছি। তবে এটা সত্যি আমার স্বাভাবিক খেলাটা খেলতে পারলে যেকোনো কিছুই হতে পারে। আপাতত আমার নজর পরের দুই দিনের খেলায়।’
এই টুর্নামেন্টে পিঠের ব্যথা অবশ্য সিদ্দিকুরের সঙ্গে শত্রুতা করেনি, ‘এখন আমি অনেকটাই ভালো অনুভব করছি। এখানে খেলতে কোনো সমস্যা হচ্ছে না।’