জামালকে মনে ধরেছে ক্রুইফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য নিয়ে কথা বলতে নারাজ ক্রুইফ। তবে প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়া সম্পর্কে কাল কিছু না বলে পারলেন না। সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনের পর এক প্রশ্নে ডেনমার্কে বেড়ে ওঠা মিডফিল্ডারকে নিয়ে ডাচ কোচের মন্তব্য, ‘তাকে আমার ভালোই লেগেছে।’ দুই দিন আগে সহকারী কোচ রেনে কোস্টারের মুখেও শোনা গেছে জামালের প্রশংসা, ‘শারীরিকভাবে সে ফিট। এটা তার জন্য বড় সুবিধা।’

আগেরবার পাসপোর্ট জটিলতায় ফিরে গেলেও এবার জাতীয় দলে খেলার পণ করেই এসেছেন ২৩ বছরের তরুণ। একই স্বপ্ন নিয়ে সিডনিপ্রবাসী আরেক ফুটবলার আনন্দ রহমান অবশ্য এখানকার গরম আর অনুশীলনের চাপ সইতে না পেরে ক্যাম্প ছেড়েছেন। কোচের নজর কেড়ে জামাল টিকে আছেন বেশ ভালোভাবেই। গত পরশু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছিলেন ডি ক্রুইফ। গতকাল থেকে সাফ ফুটবল দলকে অনুশীলন ম্যাচ খেলালেন। বুধবার দ্বিতীয় অনুশীলন ম্যাচ। লক্ষণীয় বিষয়, কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপে গোলপোস্টে তরুণ সোহেলকে রেখেছিলেন ডি ক্রুইফ। কালকের অনুশীলন ম্যাচে সেই সোহেল বেঞ্চে। দুই পোস্টে গোলরক্ষক ছিলেন বিপ্লব ও মামুন খান। এতে বোঝা যাচ্ছে, বিপ্লব, মামুনে বেশি আস্থা কোচের। অনুশীলন ম্যাচ শেষে বেরিয়ে এল ডি ক্রুইফের একটা সামগ্রিক মূল্যায়ন, ‘আমার কাছে টিমওয়ার্ক ভালোই লেগেছে। তবে শেষ কুড়ি মিনিট খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি দেখলাম। এটা নিয়ে কাজ করতে হবে। সাফের আগে প্রায় দুই মাস সময় পাচ্ছি। আশা করছি, খেলোয়াড়দের ফিটনেস ভালো একটা পর্যায়ে নিতে পারব।