জামালের আটের পরে চার
তিন দিন আগে প্রিমিয়ার ফুটবল লিগে উত্তর বারিধারাকে ৮-০ গোলে হারিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপের গ্রুপ পর্বে দুই দল আবারও মুখোমুখি হলো কাল। এবার ব্যবধানটা কমাতে পেরেছে প্রিমিয়ার লিগের নবাগতরা, হারল ৪-০ গোলে। লাল কার্ডের খড়্গে আগের ম্যাচে খেলতে পারেননি সনি নর্দে। কাল ফিরেই জ্বলে উঠলেন শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড। করেছেন দুটি গোল। আগের ম্যাচে চার গোল পাওয়া এমেকা ডার্লিংটন ও সোহেল রানা করেছেন বাকি দুই গোল।
আবাহনীকে জেতালেন প্যাট্রিক: আরামবাগকে ২-০ গোলে হারিয়ে স্বাধীনতা কাপ ফুটবল শুরু করেছে শিরোপাপ্রত্যাশী আবাহনী। দুটি গোলই করেছেন প্যাট্রিক একেলে। রেফারি ভুবন তরফদারকে গালি দিয়ে ৪৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আরামবাগের মিডফিল্ডার মনোয়ার। আরামবাগের ১০ জনের দল হয়ে পড়ার সুযোগটা কাজে লাগিয়েছে আবাহনী।
আজকের খেলা: ব্রাদার্স-চট্টগ্রাম আবাহনী, ফেনী সকার-রহমতগঞ্জ (বিকেল ৪টা ও ৬টা; বঙ্গবন্ধু স্টেডিয়াম)