জামালের জন্য বিপদসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন শেখ জামাল লিগে ধুঁকছে। বিজেএমসির কাছে হার দিয়ে লিগ শুরু। ফরাশগঞ্জের বিপক্ষে জিতলেও তৃতীয় ম্যাচটায় আবার হোঁচট। ফেনী সকারের সঙ্গে কাল ১-১ ড্র। লিগ চ্যাম্পিয়নদের চলার পথটা শুরুতেই কণ্টকাকীর্ণ।৮ মিনিটে দুই বিদেশির যুগলবন্দিতে জামাল এগিয়ে যায়। ফেমির কর্নারে কেস্তারের হেডে লক্ষ্যভেদ। এরপর দলটাকে আর ম্যাচেই পাওয়া যায়নি। গোটা দলকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত মনে হয়েছে। মাঝমাঠ এত নিষ্প্রভ ছিল যে শক্তিতে পিছিয়ে থাকা সকারের মতো দল বেশির ভাগ সময় প্রাধান্য নিয়েই খেলল। সকারের তরুণ শাহেদ, ইয়াসিন, অভিজ্ঞ নয়নরা পাসিং ফুটবল খেললেন। জামালের সবচেয়ে বড় সমস্যাটা দেখা যাচ্ছে, রানিং নেই। মেধার ছাপও দুর্লভ। প্রতিপক্ষ বেশি দৌড়াচ্ছে এবং সুযোগ তৈরি করে চাপে ফেলছে। এদিন আবার জামালের ডিফেন্ডার ইমানুয়েল আউক ছিলেন না। এর ফলে রক্ষণকাজেও দলটা বেকায়দায় পড়েছে। ছোট দলগুলো মাঠে আসেই পয়েন্ট কাড়তে। বড় দলের কোচরা বলে আসছিলেন, সর্বোচ্চ সতর্কতা নিয়ে দাঁড়াতে হবে ছোট দলের সামনে। সেটি কতটা ফলে যাচ্ছে, কালকের সকারই তার প্রমাণ। গোল শোধের জন্য মরিয়া সকার ৭৬ মিনিটে গোলটা বের করে ফেলল। লিটনের ফ্রিকিকে জামালের বক্সে বলটা নামিয়ে দেন রোলান্ড। দুই মিনিট আগেই বদলি হিসেবে নামা তরুণ ইকবালের শট জামালের জালে। ম্যাচের গতিপ্রকৃতি বলছে, স্ট্রাইকাররা সুযোগ নষ্ট না করলে ফেনী সকার কাল জিতেই মাঠে ছাড়তে পারত। শেখ জামালকে গত লিগের দ্বিতীয় পর্বে নিজেদের মাঠে রুখে দিয়েছিল এই সকার। টানা দুটি ড্র। এরপর শেখ রাসেলের সঙ্গে ঢাকায় ১-১, নিজেদের মাঠে মুক্তিযোদ্ধার কাছে আগের ম্যাচটায় হারের পর কালকের এক পয়েন্ট। দুটি বড় দলের কাছ থেকে দুই পয়েন্ট কেড়ে নিতে পারা সকারের জন্য উজ্জীবনী শক্তি। অথচ দেখুন, দলটা ঢাকায় এসে থাকবে কোথায়, সেই চিন্তাতেই কাটে। শেখ জামালের মতো অত সুযোগ-সুবিধা পায় না। ফকিরেরপুলের হোটেলে কোনোরকমে মাথা গুজতে পারলেও অনুশীলন করবে কোথায়, সে আরেক চিন্তা সকারের। এসব প্রতিকূলতা ডিঙ্গিয়ে বড় দলের সঙ্গে ড্র মানে জয়ের সমানই সকারের কাছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের পর সকারের কোচ রেজাউল হকের কথায়ও ঝরল খানিক গর্ব, ‘আমরা তো জিততেও পারতাম।’ জামালের কোচ সাইফুল বারী স্বাভাবিক কারণেই বেশ হতাশ, ‘এভাবে খেললে আরও বিপদ আছে আমাদের। রানিং এবং দলীয় সমন্বয় বাড়ানোর বিকল্প নেই।’ শেখ জামাল: আমিনুল, মিন্টু শেখ, ভাষানী, ইউসুফ, রায়হান, ফেমী (সবুজ), রাজু (সোহেল রানা), অ্যালেন, কমল, স্টিভ টমাস, কেস্তার ফেনী সকার: উজ্জ্বল, লিটন, মোস্তাফা কাবা, ইয়াসিন, শাহেদ (ইকবাল), নয়ন, মওদুদ, আলাউদ্দিন, রাজীব, রোলান্ড, ভিক্টর, পউলিন।