জামালের জালে ফেনীর গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ৩০ গজ দূর থেকে অসাধারণ গোল করেছেন শেখ জামালের মিডফিল্ডার ওকেমিরি (মাঝে)। তাঁকে অভিনন্দন জানাতে ছুটে এলেন সতীর্থ ডার্লিংটন ও আলী আবদুল্লাহ। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে   প্রথম আলো
প্রায় ৩০ গজ দূর থেকে অসাধারণ গোল করেছেন শেখ জামালের মিডফিল্ডার ওকেমিরি (মাঝে)। তাঁকে অভিনন্দন জানাতে ছুটে এলেন সতীর্থ ডার্লিংটন ও আলী আবদুল্লাহ। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম আলো

ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত ৪ গোলে এগিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হঠাৎ করেই ছন্দপতন। বাকি ৮ মিনিটে ২ গোল শোধ করে ফেনী সকার! আরও কিছু সময় পেলে কি খেলাটা ড্র হতো? ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ঢুকেই এমন প্রশ্নের মুখে পড়েন শেখ জামালের কোচ যোসেফ আপুসি। হাসিমুখে সম্ভাবনাটাকে উড়িয়েই দিলেন তিনি, ‘আমি তা মোটেও বিশ্বাস করি না।’
আপুসির মধ্যে এই আত্মবিশ্বাস থাকতেই পারে। কেননা লিগে এ পর্যন্ত খেলা তিনটি ম্যাচই শেখ জামাল জিতেছে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় সনি নর্দেকে ছাড়াই। মাত্র এক ম্যাচে ৬৫ মিনিট খেলেছেন মামুনুল ইসলাম। শেখ রাসেল, আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধার মতো শিরোপাপ্রত্যাশী দলগুলো পয়েন্ট খোয়ালেও টানা তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জামাল।
ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় নর্দেকে। ফাইনালে খেললেও পরের সব ম্যাচে দর্শক। আপাতত তিনি খেলার জন্য ফিট। মামুনুলও সুস্থ। কিন্তু দুজনকেই বিশ্রামে রেখেছেন কোচ। কাল সুযোগ দিলেন রিজার্ভ বেঞ্চের তকলিচ, কেষ্টদের। এমনকি নিয়মিত গোলরক্ষক জিয়াউর রহমানকে উঠিয়ে ৭১ মিনিটে নামান দ্বিতীয় গোলরক্ষক মাজহারুলকে। এরপরই অবশ্য দুটি গোল খেয়েছে জামাল। তবে এ জন্য গোলরক্ষকের চেয়ে ডিফেন্ডারদের দায়ই বেশি।
দুটি গোল খেলেও হারের শঙ্কায় জামাল ভোগেনি। ২৭ মিনিটে জামালকে প্রথম এগিয়ে নেন মোবারক (১-০)। ওয়েডসনের কর্নারে উড়ে আসা বলে দর্শনীয় হেডে গোল করেন এই উইঙ্গার। ৪৫ মিনিটে বক্সের মধ্যে ওয়েডসনকে অবৈধভাবে ফেলে দেন আকরামুজ্জামান লিটন। প্রাপ্ত পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েডসনই (২-০)। ৬২ মিনিটে নিজের জায়গা ছেড়ে খানিকটা বেরিয়ে আসেন ফেনীর গোলরক্ষক নেহাল। সুযোগটা কাজে লাগিয়ে ৩-০ করেন লিগের সর্বোচ্চ গোলদাতা ডার্লিংটন। লিগে এটি তাঁর ষষ্ঠ গোল। ৭০ মিনিটে প্রায় ৩০-৩৫ গজ দূর থেকে শটে স্মরণীয় এক গোল করেন ওকেমিরি (৪-০)। ৮২ মিনিটে সকারের হয়ে বদলি মতিউর হেড থেকে ব্যবধান কমিয়েছেন (৪-১)। আর শেষ মিনিটে পেনাল্টি থেকে ৪-২ করেছেন অভিজ্ঞ আজমল হোসেন বিদ্যুৎ।
তিন ম্যাচ থেকে ফেনীর সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। একমাত্র বিদেশি স্ট্রাইকার ওয়াসিউ ওকালান চোটের কারণে পুরো সময় খেলেননি। তাঁর অভাবটা ভালোই উপলব্ধি করেছেন কোচ ওমর সিসে, ‘স্ট্রাইকার একটা বড় সমস্যা আমাদের। তার পরও দেশি খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছি। তা ছাড়া শেখ জামাল খুব শক্তিশালী দল।’ লিগের এই দুর্দান্ত পারফরম্যান্সজাত আত্মবিশ্বাস ২৯ জানুয়ারি শুরু কলকাতার আইএফএ শিল্ডে কাজে লাগাতে চান শেখ জামাল কোচ আপুসি।
শিল্ডের জন্য নাইজেরিয়া থেকে নতুন স্ট্রাইকার হুগো চার্লিসকে ঢাকায় আনছে ক্লাবটি।