জামালের প্রথম, মুক্তির দ্বিতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলেরই চোখ শিরোপায়। শেখ জামালের জন্য শিরোপা ধরে রাখার কঠিন লড়াই। মুক্তিযোদ্ধার প্রথমবারের মতো পেশাদার লিগ ঘরে তোলার স্বপ্ন।২০ ম্যাচের লম্বা লিগ। অনেক কিছুই ঘটতে পারে। তার পরও প্রথম ম্যাচে বিজেএমসির কাছে হেরে একটা ধাক্কাই খেয়েছে শেখ জামাল। তবে ছন্দে না থেকেও দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জের বিপক্ষে ২-০ জয় স্বস্তিই দিয়েছে দলটিকে।মুক্তিযোদ্ধার শুরুটা অবশ্য মসৃণই যাচ্ছে। ফরাশগঞ্জকে ঢাকায় হারানোর পরে কাল ফেনীতে স্থানীয় ফেনী সকারের বিপক্ষে জিতল ২-০-তে। প্রথম দুই ম্যাচে পুরো ছয় পয়েন্ট—বেশ উজ্জীবিতভাবেই এগিয়ে চলেছে মুক্তিযোদ্ধা।দুই দলই দ্বিতীয় গোলটা পেয়েছে শেষ মুহূর্তে। তার আগ পর্যন্ত দুই দলই একটু হলেও দুর্ভাবনায় পড়ে গিয়েছিল। কেস্তার গোল করে চিন্তা দূর করেছে জামালের। মুক্তিযোদ্ধাকে অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটা এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লিমা।শেখ জামাল-মুক্তিযোদ্ধার আরেক জায়গায় মিল। দুই দলেরই প্রথম গোলদাতা একজন ডিফেন্ডার। মিশুর গোলে জামাল এগিয়ে যায় ৩৪ মিনিটে। মুক্তিযোদ্ধার হয়ে আরিফুল প্রথম গোলটা করেন ৬৪ মিনিটে। স্ট্রাইকাররা ব্যর্থ না হলে দুই দলই ২-০ করে ফেলতে পারত প্রথমার্ধেই।অমিল একটা জায়গায়—ঢাকার ম্যাড়মেড়ে ম্যাচটা শেষ দিকে উত্তেজনা ছড়িয়েছে। উপলক্ষ্য—ফরাশগঞ্জের অফসাইড গোল। ফরাশগঞ্জ অধিনায়ক জুয়েলের শট সেভ করেন শেখ জামাল গোলরক্ষক আমিনুল। ফিরতি বলে পাশবনের পাস থেকে জুনাপিউর টোকায় জামালের জালে। তখন পাশবন অফসাইডে ছিলেন ধরে পতাকা তোলেন সহকারী রেফারি মুনাফ সরকার।আর যায় কোথায়! ফরাশগঞ্জ শিবিরে জ্বলে উঠল ক্ষোভের আগুন। কোচ কামাল বাবু তো বটেই, কর্মকর্তারা সবাই মিলে একহাত নিলেন রেফারিদের। তাঁদের অভিযোগ, রেফারিরা বড় দলকে জেতাতেই মাঠে আসেন! ম্যাচের পর অনেক গালাগালও হজম করতে হয়েছে রেফারি জসিমউদ্দিন এবং তাঁর সহকারীদের।ফেনীর মাঠে এমন কিছু ঘটেনি। সেখানে মুক্তিযোদ্ধার ক্ষোভ ছিল মাঠ নিয়ে। ফেনী স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলছিল এত দিন। পরিচর্যার অভাবে মাঠের অবস্থা খুবই খারাপ—ফেনী থেকে ফোনে এই অভিযোগ তুলে ধরলেন মুক্তিযোদ্ধার সহকারী কোচ মোহাম্মদ পনির। তাঁর দেওয়া তথ্য, সকালে মাঠে মাটি ফেলে রোলিং করে বিকেলে খেলা চালানো হয়েছে।‘মুক্তিযোদ্ধা এই ম্যাচটা ভালো খেলেছে’—জানালেন পনির। দুটি গোলই তাঁকে মুগ্ধ করেছে। তবে শেখ জামালের কোচ সাইফুল বারী নিজের দলের খেলায় মোটেও খুশি নন, ‘খেলোয়াড়দের ছন্দ নেই একেবারেই। দলীয় সমন্বয়ও ভালো ছিল না।’সাইফুল চান, হিট অ্যান্ড রান। শেখ জামালের খেলায় এটা দেখা যায়নি। একটু নিষ্প্রভই লাগল জামালকে। আগের ম্যাচে লাল কার্ড দেখায় বাইরে ছিলেন অ্যালান। তাঁর শূন্যতাটা বোঝা গেছে মাঝমাঠে।