জামালের লাল-সবুজ স্বপ্ন
কোপেনহেগেনে ফোনের অন্য প্রান্তে জামাল ভূঁইয়া একটা প্রশ্নেরই কেবল উত্তর দিলেন না। মা-বাবার নাম বলতে আপত্তি! এ ছাড়া আর সব কৌতূহলই মেটালেন। ভাঙা ভাঙা বাংলা বলতে পারেন, ইংরেজিতেই স্বচ্ছন্দ।১৯৯০ সালে ডেনমার্কের রাজধানীতে জন্ম নেওয়া জামাল ভূঁইয়া মা-বাবার সূত্রে বাংলাদেশি। এই প্রেক্ষাপটেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার আবেদন জানিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের দুটি ম্যাচের প্রাথমিক দলে তাঁকে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২৯ জুন ও ৩ জুলাই হবে ম্যাচ দুটি। লাল-সবুজ গায়ে তুলে এখন পুরোদস্তুর বাংলাদেশি হওয়ার অপেক্ষায় ২১ বছরের এই তরুণ।কাল রাত সাড়ে আটটায় ঢাকা থেকে ফোনে ধরা হয় জামালকে। কোপেনহেগেনে তখন বেলা তিনটা। স্কুল থেকে ফিরছেন। স্কুল মানে শিক্ষকতা পেশায় ঢোকার দীক্ষা নিচ্ছেন। তিন বছরের কোর্স। দেড় বছর পার হয়েছে। ‘আর দেড় বছর পর আমি পেশায় একজন শিক্ষক হয়ে যাব’—বললেন জামাল।বিষয়—সামাজিক যোগাযোগ। যুবকদের সঠিক পথে আনার শিক্ষা দেবেন। ‘আমার শিক্ষকতা পেশায় অনেক কাজের একটি হলো অপরাধী তরুণদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করা’—মনে হলো এই পেশা নিয়ে তাঁর নিজেরও বেশ আগ্রহ রয়েছে।জামালের বাবা ষাটের দশকের শেষ দিকে কোপেনহেগেন যান। বাড়ি কিশোরগঞ্জে। বিয়েও করেছেন কিশোরগঞ্জেরই মেয়েকে। বিয়ের পর তাঁরা কোপেনহেগেনে বসত গড়েন। সেই থেকে সেখানেই বসবাস। ব্যবসা করেন দুজনই। তাঁদের কোনো মেয়ে নেই। তিন ছেলের বড়জন জামাল। তাঁর ছোট দুজন ব্যবসা করেন। আর জামাল বেছে নিয়েছেন ফুটবল। বাংলাদেশি বংশোদ্ভূত অনেক তরুণই অপেশাদার কিংবা বড়জোর আধাপেশাদারি ফুটবল খেলেন বিদেশের মাটিতে। বিশেষ করে ইংল্যান্ডে বাংলাদেশিদের অপেশাদার লিগও আছে। জামাল জানাচ্ছেন, ‘আমি কোপেনহেগেনের সবচেয়ে বড় দল ‘এফসি কে’-এর যুব দলে ঢুকি ১৪ বছর বয়সে। তারপর সেই দলে খেলার পর ইনজুরিতে পড়ে বছর দেড়েক বাইরে ছিলাম। এখন খেলছি দ্বিতীয় বিভাগের দল এইচআইকেতে। এই ক্লাবে মাসে বেতন পাই ১৫০০ মার্কিন ডলারের মতো। জিতলে বোনাসও পাই।’বাংলাদেশে এসেছেন অনেকবারই। সর্বশেষ দুই বছর আগে। কিশোরগঞ্জ আর ঢাকাতেই ছিলেন। তবে বাংলাদেশের ফুটবল সম্পর্কে কোনো ধারণা নেই। বাংলাদেশ জাতীয় দলে খেলার ইচ্ছে কেন হলো? ‘আমার মা-বাবা চান, আমি বাংলাদেশের হয়ে খেলি। সেজন্যই আবেদন করেছি’—বললেন তিনি। তবে তাঁকে অনুশীলনে দেখার পর কোচই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে সময়মতো কোচ তাঁকে পাবেন তো? ‘আমি সম্ভবত সপ্তাহ দুয়েক পর বাংলাদেশে যেতে পারব। বাংলাদেশের হয়ে খেলতে আমার বাংলাদেশি পাসপোর্ট লাগবে। ঢাকায় গিয়েই সেই পাসপোর্ট নিতে চাই।’