
শক্তির পাল্টা জবাব হতে পারে সাহস। সেটিকে সঙ্গী করেই ক্ষুরধার শেখ জামালের সামনে দাঁড়াচ্ছে আজ মুক্তিযোদ্ধা। ফেডারেশন কাপের ফাইনালটা তাই শক্তির আর সাহসের অনবদ্য এক লড়াই-ই হতে পারে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
শেখ জামালের শক্তি এমনই যে, এই দলের কাছে ২৮তম ফেডারেশন কাপের সেমির প্রথমার্ধেই তিন গোল খেয়ে বসে আবাহনী। আরেক বড় দল মোহামেডান কোয়ার্টার ফাইনালে তিন গোলের ভারী বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরে। জামালের এমন সুসময়ে কাগজের শক্তিতে পাঁচ নম্বর মুক্তিযোদ্ধার তো ভয়েই কাঁপার কথা। তবে নয় কোটি টাকার দলের সামনে তিন-চার কোটি টাকার দল মৌসুমের প্রথম টুর্নামেন্ট জিততে নামছে, সেটিই তো অনেক!
কিন্তু সরল সমীকরণ সব সময় চলে না। ক্রিকেটে সব সময়ই বলা হয়, নিজেদের সেরা দিনে শক্তিশালী যেকোনো প্রতিপক্ষকে হারাতে পারে বাংলাদেশ। আজকের ম্যাচে মুক্তিযোদ্ধার বেলায়ও কথাটা প্রযোজ্য। এই টুর্নামেন্টে দারুণ খেলছে দলটি। তার ওপর বিজয়ের মাস চলছে, যেটি বাড়তি প্রেরণাও মুক্তিযোদ্ধার জন্য।
সেই প্রেরণা কতটা কাজে আসবে কে জানে। তবে শেখ জামাল প্রচুর গোলাবারুদ নিয়েই ঝাঁপিয়ে পড়বে মুক্তিযোদ্ধার ওপর। সনি নর্দে, ওয়েডসন আর ডার্লিংটন, আক্রমণভাগের এই ত্রয়ী মুক্তির মেরুদণ্ড ভাঙার শক্তি রাখে। টুর্নামেন্টে চার ম্যাচে সাত গোল করা অপ্রতিরোধ্য নর্দে তো একাই এক শ। সাধারণভাবে দেখলে বলতেই হয়, নর্দে বনাম মুক্তিযোদ্ধা ফাইনালই হচ্ছে আজ বিকেল পাঁচটায়।
তবে শেখ জামাল দল হিসেবে এতটাই ভারসাম্যপূর্ণ যে, নর্দেকে নজরবন্দী করতে পারলেও হয়তো ম্যাচ জিতিয়ে নিলেন তাঁর
হাইতিয়ান স্বদেশি ওয়েডসন। নর্দেকে অবশ্য রুখতে পারবে মুক্তির রক্ষণ, এটা মনে করা বাড়াবাড়ি। কিন্তু মুক্তিযোদ্ধা যদি তাতে সফল হয়?
শেখ জামাল কোচ যোসেফ আপুসি অত দূর ভাবতে চান না। কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তাঁকে বেশ আত্মবিশ্বাসীই লাগল ‘নর্দেই তো সব নয় আমাদের। আমরা ১১ জন খেলি। ১১ জনের চেষ্টায় আমরা জিতব আশা করি।’ আপুসির ৪-৩-৩ আক্রমণাত্মক ছক প্রতিপক্ষকে ধ্বংস করতে কার্যকর হচ্ছে মাঠে। মামুনুলের মতো সৃজনশীল মিডফিল্ডার আছে তাঁর হাতে। মামুনুলও কোচকে নির্ভরতা দিচ্ছেন, ‘আমরা নিজেদের খেলাটা খেলতে পারলেই ট্রফি জিতব আশা রাখছি। এই মৌসুমের সব ট্রফি জেতাই আমাদের কর্তব্য।’
সত্যি কথা বলতে, মুক্তিযোদ্ধার এত দূর আসা এক অর্থে বোনাস। তবে শিরোপার কাছে এসে যুদ্ধে কেন ঝাঁপাবে না তারা? কোচ শফিকুল ইসলাম মানিক তো নিজের শেষ চালটা দিতে তৈরি। বরাবরের মতো তাঁর চতুর ম্যাচ পরিকল্পনার ওপরই মুক্তিযোদ্ধার ভাগ্য অনেকটা ঝুলছে। নর্দেকে কীভাবে আটকাতে পারেন, শফিকুলকে আজ এসব নিয়েই বেশি ভাবতে হবে।
সংবাদ সম্মেলনে শফিকুল জোর দিয়েই বলে গেলেন, ‘নর্দেকে আটকানো থেকে শুরু করে প্রয়োজনীয় সবই করব আমরা।’ শফিকুল পাঁচ মিডফিল্ডারই বেশি খেলান। কাজেই মাঝমাঠ আক্রমণ গড়তে যথেষ্টই সক্রিয় থাকে। কিংসলে নামের দুই স্ট্রাইকার গোলের মধ্যে আছেন। মুক্তিযোদ্ধার অধিনায়ক মারুফ আহমেদের মুখে তাই জয়ের আশা, ‘আমাদের দুই স্ট্রাইকারই ভালো। কাজেই গোল বের করতে পারি আমরাও। ম্যাচটা ৫০-৫০ মনে করছি, দলীয় সমন্বয় ধরে রেখে শেখ জামালকে আমরা কঠিন লড়াইই উপহার দেব। আমাদের বড় শক্তি সাহস।’
২০০৫ সালের পর এই প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠে মুক্তিযোদ্ধা মরণকামড় দেবে স্বাভাবিক। অন্যদিকে টানা চতুর্থবার ফেডারেশন কাপের শেষ লড়াইয়ে শেখ জামাল। দ্বিতীয়বারই তারা ট্রফি জিতেছে। হারানো শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ার সঙ্গে এবার নিজেদের সেরা প্রমাণ করার তাগিদ আছে। সেটি ভালোই জানেন আজকের ম্যাচেরও সেরা আকর্ষণ সনি নর্দে। ফাইনালেও তাঁর জ্বলে ওঠার প্রত্যয়, ‘ফাইনালেও গোল করে দলকে জেতাতে চাই।’
দর্শকপ্রিয় কোনো দল ফাইনালে নেই তো কী? এই লড়াইটাই বা কম কিসে!
যেভাবে ফাইনালে
শেখ জামাল
গ্রুপ পর্ব
২-০ উত্তর বারিধারা
১-০ ফেনী সকার
কোয়ার্টার ফাইনাল
৩-১ মোহামেডান
সেমিফাইনাল
৩-০ আবাহনী
মুক্তিযোদ্ধা
গ্রুপ পর্ব
৩-২ চট্টগ্রাম আবাহনী
১-০ শেখ রাসেল
কোয়ার্টার ফাইনাল
২-০ ব্রাদার্স
সেমিফাইনাল
১ (৫)-১ (৩) বিজেএমসি