জামালের শিরোপা স্বপ্ন শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগ ঘরে তোলার স্বপ্নটা মরীচিকা হয়ে গেল শেখ জামালের কাছে!কক্ষপথে থাকতে কাল ফেনী সকারের বিপক্ষে জয় ছাড়া উপায় ছিল না জামালের। কিন্তু এগিয়ে থেকেও ম্যাচটা শেষ সময়ে ২ গোল খেয়ে হেরে গেছে ঢাকার এই পরাশক্তি (২-১)।১৪ ম্যাচে জামালের ২৮, আবাহনীর ২৯ এবং শেখ রাসেলের ৩২ পয়েন্ট। ম্যাচ বাকি দুটি। সুতরাং অতিনাটকীয় কিছু না ঘটলে শেখ জামালের পক্ষে লিগ জেতা প্রায় অসম্ভব। রাসেল বাকি দুই ম্যাচে ৪ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন।দর্শকে ঠাসা ফেনী স্টেডিয়ামে সকার অকুণ্ঠ সমর্থন পেলেও ৩৭ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল সফরকারীরা। গোলদাতা সানডে সিজোবা।কিন্তু গোলটি অবৈধ দাবি করে সকারের খেলোয়াড় এবং কর্মকর্তারা মাঠে এবং মাঠের বাইরে শুরু করেন হইচই। এভাবে বেশ কয়েকবার এমন হইচই হয়েছে মাঠে। ৭১ মিনিটে ওয়াসিও ওলাডপিকোর গোলে ম্যাচে আসে সমতা (১-১) ৮২ মিনিটে অ্যান্থনি গোল করলে সব ক্ষোভ দূর স্থানীয় দর্শকদের। শেখ জামালের ‘সর্বনাশ’ করে নিজেদের অবনমন বাঁচানোর লড়াইয়ে এক ধাপ এগোল ১১ পয়েন্ট পাওয়া সকার।