জামালের সামনে অসহায় বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলীর ওপরে সওয়ার ডার্লিংটন৷ কাল তাঁর ওপরে সওয়ার হয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতল শেখ জামাল ধানমন্ডি প্রথম আলো
আলীর ওপরে সওয়ার ডার্লিংটন৷ কাল তাঁর ওপরে সওয়ার হয়ে বড় ব্যবধানে ম্যাচ জিতল শেখ জামাল ধানমন্ডি প্রথম আলো

খেলোয়াড় ও কোচের বেতন বকেয়া আছে মাসের পর মাস। নিয়মিত অনুশীলন হয় না দলের। ঘরের এই দৈন্যই ছাপ ফেলছে বিজেএমসির মাঠের খেলায়৷ আগের ম্যাচে লিগের তলানিতে থাকা উত্তর বারিধারার কাছে হেরেছে বিজেএমসি। কাল শেখ জামালের কাছে দলটি বিধ্বস্ত হলো ৬-২ গোলে। অথচ এরাই প্রথম পর্বে ২-২ গোলে ড্র করেছিল শেখ জামালের সঙ্গে।
শেখ জামাল আর বিজেএমসি যেন পেশাদার লিগের দুই মেরুতে অবস্থান করা দুটি দল। চরম অব্যবস্থাপনায় বিজেএমসি যখন ধুঁকছে, শেখ জামাল তখন নিজেদের তুলে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়। লিগের এখনো অনেকটা পথ বাকি। এত লম্বা ভ্রমণে খেলোয়াড়দের মনোবল চাঙা রাখতে ক্লাব সভাপতি মনজুর কাদের ঘোষণা করেছেন বোনাস । ম্যাচ জিতলেই প্রত্যেক খেলোয়াড় পাচ্ছেন বাড়তি ১০ হাজার করে টাকা। বাদ পড়ছে না কোচিং স্টাফও। গত দুই ম্যাচে মুক্তিযোদ্ধা, মোহামেডানের সঙ্গে জিতে এরই মধ্যে নগদ উপহার পেয়েছেন। এই বাড়তি প্রাপ্তির হাতছানি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করছে, আর প্রতি ম্যাচেই তাদের স্কোরলাইনটা বাড়ছে।
২৮ মিনিটেই ৩ গোল বিজেএমসির জালে। ম্যাচ আসলে ওখানেই শেষ। প্রথমার্ধেই ৫-০-তে এগিয়ে যাওয়া শেখ জামাল দ্বিতীয়ার্ধে দিয়েছে মাত্র একটি গোল! গো​ল করায় নিরুৎসাহী হয়ে পড়া জামালকে দ্বিতীয়ার্ধেই দুটি গোল ফিরিয়ে দিয়েছে বিজেএমসি। গোল দুটি করেছেন ফেলিক্স ও ইলিয়াসু।

৯ মিনিটে প্রথম গোলটি করেন ওয়েডসন। পরে সনি নর্দে ও এমেকা ডার্লিংটনকে দিয়ে চমৎকার দুটি গোল করিয়েছেন। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডার্লিংটন, ২৮ মিনিটের গোলটি সনি নর্দের। ১৬ গোল করে লিগের শীর্ষ গোলদাতা এখন ডার্লিংটন। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে আলী করেন ৫-০, ৮৮ মিনিটে সোহেল ৬-০। ৬০ ও ৯০ মিনিটে দুটি গোল শোধ করেন ফেলিক্স ও ইলিয়াসু।

এই জয়ে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে সবার ওপরেই রইল শেখ জামাল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বিজেএমসি সাতে।

লজ্জার হারের পর কোনো কথাই বলতে চাননি বিজেএমসি কোচ আলী আসগর নাসির। তবে ক্ষোভের সঙ্গে ইলিয়াসু বললেন, ‘দেড় মাস ধরে কোনো খাবার কেনার টাকা পাই না। খেলব কীভাবে?’