জামালের হোঁচট, জিতল মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগের ২১ গোলের ১৬টিই বিদেশিদের। এই পরিসংখ্যানই বলে দেয় কতটা বিদেশিনির্ভর দল ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিদেশি খেলোয়াড় ছাড়া সুপার কাপের প্রথম ম্যাচে দলটি গোলের জন্য করল হাহাকার। এবারের মৌসুমে তিনটি শিরোপা জামালকে হাতছানি দিয়ে চলে গেছে। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও লিগ রানার্সআপদের শেষ সুযোগ হয়ে এসেছে সুপার কাপ। কিন্তু প্রথম ম্যাচে ব্রাদার্সের কাছে হোঁচট খেতে হলো তাদের। ব্রাদার্সের জুয়েল রানার গোলে পিছিয়ে পড়া জামাল শেষ পর্যন্ত করেছে ড্র (১-১)। পেনাল্টি থেকে গোল শোধ করেছেন নাসির। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অন্য ম্যাচে বিজেএমসিকে ১-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে গতবারের রানার্সআপ মোহামেডান।

শেখ জামালের হয়ে লিগে সর্বোচ্চ ৭ গোল করেছেন সানডে সিজোবা। মাইক ওতোজারেরি গোল ৪টি। তাদের জায়গা নেওয়ার মতো স্ট্রাইকার স্থানীয়দের মধ্যে কোথায়? জামালের কাছে অভাবটা এতই বেশি অনুভূত হলো যে পুরো মৌসুমে স্টপার হিসেবে খেলা নাসিরকে খেলতে হলো আক্রমণভাগে। সেনাবাহিনীতে ফরোয়ার্ড হিসেবে খেললেও জাতীয় দল এবং ক্লাবে কখনোই ওই ভূমিকায় তাঁকে দেখা যায়নি। ম্যাচ শেষে নাসির বলছিলেন, ‘দলের প্রয়োজনেই বিভিন্ন পজিশনে খেলি।’ কিন্তু প্রয়োজনটা মেটাতে পারলেন কি? গোটা চারেক সুযোগ পেয়েও নাসির কাজে লাগাতে পারলেন না। কখনো তাঁর শট ক্রসবারে লেগেছে, কখনো সাইড পোস্টে লেগে চলে গেছে বাইরে। ম্যাচের ৩৪ মিনিটে ব্রাদার্স গোলরক্ষক সুজনকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি।

অথচ শুরু থেকে ব্রাদার্সকে আক্রমণে আক্রমণে ব্যতিব্যস্ত করে রেখেছিল শেখ জামালই। ম্যাচের ৭ মিনিটের মধ্যেই আদায় করে নেয় ৪টি কর্নার। কিন্তু সেসবই নিষ্ফল। উল্টো ৩৮ মিনিটে জুয়েল রানার গোলে এগিয়ে যায় ব্রাদার্সই। কোমলের বাড়িয়ে দেওয়া বলে আলতো টোকায় ১-০ করেন জুয়েল।

পিছিয়ে পড়ে গোল শোধের চেষ্টায় মরিয়া জামাল সুযোগটা পেয়ে যায় ৫২ মিনিটে। বক্সের মধ্যে ব্রাদার্সের অ্যানি অবৈধভাবে ফেলে দেন অরূপ বৈদ্যকে। পেনাল্টি মেলে জামালের। তা থেকে সমতা ফেরান নাসির (১-১)। বাকি সময়ে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেও গোলের দেখা পায়নি জামাল।

ড্র দিয়ে সুপার কাপ শুরু হওয়ায় খুবই হতাশ শেখ জামালের কোচ খোন্দকার ওয়াসিম ইকবাল, ‘প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়ে লড়াইটা কঠিন হয়ে গেল আমাদের।’

দিনের শেষ ম্যাচে বিজেএমসির বিপক্ষে মোহামেডান খেলেছে গোছানো ফুটবল। বেশির ভাগ সময় আধিপত্য করেছে মোহামেডানই। ম্যাচের ২৪ মিনিটে মোহামেডান এগিয়ে যায় পেনাল্টি থেকে। বক্সের মধ্যে মোবারককে ফেলে দেন শাকিল। এরপর পেনাল্টি থেকে প্রথম দফায় মোবারক গোল করলেও সেটি বাতিল করেন রেফারি। পরের শটে মোবারকই গোল করেছেন (১-০)। শেষ ২০ মিনিট গোল শোধের বেশ কয়েকটা সুযোগ পায় বিজেএমসি। কিন্তু মোহামেডান গোলরক্ষক মামুন খান দারুণ দক্ষতায় সেগুলো নস্যাৎ করে দিয়েছেন।

ম্যাচ শেষে তৃপ্ত মোহামেডান কোচ সাইফুল বারী (টিটু) বললেন, ‘প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের। সবাই ভালো খেলেছে। সেমিতে যাওয়ার কাজটা সহজ হলো এই জয়ে।’

আজকের খেলা: আবাহনী-ফেনী সকার ও শেখ রাসেল-মুক্তিযোদ্ধা (বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা; বঙ্গবন্ধু স্টেডিয়াম)।