জামিন পেলেন পিস্টোরিয়াস
বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যার অভিযোগে হওয়া মামলায় আজ শুক্রবার জামিন পেয়েছেন অস্কার পিস্টোরিয়াস।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ম্যাজিস্ট্রেট ডেসমন্ড নাইর পিস্টোরিয়াসের জামিন মঞ্জুর করলে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁর পরিবারের সদস্য ও ভক্তরা। তবে এ সময় নির্বিকার ছিলেন পা-হীন বিশ্বের দ্রুততম এই মানব।গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ভোরে প্রিটোরিয়ায় পিস্টোরিয়াসের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্টিনক্যাম্প। ৩০ বছর বয়সী স্টিনক্যাম্পের লাশের পাশেই একটি নয় মিলিমিটার পিস্তল পাওয়া যায়। ওই পিস্তলের চারটি গুলি লাগে তাঁর শরীরে। ঘটনার পরপরই বাড়িটি ঘেরাও করে পিস্টোরিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ।২৬ বছর বয়সী পিস্টোরিয়াসের বিরুদ্ধে ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ আনা হয়েছে। অবশ্য আদালতে লিখিত জবানবন্দিতে দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট দাবি করেন, তিনি ভেবেছিলেন যে তাঁর ঘরে অনাহূত কোনো চোর বা ডাকাত ঢুকেছে। সেটা ভেবেই গুলি চালিয়েছিলেন। তবে পিস্টোরিয়াসের এক প্রতিবেশী আদালতে সাক্ষ্য দিয়েছেন, ওই রাতে পিস্টোরিয়াসের সঙ্গে তাঁর বান্ধবী স্টিনক্যাম্পের ঝগড়াঝাঁটির শোরগোল পাওয়া যাচ্ছিল। এরপরই শোনা যায় গুলির শব্দ। স্টিনক্যাম্প ছিলেন দক্ষিণ আফ্রিকার মডেলিং জগতে পরিচিত এক মুখ। পিস্টোরিয়াসের সঙ্গে তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ হয় গত বছরের নভেম্বরে। আইন বিষয়ে স্নাতক পোর্ট এলিজাবেথের এই মেয়ে মারা যাওয়ার আগে দেশটির ‘সানডে টাইমস’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাত্কারে পিস্টোরিয়াসকে ‘নিষ্কলুষ’ বলে অভিহিত করেছিলেন।