জামিনে মুক্ত আকমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুচলেকার বিনিময়ে জামিনে ছাড়া পেলেন উমর আকমল।
মুচলেকার বিনিময়ে জামিনে ছাড়া পেলেন উমর আকমল।

ট্রাফিক আইন লঙ্ঘন, দায়িত্ব পালনে ট্রাফিক পুলিশকে বাধা দান এবং তাঁর গায়ে হাত তোলা—এই তিন অভিযোগে লাহোর পুলিশ গতকাল আটক করেছিল উমর আকমলকে। এক দিন আটক থাকার পর আজ রোববার এক লাখ রুপি (প্রায় ৯৫০ মার্কিন ডলার) মুচলেকার বিনিময়ে জামিন পেয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান।

আকমলের আইনজীবী ওয়াসিম মুমতাজ সাংবাদিকদের বলেন, ‘আকমলের জামিন নিশ্চিত হয়েছে।’ বিপর্যস্ত আকমল জানিয়েছেন, তিনি আইনের প্রতি সর্বোচ্চ সম্মানই দেখিয়েছিলেন। ২৩ বছর বয়সী ব্যাটসম্যান বলেন, ‘নিজেদের ক্ষমতা দেখাতেই পুলিশ এ মামলা করেছিল। নিজের জায়গা থেকে সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করেছি। পুলিশই প্রথম আমার মুখে আঘাত করে। এই যে দেখুন জখম এখনো রয়েছে।’ আকমলের বাবা অবশ্য এ ঘটনায় ভীষণ চটেছেন। বলেছেন, ‘যখন আমাদের নিজেদের লোক জাতীয় বীরদের অপমান করে তখন বাকি দুনিয়াও একই কাজ করবে। এ অপমান কিছুতেই মেনে নেয়া যায় না।’

পুলিশ জানায়, শনিবার লাহরের ফেরদৌস মার্কেট এলাকায় সংকেতের তোয়াক্কা না করে গাড়ি চালানোয় ট্রাফিক পুলিশ আকমলকে আটকানোর চেষ্টা করে। পিছু নিয়ে আটকালে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও গালিগালাজ শুরু করেন আকমল। পরে তা হাতাহাতি অবধি গড়ায়। ট্রাফিক পুলিশ মোহাম্মদ জিসান অভিযোগ করেন, ধস্তাধস্তির সময় তাঁর ইউনিফর্ম ছিঁড়ে ফেলেছেন আকমল! এরপরই নিকটস্থ গুলবার্গ পুলিশ স্টেশনে মামলা হয় তাঁর বিরুদ্ধে। অবশ্য পাকিস্তানি ব্যাটসম্যান তাঁর বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করেন। ওয়েবসাইট।