জামোরানো আগেই বলেছিলেন!

ম্যাচ শেষে মিডিয়া সেন্টারের এমাথা-ওমাথা চক্কর দিয়েও ইভান জামোরানোকে আর খুঁজে পেলাম না। হয়তো তখনো কাজে ব্যস্ত। চিলিয়ান একটা টেলিভিশনের হয়ে ধারাভাষ্য দিচ্ছেন, চিলির অমন একটা জয়ের পর কাজ অনেক বেড়ে যাওয়ারই কথা।
জামোরানোকে খুঁজছিলাম অভিনন্দন জানাতে। চিলির সাফল্যের কারণেই শুধু নয়, তাঁর ভবিষ্যদ্বাণী মিলে গেছে বলেও। চিলি জিতবে—এটা যে আগেই বলে রেখেছিলেন! ‘নিজের দেশের জয় তো চাইবেনই’ বলায় প্রতিবাদও করেছেন, ‘শুধু এ কারণেই বলছি না। দেখো, আজ চিলি ঠিকই জিতবে।’
স্পেন-চিলি ম্যাচ শুরু হতে তখনো ঘণ্টা দুয়েক বাকি। মিডিয়া সেন্টারে লাঞ্চ কেনার লম্বা লাইনে দাঁড়িয়ে দেখা। প্রথমে খেয়াল করিনি। ধবধবে সাদা শার্টের লোকটির সঙ্গে একের পর এক সাংবাদিককে হাত মেলাতে দেখে কৌতূহলী হয়ে তাকালাম। আরে, এ তো দেখছি ইভান জামোরানো! লাইন ছেড়ে বেরিয়ে কথা বলতে গেলাম। সমস্যা হলো, আমি ইংরেজিতে কথা বলি আর জামোরানো স্প্যানিশে উত্তর দেন। নামের তো আর ইংরেজি-স্প্যানিশ নেই। ‘বাংলাদেশে সবাই ইভান জামোরানো আর মার্সেলো সালাসকে চেনে’ বলার পরই যেমন ‘সালাস’ বলে হাত তুলে ‘জা-সা’ বলে একটা চিৎকারমতো দিলেন।
১৯৯৮ বিশ্বকাপে এই নামেই চিলির স্ট্রাইকার জুটিকে চিনত ফুটবল-বিশ্ব। জামোরানোকে ঘিরে তিন-চারজন চিলিয়ান সাংবাদিকদের জটলা। তাঁদের মধ্যে একজনকে পাওয়া গেল, যিনি একটু ইংরেজি বলতে ও বুঝতে পারেন। তাঁর নিজের ভাষায় ‘সো-সো’।
তাঁকে দোভাষী বানিয়েই চার-পাঁচটি প্রশ্ন করা হলো। প্রথম প্রশ্নটা তো অবধারিতভাবেই স্পেন-চিলি ম্যাচ নিয়ে। জামোরানোর ভবিষ্যদ্বাণীটাও তখনই। ১৯৮২-এর পর তিনটি টুর্নামেন্টে দর্শক হয়ে থাকার পর জা-সা জুটির কল্যাণেই ১৯৯৮ বিশ্বকাপ খেলেছিল চিলি। উঠেছিল দ্বিতীয় রাউন্ডেও। সেই বিশ্বকাপ যাঁরা দেখেছেন, খেলা ছাড়াও আরেকটি কারণে জামোরানোকে তাঁদের মনে থাকার কথা। ম্যাচের আগে জাতীয় সংগীত বাজার সময় রীতিমতো গলা ফাটিয়ে গাইতেন। মনে রেখেছি দেখে একটু চমৎকৃতই হলেন। জানালেন, তিনি যা করেন, মনপ্রাণ দিয়েই করেন।
ফুটবলটাও মনপ্রাণ দিয়েই খেলেছেন এবং খারাপ খেলেননি। লা লিগায় সেভিয়া ও রিয়াল মাদ্রিদের পর ইতালিতে ইন্টারের হয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার। রিয়ালে খেলেছেন চার বছর। ১৯৯৫ সালে লা লিগা শিরোপা জয়ে বড় ভূমিকাও। ২৮ গোল করে জামোরানো ছিলেন লিগের সর্বোচ্চ গোলদাতা। সেই মৌসুমে বার্সেলোনার বিপক্ষে তাঁর পারফরম্যান্স এখনো সমর্থকদের মুখে মুখে ফেরে। বার্সাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল, হ্যাটট্রিক করেছিলেন জামোরানো। অবদান ছিল বাকি দুটি গোলেও।
১৯৯৬ সালে ইন্টারে চলে যান। সেখানেই মজার এক ঘটনা ঘটে। প্রথম মৌসুমটা ৯ নম্বর জার্সি পরেই খেলেছেন জামোরানো। পরের বছর ইন্টারে তাঁর সঙ্গী হন ব্রাজিলের রোনালদো। প্রথমে ১০ নম্বর জার্সি দেওয়া হলেও নাইকির সঙ্গে চুক্তির বাধ্যবাধকতায় ৯ নম্বর জার্সিটাই দিতে হয় তাঁকে। জামোরানোকে দেওয়া হয় ১৮ নম্বর। কিন্তু জামোরানোরও যে ৯ নম্বর জার্সিটা খুব পছন্দ। ভেবে একটা পথও বের করে ফেললেন। জার্সির পেছনে ১ আর ৮-এর মধ্যে একটা + চিহ্ন বসিয়ে দিয়ে। ১৮-ও হলো, আবার ৯-ও হলো!
রোনালদোর ওপর অবশ্য জামোরানোর কোনো রাগ নেই। বরং ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সেরা সময়ে তাঁর সঙ্গে খেলতে পেরেছেন বলে নিজেকে ভাগ্যবান মনে করেন। বল নিয়ে দৌড়ের সময় রোনালদোর টেকনিকের মতো মানুষ রোনালদোরও একই রকম অনুরক্ত। সালাসের সঙ্গে পুরোনো দোস্তি এখনো আছে বলেও জানা গেল। পুরোনো একটা সাক্ষাৎকার পেলাম, যেখানে বলেছেন, ‘চিলির ভাগ্য, আমি আর সালাস একই সময়ে জন্মেছিলাম। আমাদের বোঝাপড়া ছিল দুর্দান্ত। ১৯৯৮ বিশ্বকাপে ওর দিকে তাকিয়েই আমি বুঝে ফেলতাম ও কী করতে যাচ্ছে। এটাও জানতাম, আমরা দুজন ভালো খেললে চিলিও ভালো খেলবে।’
তাঁরা ভালো খেলেছেন, চিলিও। এতটাই যে, চ্যাম্পিয়ন স্পেনকে বিদায় করে দেওয়া চিলিকে দেখে সবার মনে পড়ে যাচ্ছে জা-সা জুটির চিলিকে। ম্যাচ শেষে টুইটারে চিলিকে নিয়ে অসংখ্য মন্তব্য, যার বেশির ভাগেই ‘জামোরানো’ নামটি এসেছে। একজন দেখলাম, মজা করে লিখেছেন, ‘স্পেনের ভাগ্য ভালো, চিলি জামোরানো-সালাসকে বিশ্রাম দিয়েছিল।’
এই দলের সঙ্গে ১৯৯৮ বিশ্বকাপের দলের তুলনা করতে চান না জামোরানো। তবে এই দলের সবচেয়ে বড় তারকা কে, এটা বলতে কূটনৈতিক হওয়ার প্রয়োজন দেখলেন না। অবশ্যই আলেক্সিস সানচেজ। আর্তুরো ভিদালকেও খুব পছন্দ। ভিদাল রিয়াল মাদ্রিদে নাম লেখাতে যাচ্ছেন বলেও ইঙ্গিত দিয়েছেন চিলিয়ান সাংবাদিকদের।
আর্জেন্টাইন আবেদনময়ী মডেল মারিয়া আলবেরো ও তাঁর ঘরে তিন সন্তানকে নিয়ে জামোরানোর সংসার। মাঝখানে একটা স্পোর্টস ইউনিভার্সিটির দায়িত্বে ছিলেন। এখন নাকি চিলির অনূর্ধ্ব-১৮ দলের কোচ। ওই সাংবাদিকের ইংরেজির এমনই অবস্থা যে, ‘নাকি’ শব্দটা ব্যবহার করাটাই নিরাপদ বলে মনে হচ্ছে। দুবার প্রশ্ন করেও যে ঠিক নিশ্চিত হওয়া গেল না।
অনূর্ধ্ব-১৮ দলের কোচ হলে তো ভবিষ্যতে বিশ্বকাপে আবার দেখা যেতেই পারে ইভান জামোরানোকে। তখনো নিশ্চয়ই গলা ফাটিয়ে জাতীয় সংগীত গাইবেন। মাঠের বদলে ডাগ-আউটে দাঁড়িয়ে, এই যা!