জাম্বিয়ার ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ এপ্রিল, ১৯৯৩। বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে সেনেগাল যাচ্ছে জাম্বিয়ার জাতীয় ফুটবল দল। জাম্বিয়ান বিমানবাহিনীর বিশেষ বিমানটি গ্যাবনের রাজধানী লিব্রেভিলেতে যাত্রাবিরতি শেষে মাত্রই উড়াল দিয়েছে ডাকারের উদ্দেশে। ঠিক তখনই আগুন ধরে গেল বিমানের ইঞ্জিনে। তাড়াহুড়োতে ভুল করে পাইলট সচল ডান ইঞ্জিনটিকেও বন্ধ করে দিলেন। ফলাফল ৩০ আরোহীকে নিয়ে উপকূলের মাত্র ৫০০ মিটার দূরে আটলান্টিক মহাসাগরে পড়ে গেল বিমানটি। মুহূর্তেই হারিয়ে গেল জাম্বিয়ার পুরো জাতীয় দল।মর্মান্তিক ওই দুর্ঘটনার পর কেটে গছে ১৯টি বছর। এরপর অনেক দেশেই খেলতে গেছে জাম্বিয়ানরা, কিন্তু আসা হয়নি গ্যাবনে। এবার যখন আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্ব পেরোল তখনই ‘কপার বুলেট’দের গ্যাবনে খেলতে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হলো। কিন্তু ড্রটা এমনই হলো, এক ফাইনালে ওঠা ছাড়া গ্যাবনে আসার আর কোনো পথ খোলা রইল না। এবার ইকুয়েটরিয়াল গিনিতে গ্রুপ পর্বে খেলতে এসেই জাম্বিয়ানরা বারবার বলেছে নিহত পূর্বসূরিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই লিব্রেভিল যেতে চায় তারা। তাদের সেই চাওয়া পূরণ হয়েছে। আইভরি কোস্টের বিপক্ষে ফাইনাল খেলতে জাম্বিয়া এখন লিব্রেভিলে।এখানে এসেই পরশু জাম্বিয়ান খেলোয়াড়েরা চলে গেলেন সেই উপকূলে। যেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই বিধ্বস্ত হয়েছিল বিমানটি। অনাড়ম্বর কিন্তু হূদয়গ্রাহী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানালেন উত্তরসূরিদের। শ্রদ্ধাঞ্জলি দিতে আসা খেলোয়াড়দের সঙ্গে ছিলেন জাম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি কালুশা বোয়ালিয়া। আফ্রিকার সাবেক বর্ষসেরা এই ফুটবলার ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। ক্লাব ফুটবল খেলতে হল্যান্ড থেকে সরাসরি সেনেগালে আসাতেই বেঁচে যান তিনি।পরশু অতলান্তিকের সৈকতে বসে অশ্রুসজল চোখে তিনি বললেন, ‘কাকতালীয় কোনো কারণে নয়, দল হিসেবে কঠোর পরিশ্রম করেই আজ আমরা এখানে এসেছি। তবে আমার বিশ্বাস ১৯ বছর আগে চলে যাওয়া আমাদের ওই ভাইয়েরাও আমাদের সাহায্য করেছে।’নিহতদের স্বপ্নের কথাই বলে গেলেন বোয়ালিয়া, ‘তাদের স্বপ্ন ছিল আমাদের দেশজননী জাম্বিয়ার জন্য গৌরব বয়ে আনা। এই কারণটাই আমাদের এখানে নিয়ে এসেছে। আর ঠিক এই কারণেই জাম্বিয়ার ফুটবলের সবার পক্ষ থেকে আমি বলছি তাদের স্বপ্নই আমাদের স্বপ্ন। এই টুর্নামেন্টে অংশ নিতে গ্যাবনে আসতে পারায় তারা এখন স্বর্গে বসে হাসছে।’বোয়ালিয়া ও কোচ হার্ভি রেনার্ড পুরো দলের সঙ্গে সৈকতে বসে গেয়েছেন শোকসংগীত। এরপর যতটা সম্ভব কাছে যাওয়ার চেষ্টা করেছেন দুর্ঘটনাস্থলের। নিহতদের প্রত্যেকের স্মরণে আলাদাভাবে সমুদ্রবক্ষে ভাসিয়েছেন ফুল। অধিনায়ক ক্রিস্টোফার কাতোঙ্গোর নেতৃত্বে নীরবে সেরেছেন প্রার্থনা।প্রার্থনায় নিশ্চয়ই ছিল ফাইনালে আইভরি কোস্টকে হারিয়ে শিরোপা উৎসর্গের আকুতি! এএফপি।