জার্গেনসেন-অধ্যায় তাহলে শেষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুল হাসান
নাজমুল হাসান

সকাল থেকেই বিসিবিতে সংবাদকর্মীদের আনাগোনা। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও বোর্ডপ্রধান কিংবা পরিচালকদের আসার নাম নেই। থাকবে কীভাবে, তাঁরা যে তখন বৈঠক করছেন বোর্ডপ্রধানের বাসায়!

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে নাজমুল হাসান বলেছিলেন, শেন জার্গেনসেনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন শনিবার বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলে। পরশু আবার এক টিভি চ্যানেলকে বলেন, সিদ্ধান্ত হবে এ সপ্তাহে। ব্যাপারটি নিয়ে তাই বিভ্রান্তি ছড়াচ্ছিল বেশ। শেষমেশ কাল ঠিকই চার বোর্ড পরিচালকের সঙ্গে বসলেন বিসিবিপ্রধান। নাজমুল হাসানের বাসায় এ আলোচনায় ছিলেন আকরাম খান, জালাল ইউনুস, কাজী ইনাম আহমেদ ও ইসমাইল হায়দার মল্লিক। জার্গেনসেন প্রসঙ্গের পাশাপাশি কথা হয়েছে টিভি সম্প্রচার স্বত্ব নিয়েও।

এই দুটো প্রসঙ্গ নিয়েই আবার আলোচনা হবে আগামীকালের বোর্ড সভায়। বেলা সাড়ে ১২টায় শুরু বোর্ড সভার মূল আলোচ্যসূচি কোচ প্রসঙ্গ ও টিভি সম্প্রচার স্বত্ব। তবে সভার আগেই জার্গেনসেনের সঙ্গে কথা বলবেন নাজমুল হাসান। কাল বিসিবিতে না এলেও জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে দেখতে হাসপাতালে গিয়ে ঠিকই সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয়েছে নাজমুল হাসানকে। সেখানেই জানালেন আগামীকাল জার্গেনসেনের সঙ্গে বসার কথা, ‘আমাদের তরফ থেকে এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে তাঁকে রাখব কি রাখব না। পদত্যাগ তিনি করেছেন। এখন তাঁর কাছে জানতে চাওয়াটা হবে এর পেছনে কারণটা কী? আমি যেটা মনে করি তাঁকে বাদ দেওয়ার মতো কোনো চিন্তা এ মুহূর্তে আমাদের মাথায় আসেনি। যেহেতু আমাদের সামনে ভারত সিরিজ আছে, বিশ্বকাপ আছে। তবে তিনি যদি কোনো জায়গায় অনিরাপদ বোধ করেন তাহলে আমরা বলতে পারি যে ওই অনিরাপদ বোধ করার কোনো কারণ নেই। কিন্তু তিনি যদি যেতে চান, আমরা আটকাব না।’

জার্গেনসেনের হঠাৎ পদত্যাগে নাজমুল হাসানকে বেশ বিস্মিত ও বিরক্ত বলেই মনে হলো। বোর্ড পরিচালকদের খোলামেলা সমালোচনা জার্গেনসেনের পদত্যাগের অন্যতম কারণ। বিসিবিপ্রধান কিন্তু সমালোচনা করা পরিচালকদের পাশেই দাঁড়ালেন, ‘মতামত ব্যক্ত সবাই করতেই পারে। এটাতে তো বাধা দেওয়া যায় না। কিন্তু একজন যখন কোনো মত দেয় তখন ক্রস চেক করে জেনে নেওয়া উচিত যে এটা কি বোর্ডের মত নাকি ব্যক্তিগত! ব্যক্তিগত মতামত সবাই দিতে পারে। তবে আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিইনি যে তাঁকে বাদ দেব কি না। আমি মনে করি এই পর্যায়ের একজন হেড কোচ যদি একজন পরিচালক বা সিইও বা কোনো একজনের ব্যক্তিগত মতের ওপর ভিত্তি করে পদত্যাগ করে ফেলতে পারেন, এটাও কিন্তু ঠিক নয়।’

জার্গেনসেন অবশ্য ছুটি কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরে বলেছেন শুধু এবারের উন্মুক্ত সমালোচনাই নয়, আগেরও বেশ কিছু ঘটনার ধারাবাহিকতা থেকেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

জার্গেনসেনকে আটকানো হবে না বলেই একটি সূত্রের খবর, পদত্যাগী কোচের মনোভাব বুঝতে পেরেই আসলে অনুরোধ না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ভালো চাকরির প্রস্তাব আছে বলেই জার্গেনসেন বারবার নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা বলেছেন, এমন একটা ইঙ্গিত পেয়েছেন বিসিবি কর্তারা। সেটা বুঝতে পেরেই অনুরোধ না করার ‘সম্মানজনক’ পথে হাঁটা। আগামীকালের আলোচনাকে এখন একরকম বলা যায় স্রেফ আনুষ্ঠানিকতা। নাজমুল হাসানও মনে হলো সেই বাস্তবতা মেনে নিয়েছেন, ‘এ মুহূর্তে হেড কোচ পরিবর্তনের কোনো পরিকল্পনা আমাদের ছিল না। পরিবর্তন করতে গেলে তো একটি বিকল্প লাগে। আমরা ওই রকম কারও সঙ্গে কথা বলিনি। এখন যেহেতু তিনি পদত্যাগপত্র দিয়েছেন, তাই আমরাও হেড কোচ খুঁজব।’

কালকের বোর্ড সভার আলোচ্যসূচিতে তাই কোচ প্রসঙ্গ থাকলেও জার্গেনসেন প্রসঙ্গ খুব বেশি সময়জুড়ে হয়তো থাকবে না। আলোচনা বেশি হবে হয়তো জার্গেনসেন-উত্তর যুগের সম্ভাব্য কান্ডারি নিয়েই!