জার্গেনসেনও রোমাঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট দলে ডাক পেয়েই রোমাঞ্চিত আবুল হাসান-সোহাগ গাজীর টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা দীর্ঘ হতে পারে। বাংলাদেশ দলের আরেকজন এঁদের চেয়েও রোমাঞ্চিত, তাঁর টেস্ট অভিষেক যে নিশ্চিত! ঢাকা টেস্ট হতে যাচ্ছে প্রধান কোচ হিসেবে শেন জার্গেনসেনের প্রথম টেস্ট। বাংলাদেশের জন্য যেমন, এই টেস্ট সিরিজটা তাই জার্গেনসেনের জন্যও বড় ‘টেস্ট’। খেলোয়াড়ি জীবনে ছিলেন যাযাবর শ্রেণীর। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক, এরপর তাসমানিয়ায় খেলে সুযোগ পেয়েছিলেন নিজ রাজ্য কুইন্সল্যান্ডে। মাঝে খেলেছেন ইংল্যান্ডেও। চোটপ্রবণতা আর নিজের অস্থির মন সাত বছরের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে তাঁকে খেলতে দিয়েছে মাত্র ২৩টি ম্যাচ। কোচিং ক্যারিয়ার বরং অনেক সমৃদ্ধ। ব্রিসবেনের হাইপারফরম্যান্স ডিরেক্টর হয়ে ২০০৪ সালে শুরু কোচিং ক্যারিয়ার। নিউজিল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ ছিলেন দুই বছর, এরপর হাইপারফরম্যান্স কোচ, অকল্যান্ড এইসেসের বোলিং কোচ। গত অক্টোবর থেকে বাংলাদেশের বোলিং কোচ। পাইবাসের হঠাৎ বিদায়ে তিনিই এখন ভারপ্রাপ্ত প্রধান কোচ। এমনিতেই খানিকটা অন্তর্মুখী চরিত্রের, ‘টেস্ট অভিষেকের’ প্রসঙ্গ পাড়তেই যেন খানিকটা লজ্জা পেলেন, ‘আমার জন্য বড় এক মুহূর্ত। এখন বুঝতে পারছি হেড কোচদের কাজ অনেক কঠিন। সবদিকে খেয়াল রাখতে হয়। আজ তো একাডেমি থেকে ইনডোর পর্যন্ত দৌড়াদৌড়ি করতে হলো। একবার এটা করি, আরেকবার ওটা। কিছু করলেই মনে হয় ঠিক হয়নি, আবার আরেকভাবে করি...।’ হড়হড় করে বলতে থাকলেন, চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ল কথাগুলো। রোমাঞ্চটা বুঝতে কি আর সমস্যা হয়!বাংলাদেশ দলের মধ্যে জয়ের মানসিকতা দেখতে চান ৩৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান। দেখতে চান মাঠে লড়াকু মনোভাব। শিষ্যদের ওপর তাঁর অগাধ আস্থা, ‘যে যা-ই বলুক, আমি জানি এই ছেলেরা দারুণ প্রতিভাবান। আমি জানি ওদের সামর্থ্য। আমি সব সময় ওদের পাশে থাকব। চেষ্টা করব ওদের এগিয়ে যাওয়ার সঙ্গী হতে।’জার্গেনসেনের অগ্রাধিকার তালিকায় আছে দলের সেরা সম্পদকে রক্ষা করার প্রকল্পও। লম্বা সময় ব্যাটিং, গুরুত্বপূর্ণ জায়গায় ফিল্ডিংয়ের সঙ্গে টেস্টে দলের বোলিং আক্রমণের বোঝাও টানতে হয় সাকিব আল হাসানকে। এই ভারটা একটু হালকা করতে চান জার্গেনসেন, ‘টেস্টে ওর ওপর চাপটা একটু বেশিই পড়ে যায়। ওর ব্যাটিংটা কিন্তু দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ও এমন এক ব্যাটসম্যান যার কাছ থেকে আমি দুই টেস্টে দুটি সেঞ্চুরি আশা করি। অন্যরা যদি আরেকটু ভালো সমর্থন দিতে পারে, তাহলে বোলিংয়ে চাপটা হয়তো কমবে।’