জার্গেনসেনকে নিয়ে সিদ্ধান্ত আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন জার্গেনসেন
শেন জার্গেনসেন

বোর্ড পরিচালকদের নিয়ে আজ বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। আলোচনা করে সিদ্ধান্ত হবে শেন জার্গেনসেনকে থেকে যেতে অনুরোধ করা হবে কি হবে না। তবে অনুরোধ করলেও জার্গেনসেনের ‘ঢেঁকি গেলার’ সম্ভাবনা কমই। গত পরশু বাংলাদেশে পা রেখে পদত্যাগী কোচ বারবার বলেছেন, নিজের সিদ্ধান্তে তিনি অটল। অনেক ভেবেচিন্তেই যে এমন সিদ্ধান্ত নিয়েছেন!
বৃহস্পতিবার জার্গেনসেন অবশ্য বলেছিলেন, পরবর্তী দুই দিন বিসিবির ‘বেশ কজন গুরুত্বপূর্ণ’ ব্যক্তির সঙ্গে কথা হবে তাঁর। তবে গতকাল পর্যন্ত আনুষ্ঠানিক কথা হয়নি কারও সঙ্গেই। আনুষ্ঠানিক কথা বলতে তো বোর্ডের চূড়ান্ত একটি সিদ্ধান্ত লাগবে! বোর্ডপ্রধানের অসুস্থতায় এই সিদ্ধান্ত নেওয়াই আটকে আছে। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে নাজমুল হাসান নিজেই অবশ্য শনিবার বসার খবরটি জানিয়েছেন।
জার্গেনসেনকে অনুরোধ করা নিয়ে পক্ষে-বিপক্ষে দুটি মতই আছে বিসিবিতে, দুই পক্ষেরই অবস্থান বেশ জোরালো। তবে বোর্ডপ্রধানের কথায় অনুরোধ করারই খানিক ইঙ্গিত মিলল, ‘পারফরম্যান্স বিচার করলে একরকম সিদ্ধান্ত হতে পারে। আবার মানুষ হিসেবে ও অন্য রকম, ছেলেরা ওকে চায়, ওর সঙ্গে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করে। এটা বিবেচনায় নিলে সিদ্ধান্ত আরেক রকম হতে পারে। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব।’ বোর্ড প্রধান কথা বলতে পারেন জার্গেনসেনের সঙ্গেও।
জার্গেনসেনের সিদ্ধান্ত কিন্তু হয়েই আছে। পদত্যাগের চিঠি পাওয়ার পর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছিলেন, আবেগ থেকে এমন একটা সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন কোচ। পরশু বিমানবন্দরে এ কথা শুনে হাসলেন জার্গেনসেন, ‘মোটেও আবেগপ্রবণ সিদ্ধান্ত নয়। এমন গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আবেগতাড়িত হয়ে নেওয়া সম্ভব? আপনারা আমাকে চিনে থাকলে বোঝার কথা, হুট করেই এমন সিদ্ধান্ত নিইনি। বাড়িতে বসে, স্ত্রী-সন্তানদের সঙ্গে হালকা মেজাজে সময় কাটিয়ে পেছন ফিরে তাকানোর অবকাশ হয়েছে আমার। অনেকগুলো ব্যাপার নিয়ে গভীরভাবে ভেবেই এই সিদ্ধান্ত।’
ক্রিকেট পরিচালনা বিভাগে পাঠানো পদত্যাগপত্রে জার্গেনসেন লিখেছিলেন, ‘গত সপ্তাহজুড়ে সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত মন্তব্যে যে আমার প্রতি ন্যূনতম সম্মানটুকুও দেখানো হয়নি, তাতে আমি মর্মাহত।’ ইঙ্গিতটা ছিল বিশ্বকাপের পর বোর্ড পরিচালকদের করা নানা মন্তব্যের দিকে। তবে স্রেফ এটাই কিন্তু একমাত্র কারণ নয়। পরশু জার্গেনসেন নিজেই জানিয়েছেন সেটি, ‘দীর্ঘ সময় ধরেই বেশ কিছু ব্যাপার মিলে আস্তে আস্তে আসলে এই পর্যায়ে এসেছে। হুট করেই নিশ্চয়ই আমি এমন একটা সিদ্ধান্ত নিয়ে নিইনি! অনেকগুলো কারণ আছে সিদ্ধান্ত নেওয়ার পেছনে। এই সবকিছুই বিবেচনায় নিতে হবে।’
সেই কারণগুলো আবার এখনই খোলাসা করতে চান না জার্গেনসেন। তবে ঘনিষ্ঠজনদের কাছ থেকে খানিক ইঙ্গিত মিলেছে। শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে তামিম ইকবালকে আচমকাই সহ-অধিনায়কত্ব থেকে সরিয়ে দলে অযথা অস্থিরতা তৈরি করায় বিরক্ত হয়েছিলেন কোচ। এর আগে একাদশ নির্বাচনে প্রধান নির্বাচকের হস্তক্ষেপের ব্যাপারটিও বেশ আলোচিত হয়েছিল। এমন আরও বেশ কিছু ব্যাপার মিলেই আসলে অনেক দিন থেকে অভিমান আর ক্ষোভ জমছিল জার্গেনসেনের মনে। দলের সাম্প্রতিক ব্যর্থতায় বোর্ড পরিচালকদের মন্তব্যে সেই ক্ষোভ আর অভিমান বিস্ফোরণে রূপ নিয়েছে।
সিদ্ধান্তটি যে আবেগতাড়িত নয়, জার্গেনসেনের সেই দাবিও বেশ বিশ্বাসযোগ্য। উপমহাদেশের মানুষের মতো ঠিক আবেগপ্রবণ নন অস্ট্রেলিয়ানরা। পেশাদারির মূল্য তাঁদের কাছে সর্বোচ্চ, সিদ্ধান্তটিও তাই পেশাদারি দৃষ্টিকোণ থেকেই নেওয়া। পরশু বিমানবন্দরে সে কথা ঘুরেফিরে বারবার বলেছেন জার্গেনসেন, ‘বিসিবির সঙ্গে কথা বলব, কথা বলার প্রয়োজন আছে। তবে এটাও বলে রাখছি আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। এই মুহূর্তে সেই সিদ্ধান্তে আমি অটল।’
নরম মনের মানুষ বলে একটা পরিচিতি আছে জার্গেনসেনের। কখনো কখনো সেটিকে তাঁর দুর্বলতা হিসেবেও দেখা হয়েছে। এবার চরিত্রের দৃঢ়তার দিকটিও দেখাচ্ছেন জার্গেনসেন। বিসিবি অনুরোধ করুক আর না-ই করুক, আপাতত জার্গেনসেনের বাংলাদেশ-অধ্যায় শেষ বলেই মনে হচ্ছে।