জার্গেনসেনকে নিয়ে সিদ্ধান্ত শনিবার

শেন জার্গেনসেনের ব্যাপারে শনিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে বোর্ডপ্রধান এ কথা জানিয়েছেন।
আগামী শনিবার ক্রিকেট বোর্ডের পরিচালকদের সঙ্গে জার্গেনসেনের বিষয়টি নিয়ে বসবেন সভাপতি। তাঁর পদত্যাগের বিষয়টি সেদিন আলোচনা করে এ ব্যাপারে একটি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
হঠাৎ অসুস্থ হয়ে কিছুদিন আগে সিঙ্গাপুরে চিকিত্সার জন্য গিয়েছিলেন নাজমুল। সভাপতিত্ব করেননি বোর্ডের সর্বশেষ সভাটিতেও। সেদিনই অস্ট্রেলিয়া থেকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন জাতীয় ক্রিকেট দলের কোচ শেন জার্গেনসেন।
নাজমুলের কথায় আছে জার্গেনসেনকে রেখে দেওয়ার চেষ্টা করার ইঙ্গিতও, ‘দলের পারফরম্যান্স বিবেচনা করলে তাঁর ব্যাপারে এক রকম সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু মানুষ হিসেবে ও যে রকম, খেলোয়াড়রাও ওর সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা বিবেচনায় নিলে সিদ্ধান্তটা হবে অন্য রকম। অপারেশনস বিভাগে আকরাম (আকরাম খান) ও ওর দল আছে। ওদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব।’