জার্গেনসেনের অন্য রকম দর্শন
জিম্বাবুয়ে সিরিজ শেষে দুই মাস হলো কোনো খেলা নেই। খেলা থাকবে না অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগের এই কয় মাসেও। এত লম্বা সময় খেলার বাইরে থাকলে খেলোয়াড়দের সামর্থ্যে মরচে পড়ার শঙ্কা জাগতেই পারে। যদিও শেন জার্গেনসেনের মনে মোটেই তা জাগছে না। জাতীয় দলের কোচ বরং এই মন্দেরও একটা ভালো দিক খুঁজে পেয়েছেন।
ছুটি কাটিয়ে পরশু রাতে ঢাকায় ফেরা জার্গেনসেন কাল দ্বিতীয় পর্বের অনুশীলনের প্রথম দিনেই যোগ দিয়েছেন খেলোয়াড়দের সঙ্গে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে ম্যাচ না খেলে থাকার ভালো দিকটা তুলে ধরলেন সাংবাদিকদের সামনে, ‘ম্যাচ খেলা সব সময়ই ভালো। তবে টানা খেলার মধ্যে না থেকে কিছুদিন বিরতি নেওয়ারও ভালো দিক আছে। এতে প্রত্যেকের স্কিল নিয়ে আলাদা আলাদা কাজ করার সুযোগ তৈরি হয়, যেটা সিরিজের সময় সম্ভব নয়। নতুন কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার কাজটাও সবাই এই সময়ে করে নিতে পারে।’
লম্বা এই বিরতির পর আরও বেশি বেশি ক্রিকেট খেলে উন্নতির ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য শেন জার্গেনসেনের। তবে খেলোয়াড়দের একেবারেই ম্যাচ না খেলিয়ে রাখতে চান না কোচ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যদি হয় তো ভালো, না হলে এ সপ্তাহের শেষ নাগাদ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ক্রিকেটারদের।
প্র্যাকটিস ম্যাচগুলোয় খেলোয়াড় বিন্যাস এমনভাবে হবে যেন ‘এ’ দল, অনূর্ধ্ব-২৩ দল আর এর বাইরে থাকা জাতীয় দলের খেলোয়াড়েরা প্রত্যেকে অন্তত দুটি করে ম্যাচ খেলতে পারে। অন্যদের জন্য যা-ই হোক, এই ম্যাচগুলো খেলতে পারলে সবচেয়ে ভালো হতো মাশরাফি বিন মুর্তজার জন্য। কিন্তু মাত্রই সংক্ষিপ্ত রানআপে বোলিং শুরু করা মাশরাফির ম্যাচগুলোতে না খেলার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে নির্বাচক কমিটি সূত্রে। তবে চোট থেকে ফেরা মাশরাফির অবস্থার উন্নতিতে বেশ সন্তুষ্ট কোচ জার্গেনসেন, ‘যেভাবে তার অবস্থার উন্নতি হচ্ছে, তাতে আমি খুশি। কয়েক বছর ধরেই আমি ওর বোলিং নিয়ে কাজ করছি। ওর ভাগ্যটাই আসলে খারাপ।’ সেটি কে না জানে! তবে সেই ‘খারাপ ভাগ্য’কে জয় করে মাশরাফি আবার কবে মাঠে ফিরবেন, এটা একটা প্রশ্ন বটে।