জার্গেনসেনের পদত্যাগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকর্মীদের ই-মেইলেরও কোনো জবাব দিচ্ছিলেন না। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় গিয়ে যেন বিচ্ছিন্নই হয়ে গেলেন বাংলাদেশের ক্রিকেট থেকে! সেই শঙ্কাটাকেই সত্যি প্রমাণ করে শেন জার্গেনসেন ই-মেইল পাঠালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানকে। তবে এটা শুধুই একটা ই-মেইলই নয়, বাংলাদেশ দলের কোচের পদ থেকে সরে যাওয়ার ঘোষণাও। প্রথম আলোর হাতে এসেছে সেই পদত্যাগপত্রের একটি কপি

প্রিয় চেয়ারম্যান,

অনেক চিন্তাভাবনার পর আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিচ্ছি।

প্রধান কোচের চ্যালেঞ্জটা ছিল দারুণ উপভোগ্য ও প্রাপ্তিময়। বিসিবির হয়ে আড়াই বছর ধরে কাজের সময়টায় আমি বাংলাদেশ ও বিসিবির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখিয়ে এসেছি। তবে আমার মনে হয়, প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনকালে কখনো কখনো সেটির প্রতিদান পাইনি। গত সপ্তাহজুড়ে সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত মন্তব্যে যে আমার প্রতি ন্যূনতম সম্মানটুকুও দেখানো হয়নি, তাতে আমি খুবই মর্মাহত।

এ জন্যই বর্তমান পরিস্থিতিতে দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি আর দায়িত্ব পালন করতে চাই না এবং আমার জন্য এটাই সরে যাওয়ার সময়।

দারুণ প্রতিভাবান এই দলটিকে পরিচালনা করার এবং প্রধান কোচের সম্মান দেওয়ার জন্য বিসিবিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। গত দেড় বছরে এই দল, ক্রিকেটার ও কোচিং স্টাফরা যে সাফল্য পেয়েছে, আমি নিশ্চিত মাঠের বাইরেও সমান সমর্থন পেলে এই দলটি কেবল উন্নতিই করতে থাকবে।

নিকট ভবিষ্যতের কথা চিন্তা করে এবং অল্প সময়ের নোটিশের কারণে বিসিবি যদি মনে করে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ পর্যন্ত আমার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা উচিত, আমি খুশিই হব। গুরুত্বপূর্ণ এই সিরিজের পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার জন্য এই সপ্তাহের শেষ দিকে আমার বাংলাদেশে ফেরা ঠিক হয়ে আছে।

শেন জার্গেনসেন