জার্গেনসেনের 'নীরবতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনে সহকর্মী কোচিং স্টাফদের কাছ থেকে তিনটি ই-মেইল গেছে শেন জার্গেনসেনের কাছে। কোনোটারই জবাব দেননি বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ। সর্বশেষ সহকর্মী এক কোচকে শুধু ই-মেইল করে জানিয়েছেন, আপাতত কিছুদিন সবকিছু থেকে সরে থাকতে চান।
টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বাংলাদেশ দলের সাম্প্রতিক ব্যর্থতায় বিসিবির অনেক পরিচালক জার্গেনসেনের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ তো তাঁকে বিদায় করে দেওয়ারও পক্ষে। এর আগে বোর্ড সভাপতি নাজমুল হাসানও ‘অনেক কিছু’তে পরিবর্তনের আভাস দিয়েছিলেন। সবকিছু মিলে বাংলাদেশ-পরিস্থিতি অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে যাওয়া জার্গেনসেনকে স্বস্তি দিচ্ছে না মোটেই। সে কারণেই হয়তো তাঁর নীরবতা, সবকিছু থেকে দূরে থাকতে চাওয়া।
এদিকে বিসিবি হাত দেওয়ার আগেই পরিবর্তনের ছোঁয়া লেগে যাচ্ছে জাতীয় দলের কোচিং স্টাফে। ট্রেনার ডেভিড ডয়ার আরও ভালো চাকরির সন্ধান পেয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন। বিসিবির আজকের জরুরি সভায় কাগজ-কলমে একমাত্র আলোচ্য যদিও টিভি স্বত্ব বিক্রি, সভায় ওঠার কথা ফিল্ডিং কোচ হয়ে বাংলাদেশে এসে মূলত ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা কোরি রিচার্ডস প্রসঙ্গও। জার্গেনসেনসহ সব কোচিং স্টাফের চুক্তির মেয়াদ ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত হলেও ডয়ারের মতো সম্ভবত কোরিও তত দিন থাকছেন না। তাঁকে ‘ধন্যবাদ’সহ বিদায় দিতে পারে বিসিবিই।
জার্গেনসেনের ব্যাপারেও অনেকের একই মত। তবে আইপিএলের এই যুগে একজন ভালো কোচ পাওয়া কতটা কঠিন, সেটা স্টুয়ার্ট ল-রিচার্ড পাইবাসরা যাওয়ার পরই বুঝেছে বিসিবি। হাই প্রোফাইল কোচদের কাউকে না পাওয়াতেই তো বোলিং কোচ থেকে জার্গেনসেনকে প্রধান কোচ হিসেবে ‘প্রমোশন’ দেওয়া হলো! জার্গেনসেনকে তাই এখনই ‘গুড বাই’ বলে দেওয়ার সম্ভাবনা কমই।
বরং শঙ্কা জাগাচ্ছে জার্গেনসেনের নীরবতা। একাডেমির কোচ রিচার্ড ম্যাকিন্স বা ট্রেনার ডয়ারের মতো আরও ভালো চাকরির সন্ধান তিনিও করছেন না তো! ৩০ এপ্রিল অবশ্য ঢাকায় ফিরছেন জার্গেনসেন। বোর্ডের সঙ্গে সর্বশেষ যোগাযোগে মনোবিদ এনে খেলোয়াড়দের মানসিকতায় উন্নতি আনার চেষ্টায়ও নাকি সন্তোষ প্রকাশ করেছেন কোচ।