জার্ড মুলারকে পেছনে ফেললেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত বাজে দুটি সপ্তাহ লিওনেল মেসির জীবনে আসেনি অনেকদিন। কেমন যেন দুঃখমাখা, হতাশ করা দুটি সপ্তাহ। রিয়ালের কাছে এল ক্ল্যাসিকোয় হার বার্সেলোনাকে হাত দিয়ে ছুঁতে দেয়নি স্প্যানিশ লা লিগার শিরোপা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চেলসির রক্ষণাত্মক ফুটবলের কাছে পরাভূত হয়ে কাতালনানদের খেলা হয়নি ইউরোপের শ্রেষ্ঠ ক্লাব হওয়ার চূড়ান্ত লড়াইয়ে। দুঃখে আর হতাশায় ডোবার জন্য এই দুটি ব্যাপারই যথেষ্ট। কিন্তু মেসির দুঃখবোধ যেন আরও বহুগুণ বেড়ে গেছে চ্যাম্পিয়নস লিগে সেমির দ্বিতীয় লেগে পেনাল্টি মিস ও সর্বশেষ ‘গুরু’ পেপ গার্দিওলার বিদায়ে। সবকিছু ভালোই চলছিল। কিন্তু সর্বশেষ দুটি সপ্তাহ যেন এলোমেলো করে দিলো সবকিছু।এতকিছুর পর রায়োর বিপক্ষে ৭-০ গোলের জয়টি কোনো ভাবান্তর ঘটায়নি বার্সা সমর্থকদের মধ্যে। কিন্তু কাল মালাগার বিপক্ষে ৪-১ গোলে জয় চ্যাম্পিয়ন না হওয়ার দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছে লিওনেল মেসির অসাধারণ এক কীর্তিতে। কাল হ্যাটট্রিক করে এক মৌসুমে ৬৮টি গোল করার অনন্য রেকর্ডের মালিক হয়েছেন তিনি (লা লিগায় ৪৬ ও চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৪)। এক মৌসুমে ইউরোপে মেসির চেয়ে বেশি গোল যে আর কেউ করেনি! কাল হ্যাটট্রিক পূরণ করেই তিনি পেরিয়ে গেছেন জার্ড মুলারের এক মৌসুমে ৬৭ গোলের কীর্তিকে।এই মৌসুমে সবকিছুই করেছেন মেসি। কেবল তিনটি ম্যাচেই তাঁর ব্যর্থতা কিছুই পেতে দেয়নি বার্সাকে। মেসি হয়ত এই অনন্য রেকর্ডের পর মনে মনে নিজেকে শাপ-শাপান্ত করবেন চ্যাম্পিয়নস লিগে সেমির দুই লেগে চেলসির বিপক্ষে ও স্প্যানিশ লা লিগায় রিয়ালের বিপক্ষে কিছুই করতে না পারার কারণে। মেসি এই মৌসুমে নিজের গোল আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন বেশ ভালোমতোই। প্রিমিয়ারা লিগায় বার্সেলোনার বাকি দুই ম্যাচে মেসি নিজের গোলসংখ্যাকে কত বাড়িয়ে নিতে পারেন-দেখার অপেক্ষায় এখন সকলেই।