জার্মান আধিপত্যের দিন শেষ: পিকে
বায়ার্ন মিউনিখের কোনো সম্ভাবনাই দেখছেন না বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে। তিনি সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, ফুটবলে জার্মানদের আধিপত্যের দিন ফুরিয়ে গেছে অনেক আগেই। সময় এখন স্পেনের; আর স্প্যানিশ ফুটবল ও বার্সেলোনা একই সূত্রে গাঁথা।পিকেকে সাহসী করে তুলেছে বিশ্ব ফুটবলে স্প্যানিশ আধিপত্যই। তাঁর মতে, ফুটবলকে আমূল বদলে দিয়েছে স্প্যানিশ জাতীয় দল আর বার্সেলোনা। ফুটবল যদি ১১ জনের খেলা হয়, তাহলে জার্মানরা সব সময়ই স্পেনের চেয়ে পিছিয়ে থাকবে।চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে খেলতে নামার আগে পিকে কথা বলেছেন স্পেনের একটি ক্রীড়াদৈনিকের সঙ্গে। সেখানে অবশ্য প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের প্রতি শ্রদ্ধাও ঝরেছে তাঁর কণ্ঠে। বায়ার্নকে দারুণ প্রতিপক্ষ আখ্যা দিয়ে পিকে কথার জের টেনেছেন এভাবে, ‘কোনো সন্দেহ নেই, প্রতিপক্ষ হিসেবে বায়ার্ন মিউনিখ দুর্দান্ত। কিন্তু ভুলে যাবেন না, বার্সেলোনাও এই গ্রহের অন্যতম সেরা দল। বার্সেলোনাকে হারাতে অন্য মাত্রার ফুটবলই খেলতে হবে জার্মান জায়ান্টদের।’ রয়টার্স।