
৫৬ মিনিটে মারিও গোটশের নামটা যখন বদলি তালিকায় দেখানো হলো, সিগনাল ইডুনা পার্কে ছড়িয়ে পড়ল তীব্র দুয়োধ্বনি। হলুদ বরন সমর্থকদের কারও কারও হাতে কাগজের নোট, ‘এই টাকার জন্যই তুমি আমাদের ছেড়ে গেলে?’ ১১ বছরের স্মৃতি মুছে এই মৌসুমেই ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে গেছেন গোটশে। ঠিক ১০ মিনিট পর এই গোটশেই প্রথম গোলটা দিলেন ডর্টমুন্ড-দুর্গে। আরিয়েন রোবেন ও টমাস মুলারের কল্যাণে আরও দুই গোল করেছে বায়ার্ন মিউনিখ। কিন্তু বায়ার্ন মিউনিখের ৩-০ গোলে জয়ের রূপকার কদিন আগেও ডর্টমুন্ডের অতি আপন যিনি ছিলেন সেই গোটশে।
স্কোরলাইন ইউরোপজয়ী বায়ার্নের জয়টাকে একতরফা দেখায়। আসলে লেভানডফস্কি, মেখিতেরিয়ান, রিউসরা অনেক সুযোগ পায়ে না ঠেললে ফল অন্য রকমও হতে পারত। আরিয়েন রোবেন ঠিক কথাটাই বলেছেন, ‘জয়টা আসলে একটু অতিরঞ্জনই হয়ে গেছে। ৮৫ মিনিট পর্যন্তও স্কোরলাইন ছিল ১-০। মনে হচ্ছে এটা সহজ এক জয় ছিল, কিন্তু ডর্টমুন্ডও সুযোগ পেয়েছিল।’
তবে খেলাটা ফুটবল বলেই সুযোগ কাজে লাগানোটাই বড় কথা। যেটা করেছেন গোটশে। ৬৬ মিনিটে তাঁর দুর্দান্ত ফিনিশিংয়ে স্বাগতিকদের স্তম্ভিত করে দেয় বায়ার্ন। পুরোনো ক্লাবকে ‘শ্রদ্ধা’ দেখাতেই গোটশে গোলটা উদ্যাপন করেননি। এরপর শেষ পাঁচ মিনিটে মুলার, রোবেনের দুই গোল।
বুন্দেসলিগায় বায়ার্নের সঙ্গে আগের ছয় সাক্ষাতে একবারও হারেনি ডর্টমুন্ড। জিতেছিল চার ম্যাচ, বাকি দুই ম্যাচ ছিল ড্র। জয়টা কোচ পেপ গার্দিওলার জন্য দারুণ প্রার্থিত ছিল। এতে ডর্টমুন্ডের দাপট যেমন ক্ষুণ্ন করলেন, শিরোপার ঝলকানিটাও নিয়ে আসতে পারলেন দৃষ্টিসীমায়। দ্বিতীয় স্থানে থাকা লেভারকুসেনের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল বায়ার্ন, ডর্টমুন্ডের চেয়ে ৭। গার্দিওলার কণ্ঠে উচ্ছ্বাস, ‘আমরা খুবই খুশি, কারণ পাল্টা-আক্রমণে বিশ্বের সেরা দলের সঙ্গে আমরা জিতেছি।’
ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপের আক্ষেপ প্রথম গোলটা নিয়েই, ‘কীভাবে হারলাম সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। দ্বিতীয় ও তৃতীয় গোল ম্যাচটাকে বোঝাতে পারবে না।’
ক্লপের চেয়ে বেশি আফসোস করতে হচ্ছে এসি মিলান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে। ছন্নছাড়া মিলানের আরেকটি ভুলে যাওয়ার মতো রাত গেল পরশু। জেনোয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করায় তাদের জয়খরা গিয়ে দাঁড়াল পাঁচ ম্যাচে। কিন্তু জেনোয়ার সঙ্গে ড্রটাই বেশি হতাশায় পোড়াচ্ছে মিলানকে। পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলেছিল জেনোয়া। তার পরও তাদের হারানো যায়নি! পেনাল্টি থেকে গোল করতে পারেননি মারিও বালোতেল্লি। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বারের মতো পেনাল্টি মিস করেছেন ইতালিয়ান স্ট্রাইকার। ম্যাচ শেষে তাই শ চারেক ক্ষুব্ধ মিলান সমর্থক অবরুদ্ধ করে রাখে টিম বাস বেরোনোর রাস্তা। অবশেষে মধ্যরাতের পর স্টেডিয়াম ছাড়তে পারে মিলান ও জেনোয়া। সিরি ‘আ’তে অঘটনময় এই রাতে পার্মার কাছে ১-০ গোলে হেরে গেছে নাপোলি।
তবে বায়ার্নের মতোই উড়ছে পিএসজি। রেঁসকে ৩-০ গোলে হারিয়ে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে এগিয়ে গেছে ৭ পয়েন্টে। গোল করেছেন ইব্রাহিমোভিচ, মৌরা ও মেনেজ। এএফপি, রয়টার্স।