জার্মান দলকে বীরের অভ্যর্থনা

‘ডানকে’—জার্মান ভাষায় এই শব্দটির অর্থ ‘ধন্যবাদ’। প্রতি বিশ্বকাপ শেষে বার্লিনে সমর্থকদের উদ্দেশে এ কথাটিই বলেন জার্মান খেলোয়াড়েরা। গত কয়েকটি বিশ্বকাপ শেষে সমর্থকদের সামনে হাসি মুখে হাজির হলেও মনে তাদের থাকত না পাওয়ার যন্ত্রণা। এবার আক্ষেপ-টাক্ষেপ নয়, মাথা উঁচু করেই দর্শক-সমর্থকদের সামনে হাজির হয়েছেন জোয়াকিম লো’র দল। হাজারো জনতা বরণ করে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের।

মঙ্গলবার সকালেই দেশের মাটি ছুঁয়েছেন জার্মান নায়কেরা। লুফথানসার যে বিশেষ বিমানটি ফিলিপ লামদের বহন করেছে, তার গায়ে লেখা—‘weltmeister’ বা ‘বিশ্বচ্যাম্পিয়ন’। জয়ীদের বরণ করে নিতে বিমানবন্দর থেকে
শুরু করে বার্লিনের ব্রানদেনবার্গ গেটে জমায়েত ছিল হাজারো মানুষ। উল্লসিত সমর্থকদের গায়ে জার্মান দলের জার্সি, হাতে তেরঙা পতাকা। আর তোরণে লেখা—‘ধন্যবাদ ছেলেরা!’
এটা তো উত্সবের শুরু। তবলায় প্রাথমিক বোল। জার্মান ফুটবলারদের জন্য অপেক্ষা করে আছে অনেক কিছুই। বিশ্বচ্যাম্পিয়ন বলে কথা!