জার্মান দলে কেবল সমন্বয়টাই দরকার: জোয়াকিম লো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঘাতজনিত সমস্যায় এবারের বিশ্বকাপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল কোনটি—এই প্রশ্নের জবাবে নির্দ্বিধায় বলে দেওয়া যায় জার্মানির কথা। গোঁড়ালির সমস্যার কারণে অধিনায়ক মাইকেল বালাককে হারিয়ে যখন কোচ জোয়াকিম লো দিশেহারা, ঠিক তখনই আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হেইকো ওয়েস্টারম্যানের পা ভেঙে যাওয়ায় গভীর গাড্ডাতেই পড়ে গিয়েছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়নশিপ দূরের কথা সেমিফাইনাল লক্ষ্যের কথাও সাহস করে বলতে পারছিল না জার্মানরা। কয়েক দিন আগে ভারপ্রাপ্ত অধিনায়ক ফিলিপ লাম নিজের লক্ষ্য সম্পর্কে অনেকটা ক্ষীণ স্বরেই বলেছিলেন এই মুহূর্তে সেমিফাইনালই লক্ষ্য। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক দিন বাকি থাকতে প্রীতি ম্যাচগুলোতে জার্মানির ভালো পারফরম্যান্স আত্মবিশ্বাসী করে তুলেছে কোচ জোয়াকিম লো’কে।গত বৃহস্পতিবার বসনিয়াকে ৩-১ গোলে হারিয়ে দেওয়ার পর কোচ লো বলেছেন, ‘সব মিলিয়ে দলের পারফরম্যান্সে আমি পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও, খেলাটিতে জার্মান খেলোয়াড়দের ক্ষমতা প্রকাশিত হয়েছে।’ তিনি বলেছেন, ‘আঘাতের কারণে গুরুত্বপূর্ণ দুজন খেলোয়াড়কে হারানোর পরও জার্মানি ভালো দল এবং দলের খেলোয়াড়েরা তাঁদের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করছে। এটাই আমার কাছে ভালো লাগছে।’দলের অন্য খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও মূল স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার পারফরম্যান্স নিয়ে বেশ চিন্তিতই জোয়াকিম লো। বিশ্বকাপের আগে একটি প্রীতিম্যাচেও মিরোস্লাভ ক্লোসা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ক্লোসার এই ধারাবাহিক ব্যর্থতার ব্যাখ্যা দিতে গিয়ে জোয়াকিম লো ক্লোসার ম্যাচ প্র্যাকটিসের অভাবকেই সামনে নিয়ে এসেছেন। তবে লো দারুণ উচ্ছ্বসিত টমাস মুলারকে নিয়ে। তিনি বলেছেন, মুলার প্রীতি ম্যাচগুলোতে দারুণ কিছু আক্রমণ গড়তে দলকে সাহায্য করেছে। তিনি বিশ্বকাপে জার্মান দলের আক্রমণ ভাগের অন্যতম অস্ত্র হতে পারে।সব মিলিয়ে জার্মানিকে অনেক দূর নিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর কোচ জোয়াকিম লো। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের আগে জার্মান দলের দরকার কেবল খেলোয়াড়দের সুসমন্বয়। আর সবই ঠিক আছে।জার্মানি বিশ্বকাপের ‘ই’ গ্রুপে অস্ট্রেলিয়া, ঘানা, সার্বিয়ার সঙ্গে খেলবে। জার্মানির প্রথম খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ জুন।