জার্মান দলের ‘অজার্মান’ আধিক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে আজ খেলতে নামা জার্মান দলটির ‘অজার্মান’ খেলোয়াড়দের নিয়ে সরগরম ইংলিশ মিডিয়া। জাত্যাভিমানের এই লড়াইয়ে এই খবর ইংরেজদের মনে পুলক এনে দিয়েছে এই ভেবে, ‘শ্রেষ্ঠ’ ইংরেজ জাতির বিপক্ষে জার্মানি নিজস্ব শক্তি নিয়ে খেলছে না। দলটিতে ‘ভাড়াটে’ খেলোয়াড়ের সংখ্যাধিক্যের খবর ছেপে আজ রোববার ব্রিটিশ কাগজ সানডে টাইমস প্রমাণের চেষ্টায় রয়েছে, আজকের ম্যাচে দল হিসেবে অনেকটাই এগিয়ে আছে ইংল্যান্ড।ইংল্যান্ড দলটি পুরোপুরিভাবেই ইংরেজদের নিয়ে গঠিত হলেও জার্মান দলের কমপক্ষে ১১ জন সদস্য রয়েছেন, যাঁদের শেকড় অন্য দেশে। এ নিয়ে ইংল্যান্ডের মিডিয়াও নানা ধরনের গল্প ফেঁদেছে। ব্যাপারটিকে ‘ভিন্নদিকে’ নিয়ে যাওয়ার প্রবণতাও কম নয়। ইংল্যান্ড ও জার্মানির মধ্যকার লড়াই যেহেতু ইউরোপের দুই জাতির নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই, তাই জার্মানি দলে ১১ জন অজার্মান খেলোয়াড়ের উপস্থিতিকে বেশ কিছুটা বাঁকা চোখেই দেখছে ইংলিশ মিডিয়া। লন্ডনের সানডে টাইমস আজ ব্রিটিশদের ইনিয়ে-বিনিয়ে জানিয়েও দিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ‘ধার-কর্য’ করেই খেলোয়াড় নামিয়ে খেলবে জার্মানি।ব্যাপারটি একটু খোলাসা করা যাক: জার্মানির বর্তমান বিশ্বকাপ দলের ২৩ জন সদস্যের মধ্যে নয়জন রয়েছেন, যাঁরা ‘সত্যিকারের’ জার্মান নন। অর্থ্যাত্, তাঁদের কেউই পুরোপুরি জার্মান মা-বাবার সন্তান নয়। অনেকে জাতিগতভাবে জার্মান নন। জার্মানিতে অনেক দিন ধরে থাকতে থাকতে তাঁরা জার্মানির নাগরিকত্ব নিয়ে নিয়েছেন। দলের জার্মেই বোয়েটাং জার্মান মা ও ঘানাইয়ান বাবার সন্তান। তিনি আবার পুরোপুরি জার্মান নাগরিকও নন। বছরের একটা সময় তিনি কাটান তাঁর মাতৃভূমি ঘানায়। জার্মেই বোয়েটাংয়ের ভাই কেভিন প্রিন্স বোয়েটাং আবার এই বিশ্বকাপে ঘানার হয়ে খেলছেন। এই মুহূর্তে জার্মান দলের সবচেয়ে আলোচিত তারকা মেসুত ওজিলের জন্ম ও বেড়ে ওঠা তুরস্কে। তাঁর বাবা-মা দুজনই তুর্কি। তুরস্ক থেকে জার্মানিতে ওজিলের পরিবার জার্মানির নাগরিকত্ব গ্রহণ করে। কেবল ওজিলই নন সেরডার তাসকির বাবা-মাও তুর্কি। সামি খেদিরার বাবা তিউনিশীয়। মারিও গোমেজ স্প্যানিশ বংশোদ্ভূত। মার্কো মারিন জার্মানির পক্ষে খেললেও তিনি সার্বীয় এবং তিনি নাকি নিজেও বলেছেন, সার্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে তাঁর পুরো পরিবারই সার্বিয়াকে সমর্থন করেছে। গোলের জন্য জার্মান দল যে দুজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল, সেই মিরোস্লাভ ক্লোসা ও লুকাস পোডলস্কি যে জাতিগতভাবে পোলিশ, সেটা তো অনেক পুরোনো খবর। জার্মানির অরেক খেলোয়াড় কাকাউ এই তো সেদিনই জন্মভূমি ব্রাজিল ছেড়ে এই কিছুদিন আগেই জার্মানির নাগরিকত্ব গ্রহণ করেছেন।এসব নানা রকম বিতর্কে মুখর হয়ে উঠেছে আজকের ইংল্যান্ড-জার্মানি ম্যাচটি। তবে মাঠের বাইরে কেউ কাউকে ছেড়ে কথা না বললেও মাঠের লড়াইটাই যে আসল সেটা কেউ ভুলে না গেলেই হয়