আবার যেন ফিরে এল ১৯৬৬। ওয়েম্বলি ফিরে এল ফ্রি স্টেট স্টেডিয়ামে। কিন্তু ছবিটায় পার্থক্য থেকে গেল দুটি। পার্থক্য এক, সেবার জিওফ হার্স্টের বল গোললাইন পেরিয়েছিল কি না, এটা নিয়ে বিতর্ক থাকলেও রেফারি গোলের বাঁশিই বাজিয়েছিলেন। কিন্তু এবার সন্দেহাতীতভাবেই ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শট বারে লেগে গোললাইন পেরিয়ে ভেতরে পড়লেও বাঁশিতে ফুঁ দেওয়ার প্রয়োজনীয়তা দেখেননি রেফারি।পার্থক্য দুই, ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড জিতেছিল ৪-২ গোলে। ৪৪ বছর ধরে পুষে রাখা জার্মানদের ক্ষোভ বিষ হয়ে ঝরল কাল। সেই বিষে নীল হয়ে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইংল্যান্ড! কোয়ার্টার ফাইনালে নাম লেখাল জার্মানি, যেখানে প্রতিপক্ষ আর্জেন্টিনা।ফুটবল প্রতিদ্বন্দ্বিতার দীর্ঘ ইতিহাস। এর সঙ্গে ফুটবলের বাইরে অন্য আরও সব কারণ যোগ হয়ে সত্যিকার এক আবেগের ম্যাচ। সেই আবেগ থাকল। কিন্তু ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা বলতে যা বোঝায়, তা একদমই হলো না। জার্মান বুলডোজার যে একেবারে গুঁড়িয়ে দিল ইংলিশদের। ৩২ মিনিটেই ২ গোলে এগিয়ে গেল জার্মানি। দুটোই ইংলিশ ডিফেন্ডারদের ভুল আর জার্মানদের পারস্পরিক বোঝাপড়ার ফসল। প্রথম গোলটি যথারীতি মিরোস্লাভ ক্লোসার। জার্মান গোলরক্ষক বল লম্বা করে মেরেছিলেন। সেটি উড়ে এসে পড়েছে ইংলিশদের বক্সে ওত পেতে থাকা ক্লোসার সামনে। বিশ্বকাপে তাঁর দ্বাদশ গোলটি করে দলকে প্রথম এগিয়ে দেন। ১২ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন লুকাস পোডলস্কি। টমাস মুলারের বাড়িয়ে দেওয়া বল বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন ক্লোসার স্ট্রাইকিং-সঙ্গী। এই যুগল আঘাতে হতভম্ব ভাব কাটিয়ে ইংল্যান্ড জেগে উঠেছিল। ফলাফল পরের ১০ মিনিটে ফুটবলীয় রোমাঞ্চের পসরা। প্রতিটি মিনিটই যেন ম্যাচের হাইলাইটস। ক্লোসার গোলে ‘অবদান’ রেখেছিলেন ম্যাথু আপসন। ইংলিশ ডিফেন্ডারকে নিশ্চয়ই পোড়াচ্ছিল ক্লোসাকে ঠিকমতো আটকে রাখতে না পারার ব্যর্থতা। ৩৭ মিনিটে জেরার্ডের কাছ থেকে বল পেয়ে গোল করে প্রায়শ্চিত্ত করেন তিনি। পরের মিনিটেই সমতা ফেরাতে পারত ইংলিশরা। অনেক দূর থেকে ল্যাম্পার্ডের জোরালো শট বারে লেগে গোললাইনের ভেতরে ড্রপ খেয়ে আবারও বারে লেগে বাইরে ফিরে আসে।এ নিয়ে বিতর্ক হোক, জার্মানরা সেটি চায়নি। চায়নি বলেই পরিষ্কার ব্যবধানে ম্যাচটা জিতেছে তারা। ৬৭ থেকে ৭০—এই ৩ মিনিটের মধ্যেই দুটো গোল করে ইংলিশদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন টমাস মুলার। ১৯৫৪ বিশ্বকাপের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে চার গোল হজম করতে হয় ইংল্যান্ডকে।রেফারিকে হয়তো তবুও দুষবে অতিউৎসাহী ইংলিশ মিডিয়া, এবার টুর্নামেন্টের পর্দা ওঠার আগেই ইংল্যান্ডের হাতে ট্রফিটা যারা তুলেই দিয়েছিল। কে জানে, এর পর থেকে হোর্সে লারিয়নদা, পাবলো ফ্যানদিনো আর মাউরিসিও এসপিনোসা ‘পারসোনা নন গ্রাটা’র তালিকাভুক্ত হয়ে যান কিনা ইংল্যান্ডে। ম্যাচ পরিচালনার ভার যে ছিল এই তিন রেফারির ওপরই!তবে রেফারির বদলে ইংল্যান্ড ভাগ্যকেই দুষতে পারে। ল্যাম্পার্ডের আরেকটি শট যে লেগেছিল ক্রসবারে। ল্যাম্পার্ড তবু দুবার বারে শট লাগিয়েছেন, একবার কঠিন পরীক্ষা নিয়েছেন জার্মান গোলরক্ষকের। চার ম্যাচেও যে ঘুম ভাঙল না ওয়েইন রুনির, ‘পেলে আর ম্যারাডোনা হতে চাই’ ঘোষণা দিয়ে যাঁর আগমন এই বিশ্বকাপে।চুক্তি বাড়ালেও ফ্যাবিও ক্যাপেলো ২০১২ পর্যন্ত থাকবেন কি না, সেটি কদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। তবে ইংল্যান্ডের ইতালিয়ান কোচ কাল ম্যাচ শেষে পরিষ্কার করে দিয়েছেন, এই বিশাল পরাজয়ের পেছনে শিষ্যদের চেয়ে রেফারিকেই তাঁর শত্রু মনে হচ্ছে। ল্যাম্পার্ডের গোলটি হলে স্কোর ২-২ হয়ে যায়। মনস্তাত্ত্বিকভাবে লড়াইটাও সমানে-সমানে হয় বলেই অভিমত তাঁর।ক্যাপেলো যতই আড়াল করার চেষ্টা করুন, ইংলিশদের অংহবোধে অনেক দিন খুঁচিয়ে যাবে ব্লুমফন্টেইনের এই ম্যাচের স্মৃতি। যে ম্যাচের প্রসঙ্গ উঠলেই জরুরি কোনো কাজের কথা মনে পড়ে যাবে ইংলিশদের!