জার্মান মানসিকতারই চূড়ান্ত বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালের আগে বলেছিলাম, অজেয় মান​সিকতাই জার্মানির বড় অস্ত্র।রোববার মারাকানায় ঠিক সেটাই দেখলাম। শেষ ৩০ মিনিট আর্জেন্টিনা একটু ক্লান্ত হয়ে পড়েছিল। মাচেরানোদের শরীরী ভাষায় সেটা বোঝা যাচ্ছিল ভালোই। কিন্তু জার্মানি এতটুকু ভেঙে পড়েনি। এটাই জার্মান চরিত্র। নিজেদের কাজটা শেষ না হওয়া পর্যন্ত ছাড়বে না।

আর্জেন্টিনা ঠিক এই জায়গায় মারটা খেল। ​মেসির মতো লোকও খেই হারিয়েছেন। স্নায়ুচাপ ধরে রাখতে না পেরে ফ্রি-কিক তুলে দিয়েছেন বারের অনেক ওপর দিয়ে। হতাশা থেকেই এটা হয়েছে। কিন্তু জার্মানিকে কোনো হতাশাই ঘিরে ধরতে পারেনি। কাজটা শেষ না করা পর্যন্ত কিসের ক্লান্তি, কিসের হতাশা—এটাই ​​মুলারদের শরীরী ভাষায় ঠিকরে বেরোচ্ছিল।

জার্মানি মধ্যে বাড়তি কোনো আবেগের প্রশ্রয়ও নেই। ব্রাজিলকে সেমিফাইনালে ৭ গোলে গুঁড়িয়ে দিয়েও তাই সেভাবে কোনো আনন্দ প্রকাশ করেননি ফিলিপ লামরা।  ফাইনাল জিতেই মিশন শেষ ক​রতে চেয়েছেন। এই যে অসম্ভব মানসিক দৃঢ়তা, জার্মা​নি ছাড়া অন্য কোনো দলে এতটা নেই। আমি বলব, জার্মানিকে বিশ্বকাপ জেতাল তাদের মানসিকতাই।

আর্জেন্টিনা ম্যাচটা বিশ্লেষণ করতে বসলে অবধারিতভাবে উঠে আসবে একটা দিক—গোল ​নষ্ট। এত সহজ গোল নষ্ট করলে জেতা যায় না। ​ম্যাচের শুরুর দিকে হিগুয়েইনের অমন গোল মিস অবিশ্বাস্য। আসলে ভাগ্য বলে একটা কথা আছে, সেটা আর্জেন্টিনার সঙ্গে ছিল না। তবে ভাগ্যকে ​সব দোষ দেওয়া যাবে না।  জার্মানি যোগ্যতর দল হিসেবেই ব্রাজিল জয় করেছে। বিশ্বকাপ তাদের হাতেই এবার সবচেয়ে বেশি মানায়।

ফুটবল মাঠে শৃঙ্খলার একটা ব্যাপার আছে। যেটা আগাগোড়া ধরে রেখেছে জার্মানি। শৃঙ্খলা বলতে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করেছে ষোলো আনা। কখনোই সামান্যতম অগোছালো হয়নি। ভুল যত কম করা যায়, নজর রেখেছে সে​দিকেও। জার্মানি মাঠে ভুল বলতে গেলে করেই না। অতিমানবীয় একটা দল যেন ওরা। মাঠে যে পরিকল্পনা নিয়ে নেমে​ছিল, সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে তবেই ক্ষান্তি। জার্মানি জানত মেসি একটু জায়গা পেলে শেষ করে ​দিতে পারে। তাই মেসিকে খোলা জায়গা দেওয়া হয়নি।

দুদলই খেলল উঁচুমানের ট্যাকটিক্যাল ম্যাচ। লক্ষ্য ছিল, প্রতিপক্ষকে ​খেলতে না দেওয়া। ​বিশেষ করে জার্মা​নি চেয়েছে, প্রতিপক্ষকে ওপরে উঠতে না দিয়ে চেপে ধরা। সেটা করতে ​গিয়ে অ্যাটাকিং থার্ডে ​গিয়েও তারা কত পাস খেলল! এটা দুর্দান্ত ব্যাপার।

বাতাসে বল দখলের লড়াইয়ে জার্মানরাই বেশি জিতল। রক্ষণে বোয়াটেং-লামরা দুর্দান্ত সব ট্যাকল করলেন। গোলরক্ষক নয়্যার একবার যেভাবে আর্জেন্টিনার এক খেলোয়াড়ের ঘাড়ের ওপর এসে পাঞ্চ করেছেন, এটা তাঁর বীরত্বেরই প্রকাশ। গোটা দলেরই প্রতীকী ছবি বলতে পারেন। মাঝমাঠে ​শোয়েনস্টাইগারের কথা আলাদা করে বলা উচিত। একটা পরিসংখ্যান দেখলাম, ফাইনাল ১৫.৩ কিলোমিটার দৌড়েছেন ​শোয়েনস্টাইগার। তার পর মুলার (১৫ কিলোমিটারের ওপরে।) এই যে মাঠে এত পরিশ্রম করা, সেটারই চূড়ান্ত ফল বিশ্বকাপ ট্র​ফি।