জার্মান-রাজের শুরু

মারাকানার সুউচ্চ মিডিয়া ট্রিবিউন থেকে প্রথম দর্শনে গোলটা এমন কিছু আহামরি বলে মনে হয়নি। বড় পর্দায় আবার দেখানোর পর বোঝা গেল সেটির আসল মহিমা। বিশ্বকাপ ফাইনালের ভাগ্য গড়ে দেওয়া গোল তো এমনই হওয়া উচিত।
ম্যাচ টাইব্রেকারে গড়াতে মিনিট সাতেক বাকি, মারিও গোটশে বুক দিয়ে ক্রসটা নামালেন। তার পর বাঁ পায়ের ভলি। পুরো জিনিসটাতে এমন একটা শিল্পিত ব্যাপার ছিল যে মুগ্ধ হয়ে যা বারবার দেখতে ইচ্ছা করে।
এই মারিও গোটশে মাঠে নেমেছেন ম্যাচের ৮৮ মিনিট পর। তথ্যটা জরুরি এই জার্মানি দলের শক্তির জায়গাটা বোঝাতে। ম্যাচের আগে ওয়ার্মআপের পর স্যামি খেদিরা কোচকে বললেন, তাঁর খেলার মতো অবস্থা নেই। এই বিশ্বকাপে জার্মান মাঝমাঠ শোয়েনস্টাইগার ও মুলারের সঙ্গে খেদিরার চক্রব্যূহ। জোয়াকিম লো সেই খেদিরাকে হারিয়ে নামিয়ে দিলেন ক্রিস্টোফ ক্রামারকে। কোনো আন্তর্জাতিক ম্যাচের প্রথম একাদশে এই প্রথম। সেই ক্রামারকেও চোট পেয়ে উঠে যেতে হলো ৩১ মিনিটে। তাতেও কোনো সমস্যা নেই। জার্মানির এই দলে কোনো মেসি নেই যে, তাঁর বিকল্প থাকবে না। এই দলে সবাই ‘মেসি’।
সেই মেসির কথা বলেই মারিও গোটশেকে তাতিয়েছেন লো। অতিরিক্ত সময়ের বিরতিতে তাঁকে বলেছেন, ‘বিশ্বকে দেখিয়ে দাও তুমি মেসির চেয়ে ভালো। তুমি বিশ্বকাপ ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারো।’ গোটশে তাই দিলেন। ‘জার্মান মেসি’ বলে যে একটা পরিচয় আছে গোটশের, সেটি আর্জেন্টাইনদের বুকে রক্তক্ষরণ আরও বাড়িয়ে থাকবে।
আসল মেসি আসল সময়ে ব্যর্থ। গ্রুপপর্বে ৪ গোলের পর আর গোল নেই। ফাইনালেও নিজের ছায়া। ওয়ান টু ওয়ানেও বল পোস্টে রাখতে না পারার অমেসিসুলভ কাণ্ডও ঘটল। পেলে-ম্যারাডোনার ছায়া হয়ে থাকাও কি নিশ্চিত করে দিল এই বিশ্বকাপ! তার পরও মেসিই জিতলেন গোল্ডেন বল। যেটি নিয়ে অবধারিতভাবেই বিতর্ক। আলেসান্দ্রো সাবেলার সংবাদ সম্মেলনে মেসির এই স্বীকৃতিটা প্রাপ্য কি না প্রশ্ন হলো। সাবেলা কী বলবেন অনুমেয়ই ছিল। মেসির দারুণ একটা বিশ্বকাপ গেছে, আর্জেন্টিনা এ পর্যন্ত এসেছে তাঁর কারণেই ইত্যাদি। দ্বিতীয় কথাটা নিয়ে কোনো সংশয় নেই, প্রথমটি নিয়ে অবশ্যই আছে। আরিয়েন রোবেন, হামেস রদ্রিগেজ বা বিজয়ী জার্মানদের কারোই কি প্রাপ্য ছিল না সোনার বলটা?
ডিয়েগো ম্যারাডোনা উল্টোপাল্টা অনেক কিছুই বলেন। তবে অতি বড় শত্রুও তাঁর বিরুদ্ধে কপটতার অভিযোগ তুলতে পারবে না। নিজে যা ঠিক মনে করেন, নির্দ্বিধায় সেটি বলে ফেলেন। মেসির গোল্ডেন বল জেতা নিয়েও আদি ও অকৃত্রিম সেই ম্যারাডোনা। পারলে প্রিয় লিওকে তিনি স্বর্গ দিয়ে ফেলতেন। তবে প্রাপ্য নয়, এমন কিছু পাওয়াটা মানতে পারছেন না। মেসিকে গোল্ডেন বল দেওয়ার কারণটা তাঁর কাছে পুরোপুরিই বাণিজ্যিক।
বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের এই পুরস্কারটা আগে সাংবাদিকদের ভোটে নির্ধারিত হতো। এখন সেটি করে ফিফার টেকনিক্যাল কমিটি। খেলাকে পুরোপুরি ব্যবসা বানিয়ে ফেলার এই যুগে বাণিজ্য-টানিজ্য তাঁদের মাথায় থাকাটা মোটেই অস্বাভাবিক কিছু নয়।
‘অস্বাভাবিক’ বলতে পারেন জার্মানির এই বিশ্বকাপ জয়কে। টুর্নামেন্টের সন্দেহাতীত সেরা দলের হাতেই যে ট্রফি উঠেছে, এ নিয়ে কোনো প্রশ্নই নেই। একসময়কার যান্ত্রিক, একঘেয়ে ফুটবল ঘরানা থেকে বেরিয়ে এসে জার্মানরা এখন খেলছে চোখজুড়ানো ফুটবল। এই জার্মানির জয় তাই সুন্দর ফুটবলেরও জয়। অস্বাভাবিকত্বটা হলো, এই প্রথম লাতিন আমেরিকার কোনো বিশ্বকাপে ইউরোপের পতাকা ওড়ানো।
এশিয়া ও আফ্রিকার দুটি বিশ্বকাপ অবধারিতভাবেই অন্য মহাদেশের বিজয়ী দেখেছে। নইলে যে মহাদেশে বিশ্বকাপ, সেই মহাদেশেই ট্রফি থেকে যাওয়ার নিয়মের ব্যতিক্রম ঘটেছে একবারই। ১৯৫৮ সালে সুইডেনে যে ইতিহাস গড়েই ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়। জার্মানির এই জয় যে কারণে আলাদা মাহাত্ম্য নিয়ে ধরা দিচ্ছে জোয়াকিম লোর কাছে, ‘লাতিন আমেরিকাতে এসে, এই রিওতে, ফুটবলের দেশ এই ব্রাজিলে বিশ্বকাপ জেতার অনুভূতিটা বিশেষ কিছু।’
কোনো বড় জিনিসই একদিনে হয় না। ২০০২ বিশ্বকাপজয়ী জিলবার্তো সিলভা যেমন এই বিশ্বকাপে ব্রাজিলের পতনকে দেখছেন ১০ বছর ধরে ব্রাজিলিয়ান ফুটবলে চলে আসা স্বেচ্ছাচারিতা, পরিকল্পনাহীনতার ফল হিসেবে। কাকতালীয়ভাবে জার্মানির ইতিহাস গড়ার গল্পেও ‘১০ বছর’ সময়টা চলে আসছে। লো জানাচ্ছেন, ২০০৪ সালের দিকে জার্মান ফুটবল তলানিতে চলে যাওয়ার পর কীভাবে আবার ঘুরে দাঁড়ানোর ছক কাটা হয়েছিল। কীভাবে ১০ বছর ধরে তিল তিল করে গড়ে তোলা হয়েছে এই স্বপ্নসৌধ। পূর্বসূরি ইয়ুর্গেন ক্লিন্সমানের নেতৃত্বেই যে শুরু হয়েছিল কাজটা, সেই স্বীকৃতিও দিলেন অকুণ্ঠে।
আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর প্রতিপক্ষ সম্পর্কে বলতে গিয়ে আলেসান্দ্রো সাবেলাও জার্মানির এই দিকটাই তুলে ধরেছিলেন সামনে, ‘ফুটবলের দৃষ্টিকোণ থেকে আমি দুটি দেশকে খুব শ্রদ্ধা করি। এক ব্রাজিল, দুই জার্মানি। জার্মানদের ফুটবল ইতিহাস শারীরিক শক্তি, ট্যাকটিক্যাল জ্ঞান ও মানসিক দৃঢ়তার এক প্রতিচ্ছবি। এই দেশ থেকে ম্যাগাথ, বেকেনবাওয়ার, ম্যাথাউসের মতো ফুটবলারও এসেছে, যাদের খেলায় ছিল লাতিন ছোঁয়া। এই দলে জার্মানির বাইরে বড় হওয়া ফুটবলাররা থাকায় এখন তা আরও বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ওরা প্রথম বিশ্বের দেশ। সংগঠন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এসব দিক থেকে অনেক এগিয়ে।’
সেটির প্রমাণ লোর কথা থেকেও মিলছে। প্রত্যক্ষ প্রমাণ তো এই বিশ্বকাপেই আছে। জার্মান ফুটবল ফেডারেশন নিজেদের টাকা খরচ করে ব্রাজিলের এক দ্বীপকে দলের জন্য বেস ক্যাম্প বানিয়ে ফেলেছে। প্রস্তুতি কত নিখুঁত হতে পারে, বাকি ফুটবল বিশ্বের সামনে তার একটা মডেলও যেন দাঁড় করিয়ে দিয়েছে।
জার্মানির এই দলও বোধ হয় আগামী দিনগুলোয় বাকি বিশ্বের জন্য মডেল হতে যাচ্ছে। বিশ্বকাপ জেতার পর জোয়াকিম লোর কথা শুনে তো মনে হলো, এরই মধ্যে তিনি ২০১৮ বিশ্বকাপের ছক কাটতে শুরু করে দিয়েছেন। মনে করিয়ে দিলেন, তাঁর দলের বেশির ভাগ খেলোয়াড়েরই বয়স ত্রিশের এপারে। ক্রুস-গোটশে-খেদিরা এমন কয়েকজনের নাম বলে বললেন, ‘এমনকি ক্লোসাও যদি চার বছর পর থাকে, আমি বিস্মিত হব না।’
সব খেলায়ই চক্র থাকে। এক দলের রাজত্ব শেষ হয়, শুরু হয় আরেক দলের। এই বিশ্বকাপ স্প্যানিশ-রাজের অবসান ঘটিয়ে জার্মান-রাজ শুরুর আনুষ্ঠানিক ঘোষণাটাই যেন দিয়ে দিল।