জার্মান শিবিরে দুর্ঘটনা
চোটাঘাতে এমনিতেই জেরবার জার্মানি। বিশ্বকাপ শেষ হয়ে গেছে মিডফিল্ডার লার্স বেন্ডারের। পরশু বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে পারতেন আরও দুই ফুটবলার। উত্তর ইতালির পাসিরিয়ায় জার্মানির প্রশিক্ষণ শিবিরে উটকো এক গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন বেনেডিক্ট হোভেডেস ও ইউলিয়ান ড্রেক্সলার । এই দুই ফুটবলার অক্ষতই আছেন, অক্ষত আছেন তাঁদের গাড়ির চালকেরাও। তবে মারাত্মক আহত হয়েছেন ৬৩ বছর বয়সী এক জার্মান সমর্থক ও এক নিরাপত্তাকর্মী। জার্মান মোটরগাড়ি নির্মাতা ও জাতীয় দলের স্পনসর মার্সিডিজ আয়োজিত প্রদর্শনী ড্রাইভিং প্রতিযোগিতাতেই ঘটে এ দুর্ঘটনা। একটি গাড়ি চালাচ্ছিলেন ফর্মুলা ওয়ান ড্রাইভার নিকো রসবার্গ, অন্যটি প্যাসকাল ভেরলেইন । ভেরলেইনের গাড়ির সামনে পড়েই আহত হয়েছেন দুজন।
দুর্ঘটনার পর নির্ঘুম এক রাতই কাটিয়েছেন ফুটবলাররা। দলটির ম্যানেজার অলিভার বিয়েরহফ জানিয়েছেন, খেলোয়াড়েরা বড় ধরনের মানসিক ধাক্কা খেয়েছেন, ‘গাড়িতে মাত্র দুজন খেলোয়াড় থাকলেও পুরো দলেরই এ ঘটনায় মন খারাপ। বেশির ভাগ খেলোয়াড়ই বিশ্রাম নিচ্ছিল আর কেউ কেউ মার্টিন কেমারের (সাবেক বিশ্বসেরা গলফার) সঙ্গে গলফ খেলছিল।’
কাল অবশ্য একটা সুখবরও পেয়েছে জার্মানি। অনুশীলনে যোগ দিয়েছেন শোয়েইনস্টেইগার ও স্যামি খেদিরা। এএফপি, রয়টার্স।