জার্মান সুপার কাপ বরুসিয়ার

বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে পেপ গার্দিওলার মধুচন্দ্রিমার সময়টা ভালো হলো না। কাল সিগনাল ইদুনা পার্কে জার্মান সুপার কাপের ফাইনালে বায়ার্ন ৪-২ গোলে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডের কাছে।
খেলার ছয় মিনিটের সময় মার্কো রিউসের গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের বরুসিয়া। ৫৪ মিনিটে অবশ্য বায়ার্ন সমতায় ফেরে আরিয়েন রোবেনের গোলে। ৬৫ মিনিটে ড্যানিয়েল ফন বাইটেনের আত্মঘাতী গোল আবার এগিয়ে দেয় বরুসিয়াকে। এর ঠিক পরের মিনিটেই লিকে গুনডোগান বরুসিয়াকে এগিয়ে দেন ৩-১ গোলে। ৬৪ মিনিটে রোবেনের আরও একটি গোল তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও ৮৬ মিনিটে মার্কো রিউস নিজের দ্বিতীয় গোলে দারুণ জয় নিশ্চিত করেন বরুসিয়ার।
বায়ার্নের বিপক্ষে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করায় উচ্ছ্বাস ঝরেছে ডর্টমুন্ড গোলরক্ষক রোমান ভেইডেনফেলারের কণ্ঠে, ‘বায়ার্ন মিউনিখের মতো দলকে হারিয়ে সুপার কাপ জিতেছি। ব্যাপারটা সত্যিই দারুণ।’
উচ্ছ্বসিত ডর্টমুন্ড কোচ ক্লপ বলেন, ‘জয়টা সত্যিই অনন্য। আমি দারুণ খুশি।’ দল জয় পেলেও ক্লপ অভিনন্দন জানাতে ভোলেননি প্রতিদ্বন্দ্বী বায়ার্নকেও, ‘খেলাটি অসাধারণ হয়েছে। বায়ার্নও ভালো খেলেছে। এমন প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয় পাওয়াটা দারুণ তৃপ্তিদায়ক।’
বরুসিয়া জিতলেও খেলাটি সেয়ানে-সেয়ানে কোলাকুলি ছিল বলেই মনে করেন বায়ার্ন কোচ গার্দিওলা, ‘আমার মনে হয় না বরুসিয়া খুব দুর্দান্ত ফুটবল খেলে জিতেছে।’
বায়ার্নের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে পরাজয়কে গার্দিওলা ফুটবলীয় দৃষ্টিকোণ থেকেই দেখতে চান, ‘ফুটবলে এমন দিন আসতেই পারে। আমরা ভালো খেলেছি। কিন্তু জয় পাইনি। এটাই ফুটবল।’
বরুসিয়াকে শক্তিশালী দল হিসেবে আখ্যা দিয়েছেন গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলা একটি দলের বিপক্ষে হারে যে গ্লানি নেই, সেটাই ম্যাচ শেষে স্বীকার করলেন অকপটে, ‘যে দল চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছে, সেই দলের বিপক্ষে হারে কোনো গ্লানি নেই। এই হারটি আগামী দিনগুলোর জন্য আমাদের জন্য শিক্ষণীয় হয়েই থাকবে। ম্যাচে হারলেও দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে আমি খুশি।’ সূত্র: গোল ডটকম।
আজকের ভারত-জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে