জার্মানদের দাবি তো ঠিকই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 কেপটাউনব্রাজিল না থাকলে বিশ্বকাপের রং ফিকে হয়ে যায়। সেই ব্রাজিল গেল এক দিন আগে। বিশ্বকাপকে এবার সবচেয়ে রঙিন করে তোলা আর্জেন্টিনা পরদিন। প্রথম রাউন্ডে বাড়ি ফিরে গেছে ফ্রান্স-ইতালি। দূর, এই বিশ্বকাপের কোনো রং নেই, মানে নেই।আলোচনাটা এ নিয়েই চলছিল কেপটাউন সি-পয়েন্টে প্রবাসী বাংলাদেশি আরিফ-মারফতদের দোকানের সামনে। বাংলাদেশের ৮ জন সাংবাদিক সেখানে। প্রবাসী বাংলাদেশিও কয়েকজন জুটে গেলেন। জমজমাট এক ফুটবল আড্ডা। টুকটাক ইংরেজি শব্দ শুনে কয়েকজন জার্মানও যোগ দিলেন। অনেকটা অনাহূতভাবেই। ব্রাজিল নেই, আর্জেন্টিনা নেই—এই হাহাকারের ধ্বনিটা ওদের কানে গিয়ে থাকবে হয়তো। না, ওরা সান্ত্বনা বা সমবেদনা জানাতে আসেননি। এসেছিলেন প্রতিবাদ করতে। ব্রাজিল আর আর্জেন্টিনাই শুধু ফুটবল খেলে নাকি? আর কেউ খেলে না? জার্মানির দিকে আপনাদের চোখ পড়ে না?ওদের একজনের নাম শন, পরিসংখ্যান থেকে জানিয়ে দিলেন, ‘ব্রাজিল ফাইনাল খেলেছে ৬ বার, জার্মানি ৭ বার। আর্জেন্টিনা ফাইনাল খেলেছে ৪ বার।’ অতি খাঁটি কথা। ধারাবাহিকতার নিরিখে জার্মানির ধারে-কাছেও কেউ নেই। অথচ জার্মানির কথা কারও মনে পড়ে না, শনরা এই দুঃখ রাখবে কোথায়? আমাদের জটলা থেকে একজন একটু খোঁচা মারল, ‘তা ঠিক, জার্মানি ৭ বার ফাইনাল খেলেছে। কিন্তু তারা তো শুধু ফাইনালের দল হয়ে যাচ্ছে। ফাইনালে যায় রানার্সআপ হতে।’শনেরও মজুদ ছিল উত্তর, ‘ঠিক বলেছ, কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনা যে এখন কোয়ার্টার ফাইনালের দল হয়ে যাচ্ছে।’এটা একটা মোক্ষম খোঁচা। গতবারের মতো এবারও দুই দলেরই কোয়ার্টার ফাইনালে বিদায়। ব্রাজিলের সর্বনাশটা করল কে? কার্লোস দুঙ্গা, না হঠাৎই ফলপ্রত্যাশী হয়ে পড়া ব্রাজিলের সংখ্যাগরিষ্ঠ মানুষ? ২০০৬ বিশ্বকাপ ব্যর্থতার পর দুঙ্গার হাতে তুলে দেওয়া হয়েছিল ব্রাজিল দলকে। দুঙ্গা দলটাকে গড়ে তুললেন তাঁর মতো করে। নিজে ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার, দলকেও রক্ষণাত্মক মানসিকতায় আচ্ছন্ন করে ফেললেন। ‘গেল গেল, সুন্দর ফুটবল গেল’—রব উঠল। কিন্তু দুঙ্গা নির্বিকার। ইউরোপের মতো আঁটোসাঁটো রক্ষণ ও কাউন্টার অ্যাটাককেই মূল কৌশল হিসেবে বেছে নিলেন। এই কৌশলেই তিনি জিতলেন কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ। তিন ম্যাচ হাতে রেখেই বাছাইপর্বের পরীক্ষায় উতরাল ব্রাজিল। মানুষ তখন বিভ্রান্ত, এটা তো আসলেই কার্যকর কৌশল। এই বিশ্বকাপেও কখনো জেনে, কখনো না বুঝে অনেক ফুটবল-পণ্ডিত ব্রাজিলের গলাতেই শ্রেষ্ঠত্বের মালা পরালেন। কাকা দু-এক পা ফুটবলের জাদু দেখান, সবাই ধন্য ধন্য করেন। রবিনহো দারুণ ড্রিবলিংয়ে একটা গোল করে আসেন, সবাই বলেন, এই তো ব্রাজিলের সাম্বা জেগে উঠছে। কী নেই এই ব্রাজিলের? আছে সুন্দর খেলার সামর্থ্য, আছে দুর্দান্ত রক্ষণভাগ, ধারালো কাউন্টার অ্যাটাক। অনেকেই তখন খেয়াল করেননি এই ব্রাজিলকে তেমন একটা চাপে ফেলে দিলে তারা হাঁসফাঁস করতে থাকে। উত্তর কোরিয়াই তো সতর্ক সংকেত বাজিয়েছিল প্রথম ম্যাচে। হল্যান্ড বাজিয়ে দিল তাদের বিদায়ঘণ্টা।আর্জেন্টিনা ছিল টুর্নামেন্টের সবচেয়ে কাঙ্ক্ষিত দল। ম্যারাডোনার সঙ্গে মেসির যুগলবন্দীই ছিল সব আগ্রহের কেন্দ্রবিন্দু। কোয়ার্টার ফাইনালে গেল তারা মসৃণভাবে। ডিয়েগো ম্যারাডোনা ‘কোনো কোচ নন’ থেকে তখন ‘বিশ্বের সেরা’। আর্জেন্টিনারই অনেক সাংবাদিক বলতে শুরু করলেন, ‘আসলে ডিয়েগোর দূরদৃষ্টি আছে। সেই বাছাইপর্ব থেকেই তো দেখছি, যে খেলোয়াড়টিকে সে বদলি হিসেবে নামায়, কিছু একটা করে। পালের্মোকে নামালে সে গোল করে বিশ্বকাপ-স্বপ্ন বাঁচিয়ে রাখল, হিগুয়েইনকে নামাল, সেও গোল করল। পাস্তোরে তাঁর দারুণ এক আবিষ্কার।’ কথাটা পোলকওয়ানেতে গ্রিস ম্যাচের পর, যখন মার্টিন পালের্মো নেমেই পেয়ে গেলেন তাঁর প্রথম বিশ্বকাপ গোল। জার্মানির কাছে আর্জেন্টিনা বিধ্বস্ত হওয়ার পর ম্যারাডোনার নায়কের আসন আর নেই। এখন তিনি অতি সাধারণ মানের কোচ। খেলোয়াড় বদল করতে জানেন না। নিকোলাস ওটামেন্ডির মতো খেলোয়াড়কে কেন নামাতে হবে? রাইটব্যাকে তাঁর ভুলের মাশুল হিসেবেই তো প্রথম দুটি গোল খেল আর্জেন্টিনা। আর সেখানেই শেষ হয়ে গেল সব। এসব আর্জেন্টাইন সাংবাদিকদের হাহাকারের ভাষা। জার্মানির ওই তীরের ফলার মতো পাল্টা আক্রমণ আর গতির সামনে কোন খেলোয়াড়টাই বা খেলেছেন? আর্জেন্টিনার মাঝমাঠ বলে কিছুই ছিল না। মেসিকে বল ধরতে হলো নিচে নেমে। যে দেশে একজন মাত্র ডিফেন্সিভ মিডফিল্ডার, তারা জার্মানদের রুখবে কী করে?এখানেই কথা উঠছে ম্যারাডোনার গোঁয়ার্তুমির। বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাক ইন্টার মিলানের ট্রেবলজয়ী অধিনায়ক হাভিয়ের জানেত্তিকে দলে নিলেন না কেন—এখন এই প্রশ্ন উঠছে। দুঙ্গাকে যেমন শুনতে হচ্ছে, কেন নেওয়া হলো না রোনালদিনহোকে?বিশ্বকাপে এই তো হয়। সাফল্য এনে দিতে পারলে দেবতা, ব্যর্থতায় শিরশ্ছেদ। রেমন্ড ডমেনেখ, মার্সেলো লিপ্পিদের সঙ্গে শেষ পর্যন্ত ম্যারাডোনা-দুঙ্গার কোনো ব্যবধানই রাখল না এই বিশ্বকাপ!