জার্মানদের যত সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান ফুটবলাররা মনেপ্রাণেই চান দক্ষিণ আফ্রিকা থেকে দেশের মানুষের জন্য চতুর্থ বিশ্বকাপ শিরোপা উপহার হিসেবে নিয়ে আসতে। বিশ্ব ফুটবলের অন্যতম পাওয়ার হাউস জার্মানি ১৯৫৪, ১৯৭৪ ও ১৯৯০ সালে বিশ্বকাপ জিতলেও দলটি ’৯০-এর পর আর শিরোপার দেখা পায়নি। ২০০২ সালে শিরোপার খুব কাছাকাছি গিয়েও ফাইনালে তারা ব্রাজিলের কাছে হেরে গিয়েছিল ২-০ ব্যবধানে। ২০০৬ সালে নিজ মাঠে জার্মানদের ভাগ্যে জুটেছে তৃতীয় স্থান। এবার জার্মান ফুটবলাররা চতুর্থবারের মতো শিরোপা জিতে জাতীয় দলের ব্যাজে আরও একটি তারকার সংযোজন ঘটাতে চান। উল্লেখ্য, এর আগের তিনটি বিশ্বকাপ জয়ের স্মরণিকা হিসেবে জার্মান ফুটবল ফেডারেশনের ব্যাজ ‘তিন তারকা’ খচিত।কেবল বিশ্বকাপ জয়ের প্রত্যয়ই নয়, জার্মান ফুটবল সমর্থকদের একটি ওয়েবসাইটে খেলোয়াড়েরা জানিয়েছেন, তাঁদের বিশ্বাস ও মজার মজার কিছু সংস্কারের কথা। মাইকেল বালাকের আঘাতজনিত কারণে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া ফিলিপ লামকে খেলা শুরুর আগে সব খেলোয়াড়ের গোল হয়ে দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ দারুণভাবে উজ্জীবিত করে। তিনি প্রতি ম্যাচেই এ ব্যাপারটি সবাইকে দিয়ে করান। ফুটবল মাঠে লামের সংস্কার বলতে এটাই। দলের গোলরক্ষক ম্যানুয়েল নিউয়েরের ম্যাচ শুরু হওয়ার আগে গোলপোস্টের সাইডবার ও ক্রসবার একবার স্পর্শ করা চাই-ই চাই। তিনি মনে করেন, এ কাজটি না করতে পারলে তাঁর মধ্যে একটি খচখচানি কাজ করে, যা খেলায় প্রভাব ফেলে। দলের সেন্ট্রাল ব্যাক পার মার্টাসকার কোনো খেলার কমপক্ষে দুই দিন আগে থেকেই দাড়িতে রেজার চালানো বন্ধ করে দেন। তিনি মনে করেন, ক্লিন শেভড অবস্থায় খেলার মাঠে নামলে তাঁর মনে হয়, বাসা বা হোটেলে গুরুত্বপূর্ণ কিছু একটা ফেলে এসেছেন। বায়ার্ন মিউনিখের মাঝমাঠের খেলোয়াড় ও জার্মান দলের সহ-অধিনায়ক বাস্তিন সোয়াইনস্টাইগার সব সময় সর্বশেষ খেলোয়াড় হিসেবে মাঠে ঢুকতে পছন্দ করেন। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি সব সময় সবচেয়ে শেষে টিম বাসে উঠি ও স্টেডিয়ামে প্রবেশ করি। এ ব্যাপারটি আমি দীর্ঘদিন ধরেই করে আসছি।’ এর পাশাপাশি সোয়াইনস্টাইগারের ব্যবহূত বুট নিয়েও একটি সংস্কার রয়েছে। তিনি জাতীয় দল কিংবা ক্লাব দল যার হয়েই খেলেন, খেলার সময় তিনি সাদা রঙের বুট পরতে পছন্দ করেন। খেলার সময় নিজ পায়ের দিকে অন্তত কয়েকবার তিনি তাকান। তিনি বলেন, ‘আমি যখন আমার পায়ের দিকে তাকিয়ে সাদা রঙের বুট দেখি, তখন আমার ভালো লাগে।’দলের কোচ জোয়াকিম লো খেলা শুরুর আগে মৌনতা পছন্দ করেন। চুপচাপ তিনি ভাবতে থাকেন খেলোয়াড়দের আর কী কী বুঝিয়ে দেওয়ার বাকি রয়েছে। তিনি বলেন, ‘একটু দূরে দাঁড়িয়ে খেলতে নামার আগে খেলোয়াড়দের প্রস্তুত হওয়া দেখি। খেলোয়াড়েরা প্রস্তুত হচ্ছে দেখে আমার ভালোই লাগে।’