জার্মানদের হার ফরাসিদের কাছে
ফ্রান্সের কোচ হিসেবে যাত্রাটা বেশ ভালোভাবেই শুরু করেছেন লঁরা ব্লাঁ। দায়িত্ব নেওয়ার পর প্রথম দুটা ম্যাচে হারের স্বাদ পেলেও এরপর টানা ১৮টি ম্যাচে হারের মুখ দেখেনি ফ্রান্স। গতকালও জার্মানির বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে নিজেদের ফেবারিট হিসেবেই ঘোষণা করল ‘৯৮-এর বিশ্বকাপ জয়ীরা। একই সঙ্গে ১৯৮৭ সালের পর আর কোনো দিন নিজেদের বিপক্ষে জার্মানিকে জিততে না দেওয়ার অনন্য রেকর্ডটিও অক্ষুণ্ন রাখল তারা।২১ মিনিটেই জার্মানির জালে বল জড়িয়ে দেন অলিভার জিরাউড। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর ফ্রান্সকে ৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি এনে দেন ফ্লোরেন্ত মালুদা। ২-০ গোলে এগিয়ে গিয়ে জয় প্রায় নিশ্চিতই করে ফেলে ফ্রান্স। খেলার একেবারে শেষ মুহূর্তে জার্মানির পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করে ব্যবধান কমান কাকাউ। ম্যাচ শেষে শিষ্যদের পারফরমেন্স নিয়ে নিজের খুশিটা আর গোপন রাখতে পারেননি ফরাসি কোচ লঁরা ব্লাঁ। ‘আমরা জানতাম জার্মানি আক্রমণের দিক থেকে খুবই শক্তিশালী। কিন্তু জানতাম ওদের রক্ষণে কিছু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাকে ব্যবহার করেই আমাদের এই দারুণ জয়। আমি খেলাটা খুবই উপভোগ করেছি। কারণ, খেলাটি হয়েছে আক্রমণাত্মক। তবে শেষ পর্যন্ত আনন্দটা স্থায়ী হয়েছে ম্যাচটা জেতায়।’ রয়টার্স