জার্মানরাও বিস্মিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি অনুযায়ী গত বুধবারই চাকরি শেষ হয়ে গেছে তাঁর। থলে-বোঁচকা গুছিয়ে বাড়ি চলে যেতে পারতেন। অথচ বেতনের পরোয়া না করে দিব্যি কাজ করে যাচ্ছেন তিনি। শুধু কি কাজ করছেন! শেষ হয়ে যাওয়া চাকরির জন্য মাঠে বসে গলা ফাটাচ্ছেন, ম্যাচ শেষে উল্লাস করছেন।করবেন না কেন? শেষ হয়ে যাওয়া এই চাকরিই এখন তাঁকে জীবনের শ্রেষ্ঠতম অর্জনের দিকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশ্বকাপ জয়ের পথেই আরেক ধাপ এগিয়ে গেলেন ‘বেকার’ জোয়াকিম লো।দ্বিতীয় পর্বে ইংল্যান্ডের পর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকেও উড়িয়ে দিল লোর জার্মানি। এরপর তো আর শিরোপার পথে বাধা থাকার কথা না তাদের। আছে। স্পেন আছে, তারপর হয়তো হল্যান্ডও থাকবে।বড় বড় পর্বত টপকে এসেও তাই বল্গাহীন হতে পারছেন না লো, ‘আমার দল অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে, জয়ের জন্য দুর্দান্ত আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। এটা অতি উঁচু মাপের একটা জয় এবং সত্যিকারের এক চ্যাম্পিয়নের মতো পারফরম্যান্স। কিন্তু এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আবেগটা নিয়ন্ত্রণে রাখা।’পাথুরে মুখের লো যতই বলুন, তরুণ জার্মানদের উৎসব কি আর সত্যিই নিয়ন্ত্রণ করা যায়! লো নিজেই গল্প করছেন, ড্রেসিংরুমে উৎসবে ভেসে গেছে তাঁর শিষ্যরা, ‘ছেলেরা মাঠের মতো ড্রেসিংরুমে উৎসব করাতেও দুর্দান্ত পারফরম্যান্স করছে! ড্রেসিংরুমের উদ্যাপনটা আসলেই বিশাল হয়েছে। ওরা তো জানে, এখন ওরা বিশ্বের সেরা চার দলের একটি। তবে এখন থেকেই সেমিফাইনালে মনোযোগ দেওয়াটাও খুব জরুরি।’এ যেন নাছোড়বান্দা ‘অঙ্ক স্যার’! উৎসবের মাঝেও পড়ার কথা মনে করিয়ে দেন যিনি। তবে লোর ভালো ছাত্ররা আপাতত পরীক্ষার কথা ভুলে উৎসবে মেতেছেন। লোর দলের অধিনায়ক ফিলিপ লামের কাছে আর্জেন্টিনার বিপক্ষে এই জয়টা নিজেদের যোগ্যতার একটা প্রমাণ, ‘আজকের (শনিবারের) আগ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপে ফেবারিট ছিল। ওদের ৪-০ গোলে হারানোটা অবিশ্বাস্য ব্যাপার। এখন লোকজন বুঝতে পারছে আমরা প্রতিটা খেলায় কী পরিমাণে পরিশ্রম করছি। এই বোঝাটাই আমাদের প্রাপ্তি। আর সেমিফাইনালে যে দলই উঠুক না কেন, তারা ফাইনালে যাওয়ার, এমনকি ট্রফি হাতে নেওয়ার স্বপ্ন দেখে।’স্বপ্ন দেখাদেখির কথা বাদ। জার্মানির এই দলটার সত্যিকারের ‘নেতা’ বলে কথিত বাস্তিয়ান শোয়েনস্টাইগার বলছেন, তিনি ফাইনাল জিততেই চান, ‘আমি যদি বলি, আমি ফাইনাল জিততে চাই না, সেটাই মিথ্যে কথা হবে। আমরা এ পর্যন্ত দুটি খুবই শক্তিশালী দলকে হারিয়েছি। আমরা স্পেনের সঙ্গে খেললে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দলের মুখোমুখি হব। সে যাই হোক, আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’অবশ্য লাম বা শোয়েনস্টাইগার নন, এই জার্মানির প্রতীকে পরিণত হয়েছেন আসলে ২০ বছর বয়সী টমাস মুলার। এ পর্যন্ত টুর্নামেন্টে চার গোল করে ফেলা মুলার শুধু নিজে উৎসব করছেন না, বলছেন পুরো জার্মানিরই এখন উৎসব করার কথা, ‘আমার ধারণা, পুরো জার্মানি এখন নাচছে। সেটাই করা উচিত। আর্জেন্টিনাকে ৪-০ গোলের হারানোর পর কথা খুঁজে পাওয়াই কঠিন।’অথচ মুলারের এখন অনেক কথা বলার ছিল। বলতে পারতেন ম্যারাডোনাকে দেখিয়ে দেওয়ার কথা। লাম, শোয়েনস্টাইগারও ম্যাচের আগের কথার লড়াইয়ের জের টানতে পারতেন। কিন্তু জয় মানুষকে কথার লড়াইয়ের ওপরই তুলে দেয় মনে হয়! এএফপি, ওয়েবসাইট।