জার্মানি-ইংল্যান্ডের বড় জয়
বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় বড় জয় পেয়েছে জার্মানি ও ইংল্যান্ড। গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত খেলায় জার্মানি ৬-১ গোলে হারায় আয়ারল্যান্ডকে। অপর ম্যাচে সান মারিনোকে ৫-০ গোলে হারায় ইংল্যান্ড।খেলার ফলই বলে দিচ্ছে, জার্মানি ও ইংল্যান্ডকে ন্যূনতম চ্যালেঞ্জও ছুড়ে দিতে পারেনি শক্তির বিচারে স্পষ্টত দুর্বল প্রতিপক্ষরা। বলতে গেলে গত রাতে অসহায় আত্মসমর্পণ করেছে আয়ারল্যান্ড ও সান মারিনো।আয়ারল্যান্ডের বিপক্ষে জার্মানির বড় জয়ের নায়ক মিডফিল্ডার মার্কো গয়েজ ও টনি ক্রুজ। দুজনেই করেন দুটি করে গোল। একটি করে গোল করেন মেসুত ওজিল ও মিরোস্লাভ ক্লোসা। এ ম্যাচে গোলের সূচনা করেছিলেন গয়েজ, খেলার ৩২ মিনিটে। আট মিনিট পর ম্যাচের দ্বিতীয় গোলটিও তাঁর। প্রথমার্ধে গোল বলতে এ দুটিই।দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে জার্মানি। বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি জার্মানদের। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওজিল। এর তিন মিনিট পর গোল ক্লোসার। এবার পাদপ্রদীপের আলোয় আসেন টনি ক্রুস। পর পর দুটি গোল করেন জার্মান এই মিডফিল্ডার। খেলার যোগ করা সময়ে একটি গোল শোধ করেন আইরিশ স্ট্রাইকার অ্যান্ডি কিওগ।ইংল্যান্ডের বড় জয়ের কারিগর ওয়েইন রুনি ও ড্যানি ওয়েলব্যাক। দুজনের অবদান দুটি করে গোল। এ দিন যেন পাল্লা দিয়ে লড়েছেন তাঁরা। ব্যাপারটা কাকতালীয় হলেও রুনি যখনই গোল করেছেন, এর ঠিক দুই মিনিট পরই গোল করেছেন ওয়েলব্যাক!এ ম্যাচে গোলের সূচনা করেছিলেন রুনি, পেনাল্টি থেকে খেলার ৩৫ মিনিটে। এর দুই মিনিট পর গোল করেন ওয়েলব্যাক। খেলার ৭০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটির দেখা পান রুনি। দুই মিনিট পর গোল করেন ওয়েলব্যাকও। ৭৭ মিনিটে খেলার শেষ গোলটি করেন অ্যালেক্স অক্সলেট। সূত্র: গোল ডটকম।