জার্মানি বনাম রোনালদো?

গত বছর বড়দিনের ঠিক আগে, ভক্তদের দারুণ এক উপহার দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জন্মশহর ফুনচলে উদ্বোধন করেছিলেন ‘সিআর-৭ জাদুঘর’। রোনালদোময় এক জাদুঘর, রোনালদো-ভক্তদের কাছে এখন যা প্রায় তীর্থ। রোনালদোর মোমের মূর্তির সঙ্গে ছবি তুলতে পারেন ভক্তরা, দেখতে পারেন প্রিয় তারকার ট্রফি, জার্সি, অনেক অনেক স্মারক। কল্পনার চোখে একটি ট্রফির ছবি সেখানে নিশ্চয়ই দেখেন রোনালদো! কাজটি যদিও কঠিন, কিন্তু অসম্ভব নয়। রোনালদোর ‘দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার’ অভিযান শুরু আজ।
ঠিক বিপরীত মেরুতে জার্মানি। দলে নেই রোনালদো-মেসি মাপের কোনো মহাতারকা, তবে আছে অনেক তারার সমাবেশ। সেরা একাদশ তো বটেই, ডাগ-আউট গরমও করবেন বেশ কজন তারা। আজ সালভাদরের লড়াইকে তাই বলা যায় দুর্দান্ত এক দল আর অসাধারণ এক ফুটবলারের লড়াই।
আসলেই কি তাই?
জার্মানরা কী বলেন শুনুন। লুকাস পোডলস্কি বলছেন, ‘আমরা পুরো পর্তুগাল দলের জন্য প্রস্তুতি নিয়েছি, শুধু একজনের জন্য নয়।’ রোনালদোর রিয়াল মাদ্রিদ সতীর্থ স্যামি খেদিরার ধারণা, ‘গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচটিই শুরুতে। শুধু রোনালদো নয়, বেশ কজন প্রতিভাবান ফুটবলার আছে ওদের।’ আর কোচকে যেমন হতে হয়, জোয়াকিম লো তেমনি সতর্কতায় ছাত্রদের চেয়ে এগিয়ে, ‘ভুলে যাবেন না ফিফা র৵াঙ্কিংয়ে ওরা চার নম্বরে, আমাদের কাছ ঘেঁষেই আছে (জার্মানি ২)। ওরা মোটেও রোনালদোসর্বস্ব দল নয়। খুবই বিপজ্জনক দল।’
জার্মান কোচ-ফুটবলারের কথা শুধু নিজেদের চাঙা রাখার দাওয়াই নয়। জার্মানির মতো তারার সমাবেশ না থাকলেও আছেন ফ্যাবিও কোয়েন্ত্রাও, পেপে, নানি, হোয়াও মুতিনহো, রাউল মেইরেলেসরা। গত ইউরোতে তো মুতিনহো কখনো কখনো ছাপিয়ে গেছেন রোনালদোকেও। রোনালদো সেরা চেহারায় থাকলে আর মুতিনহোরা সংগত করতে পারলে, ফেবারিটদের বড় ভাবনা হয়ে উঠতেই পারে পর্তুগাল! আর মৌসুম শেষে ক্লাব ছেড়ে আসার সময় রোনালদো তো খেদিরাকে বলেই এসেছেন, ‘অনেক জিতেছ তোমরা, এবার আমাদের সময়।’ ওই ‘অনেক জিতেছ’ মানে ২০০৬ বিশ্বকাপ আর গত দুটি ইউরো, তিনবারই দুই দলের লড়াইয়ে জিতেছে জার্মানি।
এমনিতে এবারের বিশ্বকাপে জার্মানির লক্ষ্য একটিই, শিরোপা। গত দু-দুটি বিশ্বকাপে তৃতীয় হয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা । ২০০৬ বিশ্বকাপে তরুণ দলের জন্য তৃতীয় হওয়াটা ছিল অনেক বড় পাওয়া, গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে উড়িয়ে দেওয়ার পর সেমিতে থমকে যাওয়াটা ছিল আবার হতাশার। এবার তাই শেষ হাসি ছাড়া অন্য যেকোনো কিছুই হবে বিষাদময়। গ্রুপের কিঠনতম ম্যাচ দিয়ে শুরু হওয়াটাও খারাপ কিছু নয়। শুরুতেই বড় পরীক্ষায় ভুলত্রুটিগুলোও শুধরে নেওয়ার সুযোগ থাকবে। সমস্যা হলো, চোটজর্জর দলকে নিয়ে গুছিয়ে অনুশীলনই করতে পারেননি লো! দলের ‘ইঞ্জিন’ বলে পরিচিত বাস্তিয়ান শোয়েনস্টাইগারের পুরো সময় খেলা অনিশ্চিত। খেদিরা-লামদেরও টেনেটুনে ফিট বলা যায়। তবে জার্মানদের বিকল্পের অভাব নেই। আর বড় মঞ্চে মাঠে নামলে তারা তো বরাবরই দুর্বার!
মজার ব্যাপার, গত কিছুদিন রোনালদোর চোট নিয়েই চর্চা হয়েছে বেশি। কিন্তু শেষ পর্যন্ত ফিট হতে পেরেছেন ফিফা বর্ষসেরা ফুটবলার, পরশু দলের সঙ্গে পুরো ট্রেনিং করেছেন। রোনালদোর সতীর্থদের প্রতি যত সম্মানই দেখান, পুরো বিশ্ব যেমন জানে, তেমনি লোও জানেন, মূল ব্যবধানটা গড়ে দিতে পারেন আসলে একজনই। জার্মান কোচের রণপরিকল্পনার বড় অংশজুড়েও তাই সেই একজন, ‘রোনালদোর মতো একজনকে পুরোপুরি নিষ্প্রভ করে রাখা মুশকিল। প্রতি মৌসুমে নামতা গুনে গোল করে সে। তবে আমরা ওর অনেক অনেক ভিডিও দেখেছি, বল পায়ে ও বল ছাড়া ওর দৌড়ানোর ধরন, ডিফেন্ডারদের আড়ালে যেভাবে ওত পেতে থাকে, এসব বিশ্লেষণ করেছি। দলীয় প্রচেষ্টাতেই ওকে থামাতে হবে।’
বোঝাই যাচ্ছে, রোনালদোকে বৃত্তবন্দী করে রাখার ছক কাটা আছে । সেই বৃত্ত ভাঙতে পারবেন রোনালদো? এর উত্তরেই আসলে লুকিয়ে ম্যাচের সম্ভাব্য ফল।