জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ডের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত একটা মুহূর্তই বটে। যাঁর রেকর্ড ভেঙে রবিন ফন পার্সি হয়ে গেলেন হল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা, সেই প্যাট্রিক ক্লাইভার্ট ছিলেন ডাগ-আউটে। গোল করেই তাই ফন পার্সি আলিঙ্গনে বাঁধলেন পূর্বসূরিকে। পরশু হাঙ্গেরির বিপক্ষে ষ এএফপি
দুর্দান্ত একটা মুহূর্তই বটে। যাঁর রেকর্ড ভেঙে রবিন ফন পার্সি হয়ে গেলেন হল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা, সেই প্যাট্রিক ক্লাইভার্ট ছিলেন ডাগ-আউটে। গোল করেই তাই ফন পার্সি আলিঙ্গনে বাঁধলেন পূর্বসূরিকে। পরশু হাঙ্গেরির বিপক্ষে ষ এএফপি

ব্রাজিলের বিমান ধরতে এখনই বুকিং দিয়ে রাখতে পারে জার্মানি, বেলজিয়াম ও সুইজারল্যান্ড। পরশু এই তিন দল নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপ। আগেই অবশ্য উঠে গিয়েছিল হল্যান্ড-ইতালি। স্পেন, ইংল্যান্ড, রাশিয়া, বসনিয়াও ব্রাজিলের খুব কাছাকাছি দূরত্বে। ব্রাজিলের টিকিট পেতে তাদের অবশ্য শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
২০০২ সালের পর বিশ্বকাপে খেলার স্বাদ ভুলতেই বসেছে বেলজিয়াম। সোনালি প্রজন্মের হাত ধরে অবশেষে সেই স্বাদ আবার পেতে যাচ্ছে ‘রেড ডেভিলরা’। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ই বেলজিয়ামকে নিয়ে গেছে বিশ্বকাপে। এভারটন স্ট্রাইকার রোমেলু লুকাকু ২ গোল করে যাতে রেখেছেন বড় অবদান।
জার্মানি ও সুইজারল্যান্ডের কাজটা তুলনামূলক সহজই ছিল। আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে ১ পয়েন্ট হলেই চলত জার্মানদের। কিন্তু স্যামি খেদিরা, আন্দ্রে শুরলে ও মেসুত ওজিলের গোলে (৩-০) এসেছে পুরো পয়েন্টই। সর্বশেষ বিশ্বকাপ এবং ইউরোর বাছাই মিলিয়ে ৩১টি ম্যাচে হারেনি জার্মানি। ‘বাছাইপর্বের রাজা জার্মানি’ বললে তাই কেউই আপত্তি তুলবেন না।
ও হ্যাঁ, হল্যান্ডের কথাও ভুলে যাওয়া যাচ্ছে না। সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলার পর ডাচদের পরশুর ম্যাচটা ছিল আনুষ্ঠানিকতা। কিন্তু হল্যান্ড ম্যাচটা ‘সিরিয়াসলি’ নিয়েছিল, গুনে গুনে ৮ গোল দিয়েছে হাঙ্গেরিকে। হ্যাটট্রিক করে দারুণ একটা মাইলফলকও পেরিয়ে গেছেন রবিন ফন পার্সি। ৪১ গোল করে ফন পার্সিই এখন হল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। যাঁকে ছাড়িয়ে গেছেন সেই প্যাট্রিক ক্লাইভার্ট ছিলেন ডাগ-আউটেই। রেকর্ডভাঙা গোলের পর পার্সিকে আলিঙ্গনে বেঁধে স্মরণীয় একটা মুহূর্তও উপহার দিয়েছেন সহকারী ডাচ কোচ।

ডেনমার্কের সঙ্গে ম্যাচটাও ছিল ইতালির জন্য নিয়মরক্ষার। আগেই বিশ্বকাপে চলে যাওয়া ইতালি অবশ্য হারতেই বসেছিল। শেষ মুহূর্তে আলবার্তো অ্যাকুইলানির গোলেই ডেনমার্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আজ্জুরিরা।

বিশ্বকাপ থেকে হাতছোঁয়া দূরত্বে এখন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনও। বেলারুশের বিপক্ষে জয় পেতে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর জাভি ও নেগ্রেদোর গোলে পেয়েছে ২-১ ব্যবধানে জয়। শেষ ম্যাচে নিজেদের মাঠে জর্জিয়াকে হারালেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে স্পেন। সে ক্ষেত্রে ফ্রান্সকে নামতে হবে প্লে-অফ পরীক্ষায়।

সামনের ম্যাচেই বিশ্বকাপে ওঠার সুযোগ ইংল্যান্ডের সামনে। আগের তিন সাক্ষাতে অপরাজেয় মন্টেনেগ্রো পরশু অসহায় আত্মসমর্পণ করেছে ইংল্যান্ডের কাছে। ৪-১ গোলের জয়ে গোল পেয়েছেন রুনি, স্টারিজ ও অভিষিক্ত টাউনসেন্ড। বাকি গোলটি আত্মঘাতী।

তবে স্বপ্নভঙ্গ যদি কারও হয়, সেটি হয়েছে পর্তুগালের। সরাসরি বিশ্বকাপে উঠতে নিজেদের জয় তো বটেই, দরকার ছিল রাশিয়ার হোঁচট খাওয়া। রাশিয়া তো জিতেছেই, পর্তুগালও ১-১ গোলে ড্র করেছে ইসরায়েলের সঙ্গে। ক্রিস্টিয়ানো রোনালদোর আশঙ্কা, লটারি-ভাগ্য না আবার ফ্রান্সকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেয়! এএফপি। 

এক নজরে

ক্রোয়েশিয়া ১      : ২ বেলজিয়াম

ডেনমার্ক ২      : ২ ইতালি

জার্মানি ৩      : ০ আয়ারল্যান্ড

সুইডেন ২ : ১ অস্ট্রিয়া

হল্যান্ড ৮      : ১ হাঙ্গেরি

আলবেনিয়া ১      : ২ সুইজারল্যান্ড

পর্তুগাল ১      : ১ ইসরায়েল

ইংল্যান্ড ৪      : ১ মন্টেনেগ্রো

ইউক্রেন ১ : ০ পোল্যান্ড

স্পেন ২ : ১ বেলারুশ

* প্রথমে স্বাগতিক দল

বিশ্বকাপে যারা

ইউরোপ

হল্যান্ড, ইতালি, জার্মানি,

বেলজিয়াম ও সুইজারল্যান্ড

এশিয়া

জাপান, অস্ট্রেলিয়া,

ইরান ও দক্ষিণ কোরিয়া

দক্ষিণ আমেরিকা

ব্রাজিল (স্বাগতিক), আর্জেন্টিনা ও কলম্বিয়া

কনক্যাকাফ

যুক্তরাষ্ট্র ও কোস্টারিকা