জার্মানিকে বেকেনবাওয়ারের টোটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্তিয়ান শোয়েনস্টাইগার তাহলে ভিন্নপথই নিয়েছেন। আর্জেন্টিনাকে হারানোর আসল কৌশল এটা নয়! জার্মানির কিংবদন্তি বেকেনবাওয়ার বলেছেন এমনটাই।মাঠের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনাকে মানসিকভাবে দুর্বল করে দিতে মনস্তাত্ত্বিক লড়াইয়ে নেমেছিলেন জার্মানির মিডফিল্ডার শোয়েনস্টাইগার। সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণের সমালোচনা করেছেন তিনি। কিন্তু শোয়েনস্টাইগার এটা ঠিক করেননি বলেই মনে করেন বেকেনবাওয়ার, ‘এমন কথা বলা আসলে বুদ্ধিমানের কাজ নয়।’তাহলে বুদ্ধিমানের কাজটা কী? বেকেনবাওয়ার যা বলেছেন, এর মানে দাঁড়ায় এ রকম—মাঠের লড়াই কীভাবে জেতা যায় তা চিন্তা করাটাই আসল কাজ। ২০০৬ বিশ্বকাপেও এই কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-জার্মানি। সেবার টাইব্রেকারে জিতেছিল জার্মানি। গত বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনাকে হারাতে হলে জার্মানিকে কী কী করতে হবে, সেই টোটকাই দিয়েছেন কোচ হিসেবে ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতা বেকেনবাওয়ার, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেসিকে আটকে রাখা। আর এটা কীভাবে রাখতে হবে বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে সেটা দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। ওকে একেবারে আলাদা করে দিয়েছিল বায়ার্ন। ওকে মুক্তভাবে পাস দিতে দেয়নি বা ওর কাছে পাস যেতেও দেয়নি। বাস্তিয়ান শোয়েনস্টাইগার আর সামি খেদিরাকেই এই কাজটা করতে হবে।’জার্মানিকে আর্জেন্টিনার বিপক্ষে জয়ের টোটকা দিয়েছেন। নিজের দেশের জয় কামনা করে তা তো দেবেনই। তবে ফুটবল-সম্রাট পেলে আর্জেন্টিনা কোচ ডিয়েগো ম্যারাডোনার যে সমালোচনা করেছেন, সেটা মেনে নিতে পারছেন না ১৯৭৪ সালে অধিনায়ক হিসেবে জার্মানিকে বিশ্বকাপ জেতানো বেকেনবাওয়ার।ম্যারাডোনার অতীত জীবন তাঁর দলে বাজে প্রভাব ফেলবে, পেলে বলেছিলেন এমনটাই। কিন্তু ম্যারাডোনাকে নিয়ে এমন সমালোচনা করা ঠিক নয় বলে বলেছেন বেকেনবাওয়ার, ‘সবকিছুর পরও তাকে (ম্যারাডোনা) কেউ অবজ্ঞা করতে পারে না। সে অসাধারণ এক খেলোয়াড় ছিল এবং তার মতো কাউকে কেউ ফুটবল-জ্ঞান দিতে পারে না।’বেকেনবাওয়ার মনে করেন ম্যারাডোনার অতীত জীবন দলে বাজে প্রভাব ফেলবে না, ‘আমার তো মনে হয় ম্যারাডোনার জন্য আর্জেন্টিনার খেলোয়াড়েরা আগুনে ঝাঁপ দিতে পারে।’ মানসিক দিক দিয়ে এমন দৃঢ়প্রতিজ্ঞ একটি দলের বিপক্ষেই আজ খেলতে হবে জার্মানিকে। এই বিশ্বকাপে জার্মানির আসল পরীক্ষা তাই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিকেই মনে করেন বেকেনবাওয়ার। তবে শক্ত এই লড়াই শেষে জার্মানির জয় হবে বলেই বিশ্বাস তাঁর, ‘আমি আশা করছি শেষ পর্যন্ত জার্মানিই জিতবে।’ এএফপি, ওয়েবসাইট।