জার্মানিকে ভয় ও শ্রদ্ধা ক্যাসিয়াসের
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে বছর শেষ করছে বিশ্বকাপ জয়ী স্পেন। সুন্দর ফুটবলের অসাধারণ প্রদর্শনী দেখিয়ে দেল বস্কের শিষ্যরা স্প্যানিশ ফুটবলকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। কিন্তু বিশ্বকাপের পর প্রীতি ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ৪-১ গোলে আর পর্তুগালের সঙ্গে ৪-০ গোলে হেরে যাওয়ায় স্পেনের আধিপত্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে অনেকেই। তবে দলের অধিনায়ক ইকার ক্যাসিয়াসের মতে, আর্জেন্টিনা, পর্তুগাল বা ফিফা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা হল্যান্ড নয়; এ মুহূর্তে স্পেনের শীর্ষস্থান ধরে রাখার মিশনে সবচেয়ে বড় বাধা জার্মানি। রয়টার্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যে দলটিকে আমি সবচেয়ে ভয় পাই, যাদের পারফরম্যান্সকে আমি সবচেয়ে শ্রদ্ধা করি, সেই দলটির নাম জার্মানি।’ এর আগের বড় দুটি প্রতিযোগিতায় জার্মানির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছে স্পেনই। ২০০৮ সালে ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। বিশ্বকাপের সেমিফাইনালেও লা রোজারা পেয়েছিল ১-০ গোলের জয়। কিন্তু তার পরও জার্মানিকে নিয়ে ভয় কাটছে না ক্যাসিয়াসের। তিনি বলেছেন, ‘জার্মানি আমাদের ইউরোপীয় ফুটবলের একটা বড় প্রতিদ্বন্দ্বী। তাদের অনেক অসাধারণ, তরুণ ফুটবলার আছে। আমার মনে হয়, কয়েক বছরের মধ্যেই তারা আন্তর্জাতিক ফুটবলে একটা নতুন ধারা যোগ করবে। তখন হয়তো স্পেন আর শীর্ষস্থানে থাকবে না।’স্পেন বিশ্বকাপ জিতলেও জার্মানি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালে যেভাবে ইংল্যান্ড ও আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করেছে, তা দেখেই যথেষ্ট মুগ্ধ হয়েছিলেন ক্যাসিয়াস। বিশ্বকাপে স্পেন তো ছিল তাঁর নিজের দল, কিন্তু জার্মানি যে বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ছিল, তা এক বাক্যেই স্বীকার করেছেন ইকার ক্যাসিয়াস। রয়টার্স।