জার্মানিকে ভয় নেই আগুয়েরোর

স্বপ্ন পূরণ থেকে আর মাত্র ৯০ মিনিট দূরে আর্জেন্টিনা।
৯০ মিনিট কিংবা হতে পারে তার চেয়ে কিছুটা বেশি সময়। ম্যাচ তো বাকি একটাই। রোববারের ফাইনাল। মারাকানায় সেই ম্যাচটা জিতলেই তৃতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফি যাবে আর্জেন্টিনায়। ফুরোবে ২৮ বছরের অপেক্ষা।
প্রতিপক্ষ জার্মানি। সেমিফাইনালে যারা ছিঁড়েফুঁড়ে ফেলেছে ব্রাজিলকে। রীতিমতো ছেলেখেলা করেছে স্বাগতিকদের নিয়ে। এমন প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে কিছুটা কি ভীত ব্রাজিলের প্রতিবেশীরা? উত্তরটা দিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো, ‘বিশ্বকাপে জার্মানি সব সময়ই কঠিন দল। তবে আমরা নিজেদের খেলাটাই খেলব। আর্জেন্টিনা আর্জেন্টিনাই। জার্মানিও আমাদের কিছুটা শ্রদ্ধা করে।’ একই সুর সতীর্থ গঞ্জালো হিগুয়েইনের কণ্ঠেও, ‘কাউকেই ভয়ের কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে শ্রদ্ধা। জার্মানিও আমাদের ফাইনালে দেখে উদ্বিগ্ন।’
বিশ্বকাপে দুই দলের সর্বশেষ দেখার স্মৃতিটা অবশ্য আগুয়েরো-হিগুয়েইনদের কথাগুলোকে ভুল বলে সাক্ষ্য দিচ্ছে। কেপটাউনে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে ৪-০ গোলের জয় পেয়েছিল জার্মানরা। শ্রদ্ধার লেশমাত্র ছিল না ওই ম্যাচে।
অ্যাঙ্গেল ডি মারিয়ার বদলি হিসেবে ওই ম্যাচটায় খেলেছিলেন আগুয়েরো নিজেও। দুঃসহ সেই স্মৃতি হয়তো এখনো দাগ কেটে আছে মনে। তবে ফাইনালের আগে সেই স্মৃতি আতঙ্ক হয়ে উঠতে পারছে না আগুয়েরোর মনে, ‘অনেকেই ভেবেছিল আর্জেন্টিনা ফাইনালে খেলতে পারবে না। কিন্তু আমরা তো ওদের ইতিমধ্যে ভুল প্রমাণ করেছি। আমরা জানতাম আমাদের খেলোয়াড়েরা কেমন। আত্মবিশ্বাস ছিল। জার্মানির বিপক্ষেও সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব।’
নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটায় চোটের কারণে বদলি হয়ে উঠে যেতে হয়েছিল। সুইজারল্যান্ড আর বেলজিয়ামের বিপক্ষে পরের দুটি ম্যাচ খেলতে পারেননি। তবে পরশু হল্যান্ডের বিপক্ষে চোট কাটিয়ে আবারও ফিরেছেন মাঠে। গোল না পেলেও টাইব্রেকারের আর্জেন্টিনার হয়ে ঠিকই সফলভাবে বল পাঠিয়েছেন হল্যান্ডের জালে। প্রত্যাবর্তনটা দারুণ আনন্দময়ই হলো আগুয়েরোর, ‘সত্যি কথা বললে আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমার সামান্য চোট ছিল, তবে সেটা থেকে সেরে উঠতে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সফল হয়েছি। সৌভাগ্যক্রমে এখন আমরা ফাইনালে।’
প্রত্যাবর্তন হয়েছে আরও একজনের। বসনিয়ার সঙ্গে প্রথম ম্যাচের প্রথমার্ধ খেলেছিলেন। এর পর থেকে পরশুর আগ পর্যন্ত ম্যাক্সি রদ্রিগেজকে আর মাঠেই নামাননি কোচ আলেসান্দ্রো সাবেলা। তবে সেমিফাইনালে ডি মারিয়ার অনুপস্থিতি এবং খেলা অতিরিক্ত সময়ে গড়ানোয় আরও একবার সুযোগ পেলেন ৩৩ বছর বয়সী নিউয়েলস ওল্ড বয়েজ উইঙ্গার। টাইব্রেকারে আর্জেন্টিনার হয়ে চতুর্থ শটটা নিয়েছেন তিনি এবং তাঁর গোলেই নিশ্চিত হলো আর্জেন্টিনার ফাইনাল। দেশের এই গৌরবময় ইতিহাসের অংশ হতে পেরে স্বভাবতই আপ্লুত রদ্রিগেজ, ‘এ জয় আমাদের পরিবার-বন্ধু সমর্থকদের জন্য, যারা ছোটবেলা থেকে এই স্বপ্ন দেখে আসছিলেন।’ রয়টার্স, স্কাই স্পোর্টস, ইএসপিএন।