ম্যাচের ৩৬ মিনিটের মধ্যেই ছয়টি হলুদ আর একটি লাল কার্ড দেখিয়ে ফেললেন রেফারি। ততক্ষণে জার্মানি-সার্বিয়া ম্যাচটা ‘কার্ডময়’ ম্যাচ হয়ে উঠেছে। কিন্তু এরপর যা ঘটল, ‘কার্ডময়’ ম্যাচকে পেছনে ফেলে এটি শেষ পর্যন্ত হয়ে গেল অঘটনের ম্যাচ!৩৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন মিরোস্লাভ ক্লোসা। দুটি হলুদ কার্ড মানে লাল কার্ড। দলের মূল স্ট্রাইকারকে হারিয়ে জার্মানি তখন ভাবতে শুরু করেছে, ম্যাচটা কীভাবে পার করা যায়। কিন্তু মিনিট দুয়েক পরই ১০ জনের দলের ওপর বজ্রাঘাত। জার্মানির জালে বল। গোল!‘হারের আগে হেরো না’—এই উজ্জীবনী রক্ত যাদের শরীরে, সেই জার্মানি একজন খেলোয়াড় কম আর এক গোলে পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে গেল। গোল পরিশোধের সুবর্ণ সুযোগ হয়ে পেনাল্টি পেল ৫৯ মিনিটে (বক্সে ভাসা ক্রস হাত দিয়ে থামাতে যান সেরডার তাসকি)। সেই পেনাল্টি শট নিলেন পোডলস্কি, যিনি দুই মিনিট আগেই দুটি সহজ সুযোগ নষ্ট করেছেন। তাঁর শট সামান্য বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিয়ে ম্যাচের অন্যতম নায়ক সার্বিয়ান গোলরক্ষক ভ্লাদিমির স্টকভিচ। একজন দেখলেন লাল কার্ড, আরেকজন পেনাল্টি নষ্ট করে দলকে অন্তত ড্রটা-ও এনে দিতে পারলেন না। বাজে মৌসুম কাটালেও কোচের আস্থা এবং আশীর্বাদ পেয়ে বিশ্বকাপে এসেছেন দুজনই। প্রথম ম্যাচেই দুজন একটি করে গোলও করেছেন। আর পরের ম্যাচে নায়ক থেকে খলনায়ক ক্লোসা-পোডলস্কি!যাঁর একমাত্র গোল ধরে রেখে নিজেদের ফুটবল ইতিহাসে স্মরণীয় এক জয় নিয়ে কাল পোর্ট এলিজাবেখে নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়াম ছাড়ল সার্বিয়া, সেই স্টানকোচভিচ তো গোল করেই ছুটলেন গ্যালারিতে। সমর্থকেরা পারলে তখনই তাঁকে কাঁধে তুলে নাচে।নিজেদের সীমানা থেকে পাওয়া বল ধরে ডান প্রান্ত দিয়ে মিলস ক্রাসিচের ক্রস। নিকোলা জিগিচের হেড মিলান জোভোনোভিচ বুক দিয়ে একটু নামিয়ে বল ঠেলে দেন জালে—জার্মানি-বধের এই ছবিটা অনেক দিন মনে রাখবে সার্বিয়ানরা।আর জার্মানি? ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্বে হেরে খানিক কঠিন করে তুলল নিজেদের বিশ্বকাপ-যাত্রা। অস্ট্রেলিয়াকে চার গোলে উড়িয়ে ‘তারকাহীন তরুণ দল কিছুই করতে পারবে না’ সমালোচনার জবাব দিতে না-দিতেই আকাশ থেকে মাটিতে নেমে এল জোয়াকিম লোর দল।অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর সবাই যখন জার্মানির বন্দনায় মেতেছিল, দলের ম্যানেজার সাবেক স্ট্রাইকার অলিভার বিয়েরহফের মুখে ছিল সতর্কবাণী, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের খেলোয়াড়দের গা-ছাড়া মনোভাব ছিল। অনেক সুযোগ কাজে লাগানো যায়নি। সুযোগ কাজে লাগাতে হবে এবং ঢিলেঢালা মনোভাবটা বদলানো চাই।’বিয়েরহফ দেখলেন, ১০ জনের দল নিয়েও মাঠে জার্মানিরা সুযোগ কিন্তু ঠিকই তৈরি করেছে। কিন্তু একা পোডলস্কি যা করলেন তার কি কোনো ব্যাখ্যা হয়? ভাগ্য ভালো, এক গোলের বেশি হজম করতে হয়নি জার্মানিকে। নড়বড় জার্মানির রক্ষণদেয়ালের ফাঁক গলে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছেও ব্যবধান বাড়াতে পারেনি সার্বিয়া।অপ্রত্যাশিত এই হারের পরও শেষ ষোলোতে যাওয়ার দরজাটা খোলাই আছে জার্মানির সামনে। শেষ ম্যাচে ঘানাকে হারালে তাদের পয়েন্ট হবে ৬। গোল গড় ভালো থাকলে এই ৬ পয়েন্ট নিয়েও জার্মানি উঠবে শেষ ষোলোতে। তবে অঙ্ক যে ওলটপালট হবে না—এই নিশ্চয়তা কিন্তু নেই!