
দুই মিনিট। মাত্র দুই মিনিট লাগল মিরোস্লাভ ক্লোসার রোনালদোর বিশ্বকাপ রেকর্ড ছঁুতে। ৬৯ মিনিটে মারিও গোটশের বদলি হিসেবে মাঠে নেমে ক্লোসা বলে প্রথম পা ছোঁয়ালেন ৭১ মিনিটে। আর ওই ছোঁয়াতেই গোল। বিশ্বকাপে ক্লোসার ১৫তম গোলেই হার বাঁচিয়েছে পিছিয়ে থাকা জার্মানি। ফোর্তালেজায় কাল জার্মানি-ঘানার শ্বাসরুদ্ধকর ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।
ক্লোসার রেকর্ড-ছোঁয়া গোলের আগে নয় মিনিটের এক ঝড়ে জার্মানিকে কাঁপিয়ে দিয়েছিল আফ্রিকান ব্লাক স্টাররা। গোলশূন্য প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ শুরু হলো গোল উৎসব দিয়েই। ৫১ মিনিটে গোটশের গোলে প্রথমে এগিয়ে যায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরাই। এর পরই ঘানা-ঝড়। ৫৪ মিনিটে আবেদি পেলে তনয় আন্দ্রে আইয়ুর দারুণ এক হেডে সমতা। নয় মিনিট পর সুলে মুন্তারির পাস থেকে বল পেয়ে ডান প্রান্ত থেকে অধিনায়ক আসামোয়াহ জিয়ানের গোলে এগিয়ে যায় ঘানা। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচের গেরোটা এবারও খুলতে পারল না জার্মানি।