জার্মানিকে সরিয়ে গ্রুপের শীর্ষে ঘানা
বিশ্বকাপে ‘ই’ গ্রুপের খেলায় অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে জার্মানিকে টপকে শীর্ষে চলে গেছে ঘানা। দুই খেলায় দলটির সংগ্রহ ৪ পয়েন্ট। সমানসংখ্যক খেলায় জার্মানির সংগ্রহ ৩ পয়েন্ট। গতকাল জার্মানি ১-০ গোলে সার্বিয়ার কাছে হেরে যায়। সার্বিয়ার পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। সব মিলিয়ে এই গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান নিয়ে খেলা বেশ জমেই উঠেছে।ঘানার বিপক্ষে প্রথম থেকেই গুছিয়ে খেলার চেষ্টা করতে থাকে অস্ট্রেলিয়া। ১১ মিনিটেই গোল করে এগিয়ে যায় ‘সকারু’রা। একটি ফ্রি কিক থেকে ঘানার গোলরক্ষক কিংসন বল ঠিকমতো গ্রিপে নিতে ব্যর্থ হলে ব্রেট হলম্যান গোল করে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন।২৪ মিনিটের সময় ঘানার একটি পরিকল্পিত আক্রমণ থেকে গোলমুখ থেকে বল ঠেকাতে গিয়ে হাতে বল লাগলে লালকার্ড দেখেন অস্ট্রেলিয়ার কিউয়েল।শেষ পর্যন্ত পেনাল্টি থেকে গোল করে খেলায় ফিরে আসে ঘানা। গোল করেন আসামোহ গায়ান। এর পরই জমে ওঠে খেলাটি। খেলার ৭২ মিনিটের সময় জোস কেনেডি ঘানার গোলরক্ষক রিচার্ড কিংসনকে একা পেয়েও অস্ট্রেলিয়াকে এগিয়ে নিতে পারেননি। তবে পুরো খেলায় অস্ট্রেলিয়া ১০ জনের দল নিয়েও যে দৃঢ়তা প্রদর্শন করে ঘানাকে রুখে দিয়েছে, তাতে প্রশংসা পেতেই পারে তারা।