জার্মানিজুড়ে ফুটবল-জ্বর
জার্মানরা এমনিতেই ফুটবল-পাগল, তার ওপর ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি দুই জার্মান ক্লাব। ফুটবল-জ্বরে কাঁপছে গোটা জার্মানি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আজকের ফাইনালটা নিয়ে জার্মান ফুটবল-ভক্তরা সপ্তাহ খানেক আগে থেকেই প্রবল উত্তেজনা নিয়ে যেন ক্ষণগণনা করে চলেছেন। ইউরোপ-শ্রেষ্ঠত্বের মালা কে পরবে, বায়ার্ন মিউনিখ, না বরুসিয়া ডর্টমুন্ড?
উত্তেজনার শুরুটা আসলে আরও আগে। নির্দিষ্ট করে বললে দুই জার্মান দল বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড সেমিফাইনালের প্রথম লেগে স্পেনের দুই দৈত্য এফসি বার্সেলোনা ও এফসি রিয়াল মাদ্রিদকে বিরাট ব্যবধানে হারানোর পর থেকেই। দুই লেগের সেমিফাইনাল জিতে যখন দল দুটি ফাইনালের মঞ্চে দাঁড়াল, এখানকার সংবাদমাধ্যমে লেখা হলো, স্পেন-বধের মধ্য দিয়ে ইউরোপিয়ান ফুটবলে আবার শুরু হলো জার্মান আধিপত্য।
জার্মানির ১৬টি রাজ্যের ১৮টি দল খেলে বুন্দেসলিগা বা প্রথম বিভাগে। এদের মধ্যে সবচেয়ে বিত্তশালী এবং এবার নিয়ে রেকর্ড ২২ বার শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখের সমর্থক রয়েছে জার্মানিজুড়েই, তবে নিজেদের বাভারিয়া রাজ্যেই স্বভাবত পাল্লাটা তাদের ভারী। তবে নিজেদের রাজ্যের বাইরেও বরুসিয়া ডর্টমুন্ডের সমর্থক অনেক। জার্মানির একসময়কার খনিজ কয়লাসমৃদ্ধ রুর এলাকার শ্রমিক শ্রেণী ও সাধারণ কর্মজীবী-সমর্থিত পাঁচবার লিগজয়ী এ দলটি ব্যাপক জনপ্রিয়তা রয়েছে জার্মানিজুড়েই। শতবর্ষী এই দুই ফুটবল দলকে ঘিরে নিজেদের সমর্থক তো আছেই, এর বাইরে সাধারণ জার্মান ফুটবলাপ্রেমীরাও দারুণ উত্তেজনায় সময় কাটাচ্ছেন আজকের ফাইনাল দেখার জন্য। জার্মানিতে কান পাতলেই যেন ফুটবলের বাঁশি শোনা যাচ্ছে।
বনেদি পত্রিকা দি জাইট একটি জরিপে দেখিয়েছে, জার্মান ফুটবল সমর্থকদের ৫১ শতাংশের সহানুভূতি রয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের প্রতি আর ২৬ শতাংশের বায়ার্ন মিউনিখের প্রতি। তবে ফাইনালে বায়ার্নকে আবার বিজয়ী ধরেছে ৪৫ শতাংশ, ডর্টমুন্ডের সম্ভাবনা দেখছে ২৫ শতাংশ।
আবহাওয়া বলছে না আজকের দিনটা তেমন রৌদ্রোজ্জ্বল যাবে। তবে খুব ঠান্ডা না থাকার কারণে আর সাপ্তাহিক ছুটির দিন থাকায় জার্মানিজুড়ে বসবে লম্বা একটা ফুটবল-সন্ধ্যা। বড় শহরগুলোয় অনেক জায়গাজুড়েই বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আর খোদ ফাইনালিস্টদের শহর মিউনিখ, ডর্টমুন্ড এবং রাজধানী বার্লিনে থাকছে বিশাল আয়োজন। বার্লিন গেট-সংলগ্ন এলাকায় লাখো ফুটবলপ্রেমীর জন্য থাকবে পাঁচটি ঢাউস টিভি পর্দা, মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা-সংলগ্ন স্টেডিয়ামে ৪৫ হাজার বায়ার্ন-ভক্তের জন্য থাকবে বড় পর্দা, আর ডর্টমুন্ড ফ্রিডেন স্কয়ার, হ্যানতস স্কয়ার, রাইনল্ড চার্চ ও ভেস্টফ্যালিয়া হলে থাকবে লক্ষাধিক লোকের খেলা দেখার ব্যবস্থা আর বাড়তি বিনোদন হিসেবে থাকবে খেলার আগে ও বিরতির সময় ওপেন মিউজিক কনসার্ট।
ঐতিহ্য অনুযায়ী এমন বড় আয়োজনের দিন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রানি দ্বিতীয় এলিজাবেথের উপস্থিতি কাম্য থাকে সবার। কিন্তু ফাইনালের চার দিন আগেই তিনি জানিয়ে দিয়েছেন, উপস্থিত থাকতে পারবেন না।