জার্মানিজুড়ে জয়ের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি–শার্টে জার্মানির বিশ্বকাপ জয়ের বছর। গত পরশু বার্লিনে এক জার্মান সমর্থকের হাতে l এএফপি
টি–শার্টে জার্মানির বিশ্বকাপ জয়ের বছর। গত পরশু বার্লিনে এক জার্মান সমর্থকের হাতে l এএফপি

সকাল থেকে সবাই অধীর অপেক্ষায় বিশ্বকাপ ফাইনালের মাহেন্দ্রক্ষণের। গত ২৪ বছর প্রত্যাশার একদম কাছে গিয়েও বিশ্বকাপ ট্রফি তুলে ধরার বাসনা পূর্ণ হয়নি জার্মানির।
আটলান্টিকের ওপারে সুদূর রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে গত রোববার জার্মান ফুটবল-ঈশ্বর সহায় হবেন কি না, তা নিয়ে দোলাচলে থাকা জার্মানদের অনেকেই চার্চে গিয়ে প্রার্থনা করেছে।
জার্মান কোচ জোয়াকিম লোর ব্ল্যাক ফরেস্ট অঞ্চলের ছোট শহর শোনাউয়ের বাসিন্দারা শহরময় জার্মান দলকে শুভকামনা জানিয়ে ব্যানার টানিয়েছে। জার্মান ফুটবল ফেডারেশন আগেই ঘোষণা দিয়েছে, চ্যাম্পিয়ন হলে জার্মান খেলোয়াড়দের ৩০০ হাজার ইউরো বোনাস দেওয়া হবে। এর আগে সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে জিতে তাঁরা ১৫০ হাজার ইউরো করে পেয়েছিলেন। বিশ্ব চ্যাম্পিয়ন হলে জার্মানদের জন্য এমন পুরস্কার অবশ্য সব সময়ই থাকে। ১৯৫৪ সালে হাঙ্গেরিকে হারিয়ে জার্মানির প্রথম বিশ্বকাপ জয়ের পুরস্কার হিসেবে খেলোয়াড়েরা পেয়েছিলেন একটি করে টেলিভিশন।
গত পরশু বার্লিনের প্রধান সমর্থক চত্বর বার্লিন গেট এলাকায় এক কিলোমিটারে বেশি রাস্তাজুড়ে ১১টি ঢাউস টেলিভিশন পর্দায় দুই লাখেরও বেশি মানুষ ফাইনাল খেলা দেখেছে। দুপুর থেকেই মানুষ জড়ো হতে থাকে সেখানে। সন্ধ্যা নাগাদ পাঁচ লাখ মানুষ জমায়েত হওয়ার পর সমর্থক চত্বর বন্ধ করে দেওয়া হয়।
খেলা শুরুর দুই ঘন্টা আগেই লোকে লোকারণ্য, তিল ধারণের জায়গা নেই। রাতের নিস্তব্ধতা ভেঙে গেল ১১টা ১৫ মিনিটে, বদলি খেলোয়াড় মারিও গোটশের দারুণ সেই গোলের পর। পুরো জার্মানি যেন একসঙ্গে কেঁপে উঠল। ফাউস্ট সাংস্কৃতিক কেন্দ্রের কয়েক হাজার মানুষ উল্লাসে ফেটে পড়ে, একে অন্যকে জড়িয়ে ধরে। কেউ বেঞ্চের ওপরে উঠে নাচছে, কেউ অবিরাম বাঁশি বাজাচ্ছে। এ এক অভূতপূর্ব দৃশ্য! ১৯৯০ সালের পর বারবার প্রত্যাশিত শিরোপার অনেক কাছে এসেও ফিরে যাওয়া জার্মানি ফুটবল যেন ২৪ বছরের আক্ষেপ ঘুচাল।
ডর্টমুন্ড শহরের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান মাত্র ২২ বছর বয়সের মারিও গোটশের গোল জার্মান ফুটবলে নতুন ইতিহাস রচিত করল।