জার্মানিতে অনন্য রাত

জার্মানিজুড়ে গতকাল রোববার সকাল থেকেই ছিল অন্য রকম আমেজ। সবার মধ্যে একটা অন্য রকম উত্তেজনা। কী ঘটতে যাচ্ছে আজ সন্ধ্যায়? ইউরোপের শক্তিধর ফুটবল শক্তি সাবেক চ্যাম্পিয়ন স্পেন, ইতালি, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, হল্যান্ড বা স্বাগতিক ব্রাজিল যেভাবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে, তাতে জার্মানির কপালেই বা কী লেখা আছে!
স্থানীয় সময় রাত নয়টা বাজার আগে থেকেই গোটা জার্মানি থমকে ছিল। বড় পর্দায় খেলা দেখতে রাস্তার ধার, পাবলিক ভিউ চত্বর—শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ভিড়ে ঠাসা ছিল। খেলা শুরুর ঘণ্টা খানেক আগে থেকে ছিল এমন অবস্থা।
১৯৯০ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আবার সেই সুবর্ণ সুযোগ। ২৪ বছর অনেকটা সময়, গত তিনবারের বিশ্বকাপে শেষ চারে গেলেও বিশ্বকাপের শেষ বাঁশিটা অধরাই রয়ে গিয়েছিল।
জার্মানিতে ঋতুর খাতায় গ্রীষ্মকাল। তবু আকাশে ছিল মেঘ, বৃষ্টি। আবহাওয়ায় ঠান্ডার আমেজ। এসবের মধ্যেই হ্যানোভারের ফাউস্ট সাংস্কৃতিক কেন্দ্রের খোলা সমর্থন চত্বরে হাজির হয়েছি। খেলা শুরুর দুই ঘণ্টা আগে থেকেই এই এলাকা লোকে লোকারণ্য, তিল ধারণের জায়গা নেই। রাতের নিস্তব্ধতা ভেঙে রাত সোয়া ১১টার দিকে অতিরিক্ত সময়ের দ্বিতীয় পর্বের খেলা শুরু হলো। বদলি খেলোয়াড় মারিও গোটশে বুক থেকে বল নামিয়ে অসাধারণ গোল করার সঙ্গে সঙ্গে পুরো জার্মানি যেন কাঁপছে।
ফাউস্ট সাংস্কৃতিক কেন্দ্রের কয়েক হাজার মানুষ সবাই সবাইকে জড়িয়ে ধরে, উল্লাসে ফেটে পড়ছে। চিত্কার, বাঁশি আর ভুভুজেলার আওয়াজে কান পাতা দায়। তুমুল উল্লাসে হঠাত্ করেই সবাই কেমন যেন আত্মহারা হয়ে অন্য রকম আচরণ করছে। কেউ বেঞ্চের ওপরে উঠে নাচছে। কেউ অবিরাম বাঁশি বাজাচ্ছে। এ এক অভূতপূর্ব দৃশ্য। অনন্য রাত। ১৯৯০ সালের পর প্রত্যাশিত শিরোপার অনেক কাছে এসেও ফিরে যাওয়া জার্মানি ফুটবল আজ ২৪ বছরের আক্ষেপ মুছে ফেলল। ডর্টমুন্ড শহরের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সন্তান ২২ বছরের মারিও গোটশের গোল জার্মান ফুটবলে নতুন ইতিহাস রচনা করল।
হ্যানোভার শহরের কেন্দ্র থেকে বড় পর্দায় খেলা দেখে ঘরে ফিরছি। গভীর রাতে রাস্তা বন্ধ করে রাস্তাজুড়ে নাচছে অসংখ্য মানুষ। দুই পাশ দিয়ে অসংখ্য গাড়ি কালো, লাল, সোনালি পতাকা দুলিয়ে আর ভেঁপু বাজিয়ে ছুটছে। জার্মানিজুড়ে আজ কেবল আনন্দ আর আনন্দ।